Advertisement

প্রতিদিন সাদা পাউরুটি খেলে শরীরে যা ঘটে

এশিয়া পোস্ট ডেস্ক
প্রতিদিন সাদা পাউরুটি খেলে শরীরে যা ঘটে
ছবি: সংগৃহীত

সকাল বেলা ঘুম থেকে উঠে চায়ের কাপে এক চুমুক দেওয়া কিংবা তাড়াহুড়ো করে এক-দুই স্লাইস পাউরুটি খাওয়া যেন আমাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু ভেবে দেখেছেন কি, প্রতিদিনের এই সহজ ও চটজলদি খাবারটি আপনার শরীরে নিঃশব্দে কী প্রভাব ফেলছে?

প্রতিদিন সাদা পাউরুটি খাওয়ার ফলে আমাদের শরীরে যেমন কিছু দ্রুত শক্তির জোগান মেলে, তেমনই এটি অজান্তেই ডেকে আনতে পারে নানা স্বাস্থ্যঝুঁকি—যার পুরোটাই নির্ভর করে আপনার সার্বিক খাদ্যাভ্যাস ও পাউরুটি খাওয়ার ধরনের ওপর।

সাদা পাউরুটি সাধারণত পরিশোধিত আটা বা ময়দা দিয়ে তৈরি, যা থেকে ফাইবার সমৃদ্ধ অংশটি বাদ দেওয়া হয়। তবে বাজারে প্রচলিত বেশিরভাগ পাউরুটিতে বি ভিটামিন, ফলিক অ্যাসিড এবং আয়রন যুক্ত করা থাকে।

এক স্লাইস সাদা পাউরুটিতে যা থাকে

ক্যালোরি: প্রায় ৭৩ কিলোক্যালোরি

প্রোটিন: ২.৫৭ গ্রাম

কার্বোহাইড্রেট: ১৩.৪ গ্রাম

ফাইবার: ০.৬৩ গ্রাম

ফ্যাট: ০.৯৮ গ্রাম

ফাইবারের পরিমাণ কম থাকায় এটি দ্রুত হজম হয় এবং শরীরে দ্রুত শক্তির জোগান দেয়। দৌড়ানো বা শরীরচর্চার আগে এটি বেশ কার্যকর হতে পারে। দ্রুত হজম হওয়ার কারণে এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় এবং তা আবার দ্রুত নামিয়ে আনে। ফলে অল্প সময়ের মধ্যেই আবার খিদে লাগে বা মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছা তৈরি হতে পারে।

দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি

ফাইবারের ঘাটতি: প্রতিদিন প্রোটিন বা ফ্যাট ছাড়া শুধু সাদা পাউরুটি খেলে শরীরে ফাইবারের ঘাটতি তৈরি হয়।

টাইপ-২ ডায়াবেটিস ও স্থূলতা: দীর্ঘমেয়াদে ফাইবারের বদলে পরিশোধিত কার্বোহাইড্রেটের ওপর নির্ভরতা বাড়ালে টাইপ-২ ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী প্রদাহ এবং মেদ জমার ঝুঁকি বেড়ে যায়।

পেশির দুর্বলতা: বয়স্কদের ক্ষেত্রে দীর্ঘদিন ফাইবারহীন খাবার গ্রহণের কারণে সারকোপেনিয়া বা পেশির শক্তি হ্রাসের ঝুঁকি থাকে।

যাদের জন্য সাদা পাউরুটি উপকারী

আইবিএস ও আইবিডি রোগী: যাদের পরিপাকতন্ত্রে উচ্চ-ফাইবারযুক্ত খাবার গ্যাস্ট্রিক বা পেট ফাঁপার সমস্যা তৈরি করে, তাদের জন্য সহজে হজমযোগ্য সাদা পাউরুটি বেশ আরামদায়ক। বিশেষ করে আইবিডি আক্রান্তদের রোগ বাড়ার সময় ফাইবারযুক্ত খাবার এড়াতে এটি সুপারিশ করা হয়।

ইটিং ডিসঅর্ডার বা হজমপ্রক্রিয়ার ধীরগতি: যারা দীর্ঘমেয়াদী অপুষ্টি বা ইটিং ডিসঅর্ডার থেকে সুস্থ হয়ে উঠছেন তাদের পরিপাকতন্ত্রে চাপ না দিয়ে দ্রুত শক্তি জোগাতে সাদা পাউরুটি সাহায্য করে।

সাদা পাউরুটি খাওয়ার স্বাস্থ্যকর অভ্যাস

১. প্লেটে ফাইবার ও প্রোটিনের ভারসাম্য রাখুন: পাউরুটি খাওয়ার সময় সালাদ, ডিম, পিনাট বাটার বা এভোকাডোর মতো প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার যুক্ত করুন। এতে হজমের গতি ধীর হয় এবং রক্তে শর্করা একবারে বাড়ে না।

২. মানসম্মত পাউরুটি বেছে নিন: সাধারণ প্রসেসড পাউরুটির চেয়ে প্রক্রিয়াহীন বা প্রাকৃতিক ফারমেন্টেশনের মাধ্যমে তৈরি ‘সাওয়ারডো’ পাউরুটি হজমের জন্য ভালো এবং এতে প্রাকৃতিক পুষ্টি বজায় থাকে।

পুষ্টিবিদদের মতে, কোনো একক খাবার একাই ক্ষতিকর নয়। সারাদিনের খাদ্যাভ্যাস সুষম হলে প্রতিদিনের পাউরুটি খাওয়ার অভ্যাসে বড় কোনো সমস্যা তৈরি হয় না।

সূত্র: রিয়েল সিম্পল