logo

লেপ-কম্বল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, জেনে নিন কীভাবে দূর করবেন

লেপ-কম্বল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, জেনে নিন কীভাবে দূর করবেন
ছবি: ডিজি হোম

চারদিকে শীত শীত আমেজ। সময় যত গড়াচ্ছে শীতও তত ঘনিয়ে আসছে। শীত আসতেই আমরা আলমারি থেকে লেপ, কম্বল বা কাঁথা বের করা শুরু করি। কিন্তু দীর্ঘদিন আলমারিতে পড়ে থাকার কারণে অনেক সময় এগুলোতে ভ্যাপসা বা স্যাঁতসেঁতে গন্ধ তৈরি হতে পারে। অনেকেই এই গন্ধ নিয়ে বিড়ম্বনায় পড়েন। তবে কিছু সহজ ঘরোয়া পদ্ধতিতে সহজেই লেপ-কম্বলের দুর্গন্ধ দূর করে সতেজ রাখা সম্ভব।

শীতের মৌসুমে লেপ-কম্বল ব্যবহারের প্রয়োজন বেড়ে যায়। কিন্তু বছরের বাকি সময় এগুলো আলমারিতে তুলে রাখার কারণে কাপড়ে আর্দ্রতা জমতে পারে। এতে এক ধরনের ভ্যাপসা গন্ধ তৈরি হয়। কখনো কখনো স্যাঁতসেঁতে পরিবেশে ছত্রাকও জন্মাতে পারে।

এমন পরিস্থিতিতে অনেকেই লেপ-কম্বল পরিষ্কার করতে ড্রাই ক্লিনিংয়ের সাহায্য নেন। তবে প্রতিবার এভাবে পরিষ্কারের দরকার হয় না। ঘরোয়াভাবেই এসব সামগ্রী দুর্গন্ধমুক্ত রাখতে পারেন।

লেপ-কম্বল রোদে দিন

লেপ-কম্বলের দুর্গন্ধ দূর করার সবচেয়ে সহজ উপায় হলো রোদে শুকানো। সূর্যের তাপ কাপড়ের ভেতরে জমে থাকা আর্দ্রতা কমাতে সাহায্য করে। এতে ভ্যাপসা গন্ধও অনেকটা কমে যায়।

এ জন্য লেপ বা কম্বল খোলা জায়গায় রোদে মেলে দিন। কয়েক ঘণ্টা পর এক পাশ উল্টে দিন, যাতে দুই পাশেই রোদ লাগে। তবে কাপড়ের ধরন অনুযায়ী রোদে দেওয়ার সময় ঠিক করতে হবে।

কর্পূর ব্যবহার করুন

লেপ-কম্বলের বাজে গন্ধ কমাতে কর্পূর ব্যবহার করা যেতে পারে। এর নিজস্ব সুগন্ধ কাপড়ে থাকা ভ্যাপসা গন্ধ কমাতে সাহায্য করে।

কয়েক টুকরো কর্পূর পরিষ্কার সুতি কাপড়ে মুড়িয়ে লেপ বা কম্বলের কাছে রাখতে পারেন। তবে কর্পূর সরাসরি কাপড়ের উপর রাখবেন না। শিশু ও পোষা প্রাণীর নাগালের বাইরে রাখুন।

সাদা ভিনেগার দিয়ে পরিষ্কার করুন

কাপড়ের দুর্গন্ধ কমাতে সাদা ভিনেগার ব্যবহার করা যায়। একটি স্প্রে বোতলে সাদা ভিনেগার নিয়ে কাপড়ের উপর অল্প করে ছিটিয়ে দিন। এরপর আলো-বাতাস পূর্ণ জায়গায় শুকাতে দিন।

তবে কাপড় বেশি ভিজিয়ে ফেলা যাবে না। ব্যবহারের আগে কাপড়ের এক কোণে পরীক্ষা করে নিন। বিশেষ করে উল বা সংবেদনশীল কাপড়ের ক্ষেত্রে পরিষ্কারের নির্দেশনা মেনে চলতে হবে।

