কেন বর্ষাতেই সবচেয়ে বেশি হারায় ছাতা, জানালেন মনোবিজ্ঞানীরা

এশিয়া পোস্ট ডেস্ক
কেন বর্ষাতেই সবচেয়ে বেশি হারায় ছাতা, জানালেন মনোবিজ্ঞানীরা
পৃথিবীতে যদি সমস্ত হারানো জিনিসের এফআইআর করা যেত, তবে ছাতার নামই এক নম্বরে থাকত। ছবি : সংগৃহীত

বর্ষা এলেই সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিসগুলোর একটি হলো ছাতা। কিন্তু মজার বিষয় হলো, এই সময়েই সবচেয়ে বেশি হারিয়ে যায় এই প্রয়োজনীয় সঙ্গী।

বাস, অফিস, রেস্তোরাঁ বা বন্ধুর বাড়ি, কোথায় যে ছাতা রেখে আসেন টেরই পান না? এ অভিজ্ঞতা অনেকেরই আছে।

মনোবিজ্ঞানীরা বলেন, কোনো জিনিসের প্রয়োজন শেষ হয়ে গেলে অনেক সময় আমাদের মনোযোগ অন্যদিকে চলে যায়। ফলে ব্যবহারের পর ছাতা সঙ্গে নেওয়ার বিষয়টি সহজেই ভুলে যাই। তবে কয়েকটি ছোট অভ্যাস গড়ে তুললে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

বর্ষায় ছাতা ভুলে যাওয়ার অভ্যাস কমাতে চলুন জেনে নিই কয়েকটি সহজ উপায়।

এমন ছাতা কিনুন, যা ব্যবহার করতে ভালো লাগে

শুধু সস্তা বলে নয়, নিজের পছন্দের রং বা ডিজাইনের একটি ভালো মানের ছাতা ব্যবহার করতে পারেন। যেসব জিনিসের সঙ্গে আমাদের ব্যক্তিগত সংযোগ তৈরি হয়, সেগুলো মনে রাখার প্রবণতাও অনেক সময় বেশি থাকে।

ছাতা সবসময় নিজের কাছেই রাখুন

রেস্তোরাঁ, অপেক্ষাকক্ষ বা সিনেমা হলে ছাতা পাশের খালি চেয়ারে না রেখে নিজের কোলের ওপর বা ব্যাগের সঙ্গে রাখার চেষ্টা করুন। এতে উঠে যাওয়ার সময় সেটি চোখ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা কমে।

ব্যাগ বা হাতে আটকে রাখুন

ছাতার স্ট্র্যাপটি ব্যাগের হাতল বা কাঁধের স্ট্র্যাপের সঙ্গে লাগিয়ে রাখতে পারেন। এতে ছাতা আলাদা করে কোথাও রেখে আসার ঝুঁকি কমবে।

ভেজা ছাতার জন্য ব্যাগে কভার রাখুন

ব্যাগে একটি ওয়াটারপ্রুফ ছাতার কভার বা প্লাস্টিকের ব্যাগ রাখুন। বাইরে থেকে ফিরে ভেজা ছাতাটি কভারের মধ্যে রেখে ব্যাগে ঢুকিয়ে নিতে পারবেন। এতে হাতও ফাঁকা থাকবে, ছাতাও সঙ্গে থাকবে।

বের হওয়ার আগে একবার চারপাশে চোখ বুলিয়ে নিন

কোনো জায়গা থেকে বের হওয়ার আগে মোবাইল, মানিব্যাগ, চাবি ও ছাতা আছে কি না, কয়েক সেকেন্ড সময় নিয়ে দেখে নিন। এই ছোট অভ্যাসই অনেক সময় ছাতা হারানো থেকে বাঁচাতে পারে।

মনে রাখবেন, ছাতা হারানো খুব সাধারণ একটি সমস্যা। তবে একটু সচেতনতা আর কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললে বারবার নতুন ছাতা কেনার ঝামেলা অনেকটাই কমানো সম্ভব। বর্ষাকালে তাই বের হওয়ার আগে ছাতা নিতে যেমন ভুলবেন না, তেমনি ফেরার সময় সেটি সঙ্গে আছে কি না, সেটিও একবার দেখে নিন।

সূত্র: সংবাদ প্রতিদিন