logo

চোখের নিচে কালো দাগ কেন বাড়ে, ঘরোয়া উপায়ে কীভাবে কমাবেন

চোখের নিচে কালো দাগ কেন বাড়ে, ঘরোয়া উপায়ে কীভাবে কমাবেন
চোখের নিচে কালো দাগ। ছবি: মাই ভিশন

চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল অনেকেরই পরিচিত সমস্যা। ঘুম কম হলে বা ক্লান্তির কারণে চোখের নিচে কালো দাগ হতে পারে। ক্লান্তি ছাড়াও এর পেছনে আরও কিছু কারণ আছে। এই কালো দাগ নিয়ে অনেকেই বিড়ম্বনায় পড়েন। তবে ডার্ক সার্কেল দূর করতে হলে এর পেছনের কারণ আগে জানতে হবে।

চলুন জেনে নিই চোখের নিচে কালো কেন হয়।

Advertisement

পর্যাপ্ত ঘুম না হওয়া

চোখের নিচে কালো দাগ পড়ার অন্যতম প্রধান কারণ হলো পর্যাপ্ত ঘুম না হওয়া। ঘুমের অভাবে চোখের নিচের ত্বক ফ্যাকাশে দেখায়। এতে ত্বকের নিচে থাকা রক্তনালিগুলো বেশি দৃশ্যমান হয়ে কালচে দাগ দেখা দেয়। নিয়মিত ঘুমের অনিয়ম হলে এই সমস্যা বাড়তে পারে।

বংশগত কারণ

অনেকেই হয়তো জানেন না যে, ডার্ক সার্কেল বংশগত একটি সমস্যা। পরিবারের অন্য সদস্যদের চোখের নিচে কালো দাগ থাকলে আপনারও এই সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। ত্বকের পুরুত্ব, মেলানিনের পরিমাণ আর রক্তনালির অবস্থানের মতো বিষয়গুলোও বংশগতভাবে প্রভাবিত হতে পারে।

বয়স বৃদ্ধি

চোখের নিচের কালো দাগকে অনেকে বয়সের ছাপও মনে করেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের নিচের ত্বক পাতলা ও শিথিল হয়ে যায়। ত্বকের নিচে থাকা রক্তনালিগুলো বেশি দৃশ্যমান হয়।

এ ছাড়া চোখের নিচের চর্বি কমে যাওয়া, ত্বকে ভাঁজ বা গর্ত তৈরি হওয়ার কারণে সেখানে ছায়া পড়ে কালচে দেখাতে পারে।

পানিশূন্যতা

শরীরে পর্যাপ্ত পানির অভাব হলে চোখের নিচের ত্বক শুষ্ক ও নিষ্প্রাণ দেখায়। এতে চোখের নিচের অংশ বসে যেতে পারে। এতে করে কালচে দাগ আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।

অ্যালার্জি ও সাইনাসের সমস্যা

অ্যালার্জির কারণে চোখের চারপাশে রক্ত চলাচলে পরিবর্তন হয় ও রক্তনালিতে ফোলাভাব দেখা দিতে পারে। এতে চোখের নিচে কালচে দাগ ও ফোলা ভাব তৈরি হয়। একে চিকিৎসাবিজ্ঞানে অ্যালার্জিক শাইনার্স বলা হয়।

অতিরিক্ত সূর্যের আলো

অতিরিক্ত সূর্যালোক আপনার ত্বকের মেলানিনের উৎপাদন বাড়িয়ে দিতে পারে। মেলানিন ত্বকের রং নির্ধারণ করে। এর পরিমাণ বেড়ে গেলে চোখের নিচের ত্বকেও কালচে দাগ পড়তে পারে।

চোখ ঘষার অভ্যাস

অনেকেরই বারবার চোখ ঘষা বা চুলকানোর অভ্যাস থাকে। এতে চোখের নিচের সংবেদনশীল ত্বকে প্রদাহ ও ফোলাভাব দেখা দিতে পারে। রক্তনালিও অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে আর কালচে দাগ আরও স্পষ্ট হয়ে যায়।

পুষ্টির ঘাটতি ও শারীরিক সমস্যা

আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা ও ত্বকের প্রদাহজনিত রোগের কারণেও চোখের নিচে কালচে ভাব দেখা দিতে পারে। ধূমপান, অতিরিক্ত মানসিক চাপ আর অস্বাস্থ্যকর জীবনযাপনও এই সমস্যা বাড়াতে পারে।

