logo

ইউরোপের যেসব দেশে থাকার জন্য টাকা পাবেন

ইউরোপের যেসব দেশে থাকার জন্য টাকা পাবেন

ইউরোপে বসবাস করার স্বপ্ন অনেকেরই আছে। অবাক করার মতো হলেও সত্য, ইউরোপের কিছু দেশে নির্দিষ্ট শর্ত পূরণ করলে নতুন বাসিন্দাদের আর্থিক সুবিধা দেওয়া হয়। অনেক ক্ষেত্রে নগদ সহায়তা, কর ছাড়, খুব কম দামে বাড়ি বা পুরোনো বাড়ি সংস্কারের জন্য অনুদান দেওয়া হয়।

মাঝেমধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন শিরোনাম দেখা যায় যে ইউরোপ নাকি মানুষকে সেখানে বসবাস করার জন্য টাকা দিচ্ছে। বাস্তবে বিষয়টি কিছুটা ভিন্ন। বেশির ভাগ ক্ষেত্রে পুরো দেশ নয়, বরং কোনো ছোট শহর বা অঞ্চল জনসংখ্যা বাড়ানোর জন্য এসব প্রণোদনা দেয়।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব আর্থিক সুবিধা পাওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ওই দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া নয়। কারণ, অভিবাসন নীতি সাধারণত জাতীয় সরকার নিয়ন্ত্রণ করে। ফলে কোনো প্রকল্পের মাধ্যমে বাড়ি বা অনুদান পেলেও বসবাসের জন্য আলাদা করে ভিসা বা রেসিডেন্সি অনুমতি লাগতে পারে।

তারপরও ইউরোপের কিছু দেশে এখনো এমন সুযোগ রয়েছে, যেখানে নির্দিষ্ট শর্ত পূরণ করলে আর্থিক সুবিধা পাওয়া সম্ভব।

নিচে এমন পাঁচটি দেশের তথ্য তুলে ধরা হলো।

ইতালি

ইতালির কিছু ছোট শহরে এক ইউরো মূল্যের বাড়ি বিক্রির প্রকল্প আন্তর্জাতিকভাবে বেশ আলোচিত। এই প্রকল্পে পুরোনো বাড়ি খুব কম দামে কেনা যায়, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি সংস্কার করার শর্ত থাকে। অনেক সময় এ জন্য আগাম ডিপোজিটও দিতে হয় এবং প্রকৌশলীর অনুমোদনের মতো অতিরিক্ত কিছু খরচ থাকে।

কিছু শহর নতুন বাসিন্দাদের জন্য বাড়িভাড়া বা জ্বালানি খরচেও ভর্তুকি দেয়। ইতালির কিছু অঞ্চলে আবার নতুন বাসিন্দাদের আকর্ষণ করতে বড় অঙ্কের অনুদান দেওয়া হয়। যেমন ট্রেন্টিনো অঞ্চলে বাড়ি কেনা ও সংস্কারের জন্য সর্বোচ্চ এক লাখ ইউরো পর্যন্ত অনুদান দেওয়া হতে পারে।

রাদিকন্দোলি নামের একটি ছোট শহরে নতুন বাসিন্দাদের জন্য অনুদান রয়েছে। তবে সেখানে অন্তত দশ বছর বসবাস করার শর্ত রয়েছে।

এ ছাড়া ইতালির দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় নতুন বাসিন্দাদের জন্য দশ বছরের জন্য সাত শতাংশ ফ্ল্যাট ট্যাক্স সুবিধা দেওয়া হয়। যেখানে সাধারণ করহার ৪০ শতাংশের বেশি হতে পারে, সেখানে এটি বড় ধরনের প্রণোদনা।

স্পেন

স্পেনের কিছু গ্রামীণ এলাকায় নতুন মানুষ আকর্ষণ করতে নগদ অনুদান, সস্তা জমি বা অন্যান্য সুবিধা দেওয়া হয়। তবে সাধারণত সেখানে স্থানীয় বাসিন্দা হিসেবে নিবন্ধিত হতে হয় এবং নির্দিষ্ট সময়ের জন্য ওই বাড়িকে প্রধান বাসস্থান হিসেবে ব্যবহার করার প্রতিশ্রুতি দিতে হয়।

অ্যাস্টুরিয়াস অঞ্চলের পঙ্গা নামের একটি এলাকায় নতুন বাসিন্দাদের প্রায় তিন হাজার ইউরো পর্যন্ত সহায়তা দেওয়া হয়। অন্যদিকে এক্সত্রেমাদুরা অঞ্চলে স্থানান্তরিত ডিজিটাল নোম্যাডদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ইউরো পর্যন্ত সহায়তা দেওয়ার উদ্যোগ রয়েছে।

