logo

বন্ধুত্ব কখন প্রেমে গড়াচ্ছে, বুঝবেন যেসব পরিবর্তনে

বন্ধুত্ব কখন প্রেমে গড়াচ্ছে, বুঝবেন যেসব পরিবর্তনে
বন্ধুত্ব থেকে প্রেম। ছবি: ফোকাস অন দ্য ফ্যামিলি

একসময় খুব ভালো বন্ধু ছিলেন, এরপর ভালো লাগা, সেখান থেকে প্রেম, অনেকের জীবনেই এরকম ঘটনা ঘটে থাকে। তবে এই পরিবর্তন কিন্তু সবসময় সহজে বোঝা যায় না।

প্রথমদিকে একসঙ্গে সময় কাটানো বা খোঁজখবর নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলেও একসময় সেই বন্ধুত্বে তৈরি হতে পারে অন্যরকম এক অনুভূতি। অনেকের ক্ষেত্রে এই অনুভূতি নিজের অজান্তেই চলে আসে।

Advertisement

ছোট ছোট কিছু বিষয় খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন, বন্ধুর প্রতি আপনার অনুভূতি বন্ধুত্বের চেয়ে বেশি হয়ে উঠছে কি না।

তার মেসেজের অপেক্ষায় থাকেন

আগেও হয়তো বন্ধুর সঙ্গে কথা বলতে ভালো লাগতো, অনেক কথা শেয়ার করতেন। কিন্তু যখনই দেখবেন তার সঙ্গে কথা বলাটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, তখন বুঝবেন অনুভূতিও বদলে যাচ্ছে।

তার মেসেজ এলেই মন ভালো হয়ে যায়। কখন মেসেজ দেবে, কখন রিপ্লাই দেবে, সারাক্ষণ এটা নিয়েই পড়ে থাকেন। দিনের ছোট ছোট ঘটনাও সবার আগে তাকে জানাতে ইচ্ছে করে।

একসঙ্গে সময় কাটানো বিশেষ মনে হয়

আগে দেখা হলে শুধু গল্প করতেন, আড্ডা দিতেন। কিন্তু এখন তার সঙ্গে চুপচাপ বসে থাকলেও ভালো লাগে। একসঙ্গে কাটানো সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে মনে হয়। আরও কিছুক্ষণ পাশে থাকতে ইচ্ছে করে।

তার সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চান

তার সঙ্গে দেখা করার আগে পোশাক বা নিজের চেহারা নিয়ে একটু বেশি ভাবতে শুরু করেন। আপনার ছোট কোনো পরিবর্তন সে খেয়াল করল কি না, তার চোখে আপনাকে সুন্দর লাগছে কি না, এসব নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েন। তার কাছে নিজেকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা বাড়তে থাকে।

অন্য কারও কথা শুনলে ঈর্ষা হয়

বন্ধু যখন অন্য কারও প্রতি আগ্রহের কথা বলে, তখন মন খারাপ হয়ে যায়। তার জীবনে অন্য কেউ আসুক, এমনটা ভাবতেও চান না আপনি। নিজের মধ্যে এমন অনুভূতি তৈরি হওয়া বন্ধুর প্রতি ভালোবাসার ইঙ্গিত হতে পারে।

তার ছোট ছোট কাজও বিশেষ মনে হয়

তার একটা গুডনাইট মেসেজ, পছন্দের খাবারের কথা মনে রাখা বা বাড়ি ঠিকঠাক পৌঁছেছেন কি না তা জানতে চাওয়া, সবকিছুই ভালো লাগতে শুরু করে। আগে যে বিষয়গুলোকে সাধারণ বন্ধুত্বের আচরণ মনে হতো, সেগুলোই এখন মনে বিশেষ জায়গা করে নেয়।

বন্ধুত্ব থেকে প্রেমে যাওয়ার এই পরিবর্তন অনেক সময় ধীরে ধীরে ঘটে। তাই নিজের অনুভূতি বুঝতে সময় নেওয়া জরুরি।