শীতের ৬ সবজি ধোয়ার সময় বাড়তি সতর্কতা জরুরি, যেভাবে পরিষ্কার করবেন

শীতকাল এলেই বাজারে বিভিন্ন ধরনের তাজা রঙিন সবজি পাওয়া যায়। পালংশাক, বাঁধাকপি, ফুলকপি, বেগুন ও ক্যাপসিকাম- শীতের খাবারের তালিকায় অনেকেই নিয়মিত এসব সবজি রাখেন। পছন্দের শীতকালীন সবজিগুলো শীতের আমেজে এক অন্য মাত্রা যোগ করে।
পুষ্টিগুণসমৃদ্ধ এসব সবজি শরীরের জন্য উপকারী হলেও সঠিকভাবে পরিষ্কার না করলে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। কারণ, সবজির পাতা, খাঁজ বা ভেতরের অংশে মাটি, ময়লা, জীবাণু ও ছোট পোকামাকড় লেগে থাকতে পারে। তাই কিছু শীতকালীন সবজি পরিষ্কার করার সময় বাড়তি সতর্কতা জরুরি। রান্না বা সালাদ তৈরির আগে কোন সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে ও কীভাবে পরিষ্কার করবেন, তা জেনে রাখা দরকার।
শীতের কিছু সবজি ধোয়ার সময় বাড়তি সতর্কতা রাখবেন। যেমন-
পালংশাক
পালংশাক আয়রন, ফাইবার, ভিটামিন এ ও ভিটামিন কে-এর ভালো উৎস। তবে এই শাক মাটির কাছাকাছি জন্মায় বলে এর পাতায় মাটি, বালি ও অন্যান্য ময়লা জমে থাকতে পারে।

সঠিকভাবে পরিষ্কার না করলে পালংশাকে ই কোলাইয়ের মতো ব্যাকটেরিয়া বা পরজীবীর ডিম থাকতে পারে। তাই রান্নার আগে প্রতিটি পাতা ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। বিশেষ করে পালংশাক কাঁচা খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে ভালোভাবে সেদ্ধ করে বা রান্না করে খাওয়াই নিরাপদ।
ক্যাপসিকাম
ক্যাপসিকামের বাইরের অংশ পরিষ্কার দেখালেও এর ভেতরে, বিশেষ করে বীজের আশপাশে ময়লা জমে থাকতে পারে। তাই শুধু বাইরে থেকে পানি দিয়ে ধোয়াই যথেষ্ট না।

ক্যাপসিকাম প্রথমে দুই ভাগ করে কেটে নিতে হবে। এরপর ভেতরের বীজ ও আশপাশের অংশ পরিষ্কার করে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সালাদে কাঁচা ক্যাপসিকাম ব্যবহার করলেও একইভাবে পরিষ্কার করা জরুরি।
বাঁধাকপি
শীতকালীন সবজির মধ্যে বাঁধাকপি সালাদে ও বিভিন্ন রান্নায় বেশ জনপ্রিয়। বাঁধাকপির পাতাগুলো ঘনভাবে একটির সঙ্গে আরেকটি লেগে থাকে। ফলে পাতার ভেতরের অংশে মাটি, ময়লা ও জীবাণু আটকে থাকলেও অনেক সময় তা সহজে চোখে পড়ে না।

বাঁধাকপি পরিষ্কারের সময় প্রথমে বাইরের কয়েকটি পাতা ফেলে দিতে হবে। এরপর ভেতরের পাতাগুলো আলাদা করে প্রতিটি পাতা ভালোভাবে ধুয়ে নিতে হবে। রান্না করার সময় ভালোভাবে সেদ্ধ করে নেওয়া উচিত।
বেগুন
বেগুন কাটার সময় এর ভেতরের অংশ ভালোভাবে দেখতে হবে। কখনো কখনো বেগুনের ভেতরে পোকা থাকতে পারে, যা বাইরে থেকে বোঝা যায় না। কাটার পর কোনো অংশে পোকা বা কালো অংশ দেখা গেলে সেটি ব্যবহার না করাই ভালো।

বেগুনের ভেতরে বেশি পরিমাণে পোকা থাকলে সেটি পুরোটাই ফেলে দেওয়া উচিত। রান্নার আগে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
লেটুস পাতা
লেটুস পাতা সাধারণত সালাদে কাঁচা খাওয়া হয়, তাই এটি ভালোভাবে পরিষ্কার করা অনেক বেশি জরুরি। লেটুসের পাতার ভাঁজে মাটি, বালি ও অন্যান্য ময়লা আটকে থাকতে পারে।

পরিষ্কার করার সময় প্রথমে নষ্ট পাতাগুলো ফেলে দিতে হবে। এরপর প্রতিটি পাতা আলাদা করে পরিষ্কার পানির নিচে ভালোভাবে ধুয়ে নিন। এতে পাতার ভেতরে আটকে থাকা ময়লা দূর করা সহজ হবে।
ফুলকপি
শীতে ফুলকপি খেতে পছন্দ করেন না, এমন মানুষ কমই আছে। দেখতে পরিষ্কার মনে হলেও এর ফুলের মতো অংশগুলোর ভেতরে ছোট পোকামাকড় লুকিয়ে থাকতে পারে।

তাই ফুলকপি পরিষ্কার করার সময় প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর প্রতিটি অংশ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। খাওয়ার আগে ভালোভাবে সেদ্ধ বা রান্না করাও জরুরি।
শাকসবজি পরিষ্কারের সঠিক নিয়ম
শুধু শীতের নির্দিষ্ট কয়েকটি সবজি না, সব ধরনের শাকসবজি পরিষ্কারের ক্ষেত্রেই কিছু নিয়ম মেনে চলা উচিত।
প্রথমে শাকের বড় পাতাগুলো আলাদা করে নিতে হবে। এরপর একটি বড় পাত্রে পরিষ্কার পানি নিয়ে পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিন। এতে বালি ও মাটি পানির নিচে জমে যাবে। পরে পাতাগুলো তুলে আবার পরিষ্কার প্রবাহমান পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
সবজি কাটার আগে ধুয়ে নেওয়া ভালো। কারণ, না ধুয়ে কাটলে বাইরের অংশে থাকা ময়লা ছুরি বা হাতের মাধ্যমে ভেতরের অংশে ছড়িয়ে পড়তে পারে।
লবণ বা ভিনেগার মেশানো পানিতে ধুলে কি জীবাণু দূর হয়?
অনেকে শাকসবজি পরিষ্কারের জন্য লবণ বা ভিনেগার মেশানো পানি ব্যবহার করেন।

এ ক্ষেত্রে হালকা গরম পানিতে এক থেকে দুই চামচ লবণ অথবা সামান্য ভিনেগার মিশিয়ে সবজি ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে পারেন। এরপর পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে নিতে হবে।
এ ছাড়া বাঁধাকপি ও ফুলকপি ছোট টুকরো করে কিছুক্ষণ সেদ্ধ বা ভাপে রান্না করা যেতে পারে।
তবে, লবণ বা ভিনেগার মেশানো পানিতে ভিজিয়ে রাখলেই সব ধরনের জীবাণু দূর হয়ে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। তাই পরিষ্কার প্রবাহমান পানিতে ভালোভাবে ধোয়া আর প্রয়োজন অনুযায়ী ভালোভাবে রান্না করাই গুরুত্বপূর্ণ।
সূত্র: নিউজ ১৮ বাংলা