স্পেনে বিদেশিদের জন্য আরেকটি বড় সুবিধা হলো বিশেষ কর ব্যবস্থা, যেটি অনেকে বেকহ্যাম আইন নামে চেনেন। এই ব্যবস্থায় নির্দিষ্ট সময়ের জন্য কিছু আয়ের ওপর কম কর দিতে হয়।

আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডে বর্তমানে আবাসন সংকট রয়েছে। তবে দেশটির সরকার পরিত্যক্ত বা অচল বাড়ি সংস্কার করে বসবাসযোগ্য করার জন্য অনুদান দিচ্ছে।

এই প্রকল্পের আওতায় কেউ যদি পুরোনো বাড়ি কিনে সেটি সংস্কার করে বসবাসযোগ্য করে তোলেন, তাহলে সর্বোচ্চ ৭০ হাজার ইউরো পর্যন্ত অনুদান পাওয়া যেতে পারে। দেশের কিছু দূরবর্তী দ্বীপে এই অনুদান ৮৪ হাজার ইউরো পর্যন্ত হতে পারে।

তবে এই অর্থ সরাসরি ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। বাড়ি সংস্কারের কাজে ব্যয় করতেই হবে এবং বাড়িটি নিজের নামে থাকতে হবে।

গ্রিস

bigStoryContent

গ্রিসের কিছু ছোট দ্বীপে জনসংখ্যা বাড়ানোর জন্য নতুন বাসিন্দাদের আকর্ষণ করতে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

অ্যান্টিকাইথেরা নামের একটি ছোট দ্বীপে নতুন বাসিন্দাদের বাড়ি, জমি এবং পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে ৫০০ ইউরো ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া গ্রিসে জনসংখ্যা কমে যাওয়া কিছু অঞ্চলে স্থানান্তর করতে আগ্রহীদের জন্য সর্বোচ্চ ১০ হাজার ইউরো পর্যন্ত সহায়তা দেওয়ার একটি জাতীয় কর্মসূচিও রয়েছে। অনেক সময় শিক্ষক, চিকিৎসক বা নার্সের মতো গুরুত্বপূর্ণ পেশার মানুষদের ভাড়া ফেরত দেওয়ার মাধ্যমেও এই সুবিধা দেওয়া হয়।

এ ছাড়া গ্রিসে নতুন বাসিন্দাদের জন্য ১৫ বছর পর্যন্ত সাত শতাংশ ফ্ল্যাট ট্যাক্স সুবিধাও রয়েছে।

পর্তুগাল

পর্তুগাল দীর্ঘদিন ধরেই বিদেশিদের জন্য তুলনামূলকভাবে উন্মুক্ত দেশ হিসেবে পরিচিত, বিশেষ করে যারা গ্রামীণ বা কম জনবসতিপূর্ণ এলাকায় বসবাস করতে চান।

দেশটির এমপ্রেগো ইন্টেরিয়র মাইস কর্মসূচির আওতায় গ্রামীণ এলাকায় স্থানান্তর করলে এককালীন সর্বোচ্চ ছয় হাজার ইউরো পর্যন্ত অনুদান পাওয়া যায়। পরিবারের নির্ভরশীল সদস্য থাকলে অতিরিক্ত ২০ শতাংশ পর্যন্ত সহায়তাও যোগ হতে পারে।

তবে বিদেশিদের ক্ষেত্রে আগে রেসিডেন্সি থাকতে হয়। অনেকের জন্য ডিজিটাল নোম্যাড ভিসা একটি পথ হতে পারে। সাধারণত এই ভিসার জন্য মাসে প্রায় সাড়ে তিন হাজার ইউরো আয়ের প্রমাণ লাগতে পারে।

ইউরোপের কিছু অঞ্চল জনসংখ্যা কমে যাওয়া বা গ্রামীণ এলাকাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এসব আর্থিক প্রণোদনা চালু করেছে। তবে এসব সুবিধা পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শর্তও থাকে, যেমন নির্দিষ্ট সময় সেখানে বসবাস করা, বাড়ি সংস্কার করা বা স্থানীয় বাসিন্দা হিসেবে নিবন্ধন করা।

তাই ইউরোপে বসবাসের পরিকল্পনা থাকলে এসব প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা ও বৈধ রেসিডেন্সি ব্যবস্থার সঙ্গে মিলিয়ে এগোতে পারলে এসব সুযোগ নতুন জীবনের শুরুতে কিছুটা আর্থিক সহায়তা দিতে পারে।