logo

মজার কিছু ভর্তার রেসিপি

মজার কিছু ভর্তার রেসিপি

বাংলার রান্নায় ভর্তা একেবারেই আলাদা জায়গা দখল করে আছে। গরম ভাতের সঙ্গে একাধিক ভর্তা হলে খাবারের স্বাদ যেন কয়েক গুণ বেড়ে যায়। চলুন জেনে নিই সহজ কিছু ভর্তার রেসিপি, যা খুব কম উপকরণেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন।

আলু ভর্তা

উপকরণ - সিদ্ধ আলু ৩ থেকে ৪টি, ১টি পেঁয়াজের কুঁচি, ২ থেকে ৩টি কাঁচামরিচ কুঁচি, সরিষার তেল বা ঘি ১ টেবিল চামচ ও স্বাদমতো লবণ।

প্রস্তুত প্রণালি - সিদ্ধ আলু ভালোভাবে চটকে নিন। এতে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ ও ঘি বা সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিন। মসৃণ হয়ে গেলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

মসুর ডালের ভর্তা

উপকরণ - মসুর ডাল ১ কাপ, ১টি পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ ২ থেকে ৩টি, সামান্য ধনিয়া পাতা কুঁচি, সরিষার তেল, ধনিয়া পাতা।

প্রণালি - পরিমাণ মতো পানি দিয়ে ডাল সিদ্ধ করে নিন। এরপর ভাজা পেঁয়াজ, মরিচ কুঁচি, লবণ, সরিষার তেল ও ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিন।

পটল ভর্তা

উপকরণ - পটল ৫ থেকে ৬টি, ১টি পেঁয়াজের কুঁচি, ২টি কাঁচামরিচ, সরিষার তেল ১ টেবিল চামচ এবং স্বাদমতো লবণ।

প্রস্তুত প্রণালি - পটলগুলো সেদ্ধ বা ভেজে নরম করে নিন। ঠান্ডা হলে চটকে নিন। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিন।

শুঁটকি ভর্তা

উপকরণ - শুঁটকি মাছ আধা কাপ, ১টি পেঁয়াজের কুঁচি, ৩ থেকে ৪ কোয়া রসুন, শুকনা মরিচ ২টি, সরিষার তেল ১ টেবিল চামচ ও স্বাদমতো লবণ। 

প্রস্তুত প্রণালি - শুঁটকি মাছ ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। তারপর হালকা ভেজে নিন। এরপর রসুন ও শুকনা মরিচ ভেজে নিন। এবার সব উপকরণ একসঙ্গে বেটে বা মেখে নিন। শেষে পেঁয়াজ কুঁচি, লবণ ও সরিষার তেল মিশিয়ে নিন।

পেঁয়াজ-মরিচ ভর্তা

উপকরণ - ২টি পেঁয়াজ, ৩ থেকে ৪টি কাঁচা বা শুকনো মরিচ, সরিষার তেল ১ টেবিল চামচ ও স্বাদমতো লবণ।

প্রস্তুত প্রণালি - পেঁয়াজ ও কাঁচা মরিচ একসঙ্গে বেটে বা কুঁচি করে নিন। শুকনো মরিচ হলে টেলে বা ভেজে নিন। এরপর লবণ ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিন। এটি খুব সহজ কিন্তু অত্যন্ত মজাদার একটি ভর্তা। চাইলে কিছুটা লেবুর রসও ব্যবহার করতে পারেন।

সিদ্ধ ডিমের ভর্তা

উপকরণ - সিদ্ধ ডিম,কাঁচা বা ভাজা পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি, লবণ, সরিষার তেল, ভাজা শুকনামরিচ।

প্রণালি - ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন। পছন্দ অনুযায়ী কাঁচা অথবা ভাজা পেঁয়াজ নিন। এর সঙ্গে আরও লাগবে কাঁচামরিচ কুঁচি, একটা মুচমুচে করে ভেজে তোলা শুকনো মরিচ, লবণ ও সরিষার তেল। একসঙ্গে ডিম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিন।

মাছ ভর্তা

উপকরণ - যে কোনো মাছ ১ কাপ, ১টি পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ ২ থেকে ৩টি, সামান্য ধনিয়া পাতা কুঁচি, সরিষার তেল ১ টেবিল চামচ ও স্বাদমতো লবণ।

প্রস্তুত প্রণালি - মাছ সেদ্ধ বা ভেজে কাঁটা ছাড়িয়ে নিন। মাছ ভালোভাবে চটকে নিয়ে এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ ও সরিষার তেল দিয়ে মেখে নিন।

পরিবেশন : সব ভর্তা গরম ভাতের সঙ্গেপরিবেশন করুন। সঙ্গে পাতলা ডাল থাকলে খেতে আরও মজা হবে।

মনে রাখবেন, সরিষার তেল ব্যবহার করলে ভর্তার আসল স্বাদ পাওয়া যায়। ভর্তার আসল স্বাদ পাওয়া যায় হাতে মেখে নিলে। আর কাঁচামরিচ ও লবণ নিজের স্বাদ অনুযায়ী কম-বেশি দিতে পারেন। এই সহজ রেসিপিগুলো মেনে চললে খুব অল্প সময়েই তৈরি করতে পারবেন বিভিন্ন ধরনের মজাদার ভর্তা।