সুস্থভাবে রোজা রাখতে রমজানের প্রস্তুতি শুরু করুন এখনই

রমজান খুব কাছেই। এই পবিত্র মাস ঘিরে আমরা সাধারণত খাবারের পরিকল্পনা ও ইবাদতের প্রস্তুতিতে বেশি মনোযোগ দিই। কিন্তু শরীরকে আগে থেকে প্রস্তুত না করলে রোজার সময় ক্লান্তি, মাথাব্যথা, হজমের সমস্যা ও অস্বস্তি দেখা দিতে পারে।
বিশেষজ্ঞরা বলেন, রোজা শুরুর আগে খাবারের সময়সূচি, পানি পান, ঘুম ও ব্যায়ামে ধীরে ধীরে পরিবর্তন আনলে রমজান অনেকটাই সহজ হয়ে যায়। প্রথমবার রোজা রাখুন বা বহু বছর ধরে রাখুন, এখন থেকেই কিছু অভ্যাস গড়ে তুললে রোজার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।
নিচে রমজানের আগে শরীরকে প্রস্তুত করার জন্য ১০টি সহজ স্বাস্থ্য পরামর্শ তুলে ধরা হলো।
ধীরে ধীরে খাবারের সময় বদলান: এখন থেকেই রাতে একটু আগে এবং ভোরে একটু দেরিতে খাবার খাওয়ার অভ্যাস করুন। এতে রোজার প্রথম দিন শরীর হঠাৎ পরিবর্তনে চাপ অনুভব করবে না।
ক্যাফেইন কমান: চা, কফি ও এনার্জি ড্রিংক একেবারে হঠাৎ বন্ধ না করে ধীরে ধীরে কমান। এতে রোজার সময় মাথাব্যথা ও অতিরিক্ত ক্লান্তি কম হবে।
নিয়ম করে পানি পান করুন: প্রতিদিন পর্যাপ্ত পানি পানের অভ্যাস গড়ে তুলুন। একবারে বেশি পানি না খেয়ে সারাদিনে ভাগ করে পান করাই ভালো।
খাবারে ভারসাম্য রাখুন: প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও জটিল শর্করা রাখুন। যেমন ডিম, ডাল, ওটস, লাল চাল। এগুলো পেট ভরা রাখে এবং শক্তি দেয়।
আরও পড়ুন: এই রমজানে সতেজ থাকবেন যেভাবে
চিনি ও ভাজাপোড়া কমান: অতিরিক্ত মিষ্টি ও অস্বাস্থ্যকর খাবার দ্রুত শক্তি বাড়ালেও দ্রুতই ক্লান্তি এনে দেয়। রোজার আগে এসব খাবার কমানো জরুরি।
আঁশযুক্ত খাবার বাড়ান: শাকসবজি, ফল ও পূর্ণ শস্য খাবারে রাখুন। এতে রোজার সময় গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার সমস্যা কম হয়।
ঘুমের রুটিন ঠিক করুন: এখন থেকেই একটু আগে ঘুমানো ও ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। রমজানে ঘুমের ব্যাঘাত বেশি হলে সমস্যা আরও বাড়ে।
ব্যায়ামের চাপ কমান: ভারী ব্যায়ামের বদলে হালকা বা মাঝারি ব্যায়াম করুন। এতে শরীর কম শক্তিতে কাজ করতে অভ্যস্ত হয়।
মনোযোগ দিয়ে ধীরে খান: খাওয়ার সময় তাড়াহুড়া না করে ধীরে খান এবং প্রয়োজনের বেশি না খান। এতে সাহরি ও ইফতারের পর হজম ভালো থাকে।
শরীরের কথা শুনুন: কোনো দীর্ঘমেয়াদি অসুস্থতা থাকলে বা শরীর খারাপ লাগলে রোজা শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নিন। সবার জন্য প্রস্তুতির নিয়ম এক নয়।
রমজান শুধু আত্মিক শুদ্ধতার মাস নয়, এটি শরীরের জন্যও একটি বড় পরিবর্তনের সময়। আগে থেকেই সঠিক প্রস্তুতি নিলে রোজা রাখা সহজ হয়, শরীর ভালো থাকে এবং ইবাদতে মনোযোগ বাড়ে। ছোট ছোট অভ্যাস বদলেই রমজানকে সুস্থ ও স্বস্তির করে তোলা সম্ভব।
সূত্র: গালফ নিউজ