চোখের নিচে কালো দাগ দূর করার উপায়

ডার্ক সার্কেল কমাতে প্রথমে জীবনযাপনে কিছু পরিবর্তন আনা উচিত। এর সঙ্গে সাধারণ কিছু ঘরোয়া পদ্ধতিও চোখের নিচের ফোলাভাব ও কালচে ভাব কমাতে পারে।

পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন: প্রতিদিন অন্তত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুম ভালো হলে চোখের নিচের ক্লান্তির ছাপ অনেকটাই কমে যায়। ঘুমানোর সময় মাথা সামান্য উঁচুতে রাখার চেষ্টা করুন। এতে করে চোখের নিচে তরল জমে ফোলাভাব তৈরির প্রবণতাও কমতে পারে।

ঠান্ডা সেঁক দিন: পরিষ্কার নরম কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে চোখের নিচে কিছুক্ষণ ধরে রাখুন। ঠান্ডা সেঁক রক্তনালির ফোলাভাব কমাতে পারে। পাশাপাশি চোখের নিচের ফোলা ভাব ও কালচে ছায়া সাময়িকভাবে হালকা করতে পারে।

শসার টুকরা ব্যবহার করুন: ঠান্ডা শসার টুকরা চোখের উপর ১০ থেকে ১৫ মিনিট ধরে রাখুন। শসায় থাকা পানি ও ভিটামিন সি ত্বক আর্দ্র রাখে এবং চোখের ক্লান্তি ও ফোলাভাব কমাতে সাহায্য করে।

ঠান্ডা টি-ব্যাগ ব্যবহার করুন: ব্যবহৃত টি-ব্যাগ ঠান্ডা করে চোখের উপর কয়েক মিনিট রাখতে পারেন। চায়ে থাকা ক্যাফেইন ও অ্যান্টিঅক্সিডেন্ট চোখের চারপাশে রক্ত চলাচলে সহায়তা করতে পারে। এতে ফোলাভাব ও কালচে ভাব কিছুটা কমতে পারে।

পর্যাপ্ত পানি পান করুন: শরীরের পানির ঘাটতি পূরণে নিয়মিত পানি পান করুন। পাশাপাশি ফলমূল ও শাকসবজি খাওয়ার অভ্যাস করুন। অতিরিক্ত লবণযুক্ত খাবার কম খান। এতে শরীরে পানি জমে চোখের নিচে ফোলাভাব তৈরির প্রবণতা কমতে পারে।

রোদ থেকে চোখকে রক্ষা করুন: বাইরে যাওয়ার সময় সানগ্লাস ব্যবহার করুন। চোখের চারপাশের ত্বকে উপযোগী সানস্ক্রিন ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। এতে সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকে অতিরিক্ত মেলানিন তৈরি হওয়ার ঝুঁকি কমে।

ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন: ধূমপান ত্বকের কোলাজেন ও ইলাস্টিনের ক্ষতি করে। ত্বকের বয়সও অনেকটা বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে অতিরিক্ত অ্যালকোহল শরীরে পানিশূন্যতা তৈরি করে। এসব অভ্যাস এড়িয়ে চললে ত্বকের স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

আলু ব্যবহার করুন: আলুতে থাকা উপাদান ত্বকের ফোলাভাব ও বিবর্ণতা দূর করতে পারে। এতে থাকা স্টার্চ প্রদাহ কমাতে সাহায্য করে। পাঁচ থেকে দশ মিনিটের জন্য আলুর পরিষ্কার টুকরা কালো জায়গায় আলতো করে ঘষুন।

ঘরোয়া উপায়ে সমস্যা না কমলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ অনুযায়ী চিকিৎসক বিভিন্ন পদ্ধতির পরামর্শ দিতে পারেন।

চোখের নিচে কালো দাগ সাধারণত ক্ষতিকর কিছু না। তবে হঠাৎ করে শুধু এক চোখের নিচে কালচে দাগ বা ফোলাভাব দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে দাগ ক্রমশ বাড়তে থাকলে, দীর্ঘদিনেও না কমলে বা ত্বকের পরিবর্তন দেখা দিলে বিষয়টি অবহেলা করা উচিত না।

কিছু ক্ষেত্রে রক্তস্বল্পতা, অ্যালার্জি বা থাইরয়েডের সমস্যা আছে কি না, তা জানতে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা দিতে পারেন।

বংশগত কারণে হওয়া ডার্ক সার্কেল সম্পূর্ণ দূর করা সব সময় সম্ভব না। তবে পর্যাপ্ত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস, পানি পান ও নিয়মিত ত্বকের যত্নের মাধ্যমে অনেকটাই কমানো সম্ভব।