বেকিং সোডা ছড়িয়ে দিন

বেকিং সোডা দুর্গন্ধ শোষণে সাহায্য করতে পারে। তাই লেপ-কম্বলের ভ্যাপসা গন্ধ কমাতে এটি ব্যবহার করতে পারেন।

লেপ বা কম্বলের উপর অল্প বেকিং সোডা ছড়িয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। এরপর ভালোভাবে ঝেড়ে ফেলুন বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন। কাপড়ের ভেতরে যেন বেকিং সোডা থেকে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

এসেনশিয়াল অয়েল ব্যবহার করুন

লেপ-কম্বলে সুন্দর সুগন্ধ রাখতে ল্যাভেন্ডার, লবঙ্গ বা পেপারমিন্টের এসেনশিয়াল অয়েল ব্যবহার করা যেতে পারে।

এজন্য কয়েক ফোঁটা তেল একটি তুলার বল বা ছোট কাপড়ে দিয়ে সেটি লেপ-কম্বলের পাশে রাখুন। সরাসরি কাপড়ের উপর তেল ঢালবেন না। এতে দাগ হয়ে যেতে পারে। তবে সুগন্ধি তেল দুর্গন্ধের মূল কারণ দূর করে না, শুধু সাময়িকভাবে সুন্দর গন্ধ দিতে পারে।

নিয়মিত বাতাসে মেলে রাখুন

লেপ-কম্বলে দুর্গন্ধ তৈরি হওয়ার অন্যতম কারণ দীর্ঘদিন বন্ধ জায়গায় পড়ে থাকা। তাই শীত আসার আগেই এগুলো বের করে খোলা বাতাসে মেলে রাখা ভালো।

শীত ছাড়া অন্য মৌসুমেও মাঝেমধ্যে রোদে বা বাতাস চলাচল করে এমন জায়গায় রাখলে কাপড়ের ভেতরে আর্দ্রতা জমার আশঙ্কা অনেকটাই কমে যায়। এতে দীর্ঘদিন সংরক্ষণ করলেও ভ্যাপসা গন্ধ হওয়ার ঝুঁকি কম থাকে।

শুকনো জায়গায় সংরক্ষণ করুন

শীত শেষে লেপ-কম্বল গুছিয়ে রাখার আগে অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। সামান্য আর্দ্রতা থাকলেও আবদ্ধ জায়গায় দুর্গন্ধ তৈরি হতে পারে।

এ ছাড়া প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে বাতাস চলাচল করতে পারে এমন সুতি কাপড়ের ব্যাগ বা স্টোরেজ কভার ব্যবহার করা ভালো। আলমারি বা ওয়্যারড্রবও পরিষ্কার ও শুকনো রাখতে হবে।

একাধিক পদ্ধতি একসঙ্গে কাজে লাগান

লেপ-কম্বলে দীর্ঘদিন ধরে দুর্গন্ধ থাকলে একটি পদ্ধতিতে কাজ নাও হতে পারে। সেক্ষেত্রে কয়েকটি উপায় একসঙ্গে কাজে লাগাতে পারেন।

প্রথমে লেপ বা কম্বল রোদে শুকিয়ে নিন। এরপর প্রয়োজন হলে বেকিং সোডা ব্যবহার করে পরিষ্কার করুন। সবশেষে ভালোভাবে ঝেড়ে বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন।

এভাবে নিয়মিত যত্ন নিলে লেপ-কম্বল পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত রাখা সহজ হবে। তবে কাপড়ে ছত্রাকের দাগ বা স্থায়ী স্যাঁতসেঁতে গন্ধ থাকলে শুধু সুগন্ধি দিয়ে তা ঢেকে না রেখে উপযুক্ত পদ্ধতিতে পরিষ্কার করতে হবে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া