মেকআপ আইটেম কতদিন ব্যবহার করা যায়

আমাদের প্রায় সবার কাছেই কিছু না কিছু বেসিক মেকআপ আইটেম থাকে। তবে একটি বড় ভুল আমরা অনেকেই করে থাকি। একবার মেকআপ প্রোডাক্ট খুলে ব্যবহার শুরু করার পর সেটি কতদিন নিরাপদ থাকে, তা না জেনেই বছরের পর বছর ব্যবহার করি। অথচ মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ত্বকে অ্যালার্জি, ব্রণ, র্যাশ, চোখে ইনফেকশন এমনকি গুরুতর স্কিন সমস্যার কারণও হতে পারে।
তাই শুধু এক্সপায়ারি ডেট দেখলেই হবে না, বরং ‘খোলার পর কতদিন ব্যবহারযোগ্য’ সেটিও জানা জরুরি। কারণ অধিকাংশ মেকআপ প্রোডাক্টের আসল শেল্ফ লাইফ শুরু হয় প্যাকেট খোলার পর থেকেই।
আজ জেনে নিন কোন মেকআপ আইটেম কতদিন পর্যন্ত নিরাপদভাবে ব্যবহার করা যায়।
বেইজ মেকআপ আইটেম

লিকুইড ফাউন্ডেশন
লিকুইড ফাউন্ডেশনে পানি বা তরল উপাদান থাকায় এতে খুব দ্রুত ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে। বিশেষ করে আঙুল দিয়ে ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ে।
ব্যবহার উপযোগী: প্রায় ১ বছর
যদি গন্ধ বদলে যায়, তেল আলাদা হয়ে যায় বা টেক্সচার অস্বাভাবিক লাগে, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন।
পাউডার ফাউন্ডেশন
শুষ্ক ফর্মুলার হওয়ায় এটি তুলনামূলক বেশিদিন ভালো থাকে।
ব্যবহার উপযোগী: প্রায় ১৮ মাস
তবে সবসময় পরিষ্কার ব্রাশ বা পাফ ব্যবহার করা জরুরি।
ফেস পাউডার ও লুজ পাউডার
পাউডার জাতীয় প্রোডাক্টে আর্দ্রতা কম থাকায় এগুলো সহজে নষ্ট হয় না।
ব্যবহার উপযোগী: সর্বোচ্চ ২ বছর
তবে বারবার ভেজা পাফ ব্যবহার করলে দ্রুত জীবাণু জন্মাতে পারে।
কনসিলার
কনসিলার সরাসরি ত্বকের সমস্যাযুক্ত অংশে ব্যবহার করা হয়। তাই দীর্ঘদিন একই প্রোডাক্ট ব্যবহার করলে ত্বকে সংক্রমণ হতে পারে।
ব্যবহার উপযোগী: ১ থেকে ১.৫ বছর
লিপ মেকআপ

লিকুইড লিপস্টিক
এটি বারবার ঠোঁটে ব্যবহার করা হয় এবং বাতাসের সংস্পর্শেও বেশি আসে। ফলে দ্রুত ব্যাকটেরিয়া জমে যেতে পারে।
ব্যবহার উপযোগী: ৬ থেকে ৭ মাস
গন্ধ পরিবর্তন হলে বা শুকিয়ে গেলে আর ব্যবহার করবেন না।
বুলেট লিপস্টিক
লিকুইড লিপস্টিকের তুলনায় এটি কিছুটা বেশি দিন ভালো থাকে।
ব্যবহার উপযোগী: ১৮ মাস থেকে ২ বছর
মাঝেমধ্যে টিস্যু দিয়ে ওপরের অংশ পরিষ্কার করে নেওয়া ভালো।
চোখের মেকআপ আইটেম

মাসকারা
সবচেয়ে কম শেল্ফ লাইফের মেকআপ আইটেমগুলোর মধ্যে মাসকারা অন্যতম। কারণ, এটি সরাসরি চোখের খুব সংবেদনশীল অংশে ব্যবহার করা হয়।
ব্যবহার উপযোগী: মাত্র ৩ মাস
পুরোনো মাসকারা ব্যবহার করলে চোখে ইনফেকশন হতে পারে।
আইলাইনার ও কাজল
চোখের সংস্পর্শে আসায় এগুলোর ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি।
লিকুইড আইলাইনার
ব্যবহার উপযোগী: ৩ থেকে ৬ মাস
পেন্সিল আইলাইনার
পেন্সিল শার্প করার ফলে ওপরের স্তর কেটে যায়, তাই এটি তুলনামূলক নিরাপদ।
ব্যবহার উপযোগী: প্রায় ২ বছর
আইশ্যাডো
পাউডার আইশ্যাডো সাধারণত দীর্ঘদিন ভালো থাকে।
ব্যবহার উপযোগী: প্রায় ২ বছর
যদিও রং বা টেক্সচারে পরিবর্তন না এলেও মেয়াদ শেষ হলে ব্যবহার না করাই ভালো।
কীভাবে বুঝবেন মেকআপ নষ্ট হয়ে গেছে?

নিচের লক্ষণগুলো দেখলে বুঝবেন প্রোডাক্টটি আর ব্যবহার করা নিরাপদ নয়—
- অদ্ভুত বা টক গন্ধ
- রং পরিবর্তন
- তেল আলাদা হয়ে যাওয়া
- টেক্সচার শুকিয়ে যাওয়া বা দলা পাকানো
- ব্যবহার করলে চুলকানি বা জ্বালা হওয়া
মেকআপ ভালো রাখার কিছু জরুরি টিপস
- সবসময় ঠান্ডা ও শুকনো জায়গায় মেকআপ রাখুন
- ভেজা হাতে প্রোডাক্ট ব্যবহার করবেন না
- ব্রাশ ও স্পঞ্জ নিয়মিত পরিষ্কার করুন
- অন্যের সঙ্গে মেকআপ শেয়ার না করাই ভালো
- প্যাকেট খোলার তারিখ লিখে রাখুন
মেকআপ শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য নয়, এটি সরাসরি ত্বক ও চোখের সংস্পর্শে আসে। তাই মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করলে সৌন্দর্যের বদলে ত্বকের ক্ষতিই বেশি হতে পারে।
তাই প্রিয় লিপস্টিক বা ফাউন্ডেশন যতই পছন্দের হোক না কেন, নির্দিষ্ট সময়ের পর সেটিকে বিদায় জানানোই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। তাহলেই আপনার ত্বক থাকবে সুস্থ, পরিষ্কার এবং সুন্দর।
সূত্র: সাজগেোজ
.png)






