শীতকালে কুকুরকে সোয়েটার পরানো কি জরুরি, জানুন প্রয়োজনীয়তা ও সতর্কতা

শীত এলেই নিজের আরামের কথা যেমন ভাবেন, তেমনি পোষা প্রাণীর আরামের কথাও ভাবতে হয়। অনেকে তো নিজের পোষা কুকুরকে ঠান্ডা থেকে বাঁচাতে সোয়েটার বা শীতের পোশাকও কিনে দেন। তবে শুধু কি শখ করেই কুকুরকে সোয়েটার পরানো হয়, নাকি ঠান্ডা থেকে বাঁচতে তাদেরও আমাদের মতো শীতের পোশাকের প্রয়োজন হয়?
রাস্তাঘাটে তো আমরা কত কুকুর দেখি, তারা তো প্রচণ্ড শীতেও দিব্যি ঘুরে বেড়ায়। আসলে সব কুকুরের জন্য শীতের পোশাক জরুরি না। কিছু কুকুরের শরীরে প্রাকৃতিকভাবেই ঘন লোম থাকে, যা তাদের ঠান্ডা থেকে সুরক্ষা দেয়। আবার কিছু কুকুরের শরীরে লোম কম থাকায় শীত বেশি অনুভূত হয়। তাই কুকুরের জাত, বয়স, শারীরিক গঠন আর আবহাওয়া বুঝে সোয়েটার পরানো উচিত।
কুকুরকে সোয়েটার পরানোর উপকারিতা
কুকুরের সোয়েটার শুধু শখের জন্য না। এর বেশকিছু ব্যবহারিক উপকারিতাও আছে। বিশেষ করে যেসব কুকুর ঠান্ডা সহ্য করতে পারে না, তাদের শরীর উষ্ণ রাখতে সোয়েটার সাহায্য করে।
শরীর উষ্ণ রাখতে সাহায্য করে
ছোট আকারের কুকুর, কম লোমযুক্ত কুকুর বা বয়স্ক কুকুর শীতের সময় ঠান্ডায় অনেক কষ্ট পায়। এ ক্ষেত্রে সোয়েটার পরানো হলে এটি তাদের শরীরের তাপ ধরে রাখতে সাহায্য করে। ফলে ঠান্ডা আবহাওয়ায় বাইরে হাঁটাহাঁটি করার সময় তারা তুলনামূলক স্বস্তিতে থাকতে পারে।
ঘরের ভেতরেও আরাম দেয়
কুকুরের সোয়েটার সাধারণত হালকা হয়। তাই পোষা কুকুরকে ঘরের ভেতরে বা তুলনামূলক কম ঠান্ডার পরিবেশে এটি পরানো যেতে পারে। তবে কুকুরের শরীর বেশি গরম হয়ে যাচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখতে হবে।

অতিরিক্ত লোম ঝরা কমাতে সাহায্য করে
কিছু কুকুরের শরীর থেকে নিয়মিত লোম ঝরে। ঘরের আসবাব, বিছানা বা মেঝেতে লোম ছড়িয়ে পড়া কমাতে শরীর ঢাকা থাকে এমন সোয়েটার ব্যবহার করা যেতে পারে।
ত্বকের সুরক্ষায় কাজে আসে
কোনো আঘাতের পর কুকুরের ত্বক সংবেদনশীল হয়ে যেতে পারে। এ সময় উপযুক্ত পোশাক ত্বককে অতিরিক্ত আঁচড় বা ঘষা থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে। বাইরে হাঁটার সময় গাছের ডালপালা বা অন্যান্য জিনিসের ঘষা থেকেও রক্ষা করতে সাহায্য করে।
কোন কোন কুকুরের সোয়েটার প্রয়োজন?
সব কুকুরের জন্য সোয়েটার প্রয়োজন হয় না। যেসব কুকুরের শরীরে ঘন লোম থাকে এবং যারা সুস্থ, তারা সাধারণত ঠান্ডাকে ভালোভাবে মোকাবিলা করতে পারে। বরং তাদের সোয়েটার পরালে শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
অন্যদিকে, কয়েক ধরনের কুকুর আছে, যাদের শীতের পোশাক প্রয়োজন হতে পারে। যেমন-
ছোট জাতের কুকুর: ছোট আকারের কুকুর, বিশেষ করে টয় ব্রিডের কুকুরগুলো ঠান্ডায় বেশি কষ্ট পেতে পারে। তাই শীতের সময় তাদের জন্য হালকা সোয়েটার উপকারী হতে পারে।

কম লোমযুক্ত কুকুর: যেসব কুকুরের শরীরে লোম কম, তারা সহজেই ঠান্ডা অনুভব করে। যেমন- হুইপেট, গ্রেহাউন্ড ও আজাওয়াখ জাতের কুকুর। এদের শরীরে লোম ও চর্বির স্তর তুলনামূলক কম থাকায় শীত থেকে সুরক্ষার জন্য সোয়েটার কাজে আসতে পারে।
লোমহীন কুকুর: চাইনিজ ক্রেস্টেড, আমেরিকান হেয়ারলেস টেরিয়ার, পেরুভিয়ান ইনকা অর্কিড আর জোলোইটজকুইন্টলি জাতের কুকুরের শরীরে লোম খুব কম বা নেই বললেই চলে। ফলে ঠান্ডা আবহাওয়ায় তাদের বাড়তি সুরক্ষা প্রয়োজন হতে পারে।
ছোট বাচ্চা ও বয়স্ক কুকুর: কুকুরের ছোট বাচ্চা ও বয়স্ক কুকুরের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা তুলনামূলক দুর্বল হতে পারে। তাই ঠান্ডার সময় তাদের আরামের জন্য সোয়েটার পরাতে পারেন।
এ ছাড়া যেসব কুকুরের শরীরের লোম ছেঁটে ফেলা হয়েছে, তাদেরও ঠান্ডা থেকে বাঁচতে বাড়তি পোশাক দরকার হতে পারে।
কুকুরের জন্য সঠিক মাপের সোয়েটার বাছবেন যেভাবে
কুকুরের জন্য সোয়েটার কিনতে গেলে অনেকেই সঠিক মাপ বুঝতে পারেন না। বেশি বড় বা ছোট সোয়েটার কিনে ফেলেন। খুব বড় বা খুব ছোট সোয়েটার কোনোটিই কুকুরের জন্য আরামদায়ক না। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক মাপ।
সোয়েটার বেশি ঢিলেঢালা হলে কুকুরের পা বা শরীরের অন্য অংশ এতে আটকে যেতে পারে। এতে হাঁটাচলায় সমস্যা হতে পারে, এমনকি পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কাও থাকে।
আবার খুব আঁটসাঁট পোশাক কুকুরের স্বাভাবিক চলাফেরা বাধাগ্রস্ত করতে পারে। তাই সোয়েটার পরানোর পর কুকুরটি স্বাভাবিকভাবে হাঁটতে, দৌঁড়াতে বা খেলতে পারছে কি না, তা খেযাল রাখুন।
সঠিক মাপের জন্য একটি মাপার ফিতা দিয়ে তিনটি বিষয় মাপতে হবে।
১. ঘাড়ের মাপ ২. বুকের চারপাশের মাপ ৩. পিঠের দৈর্ঘ্য।
সোয়েটার কেনার আগে পোশাকের মাপের সঙ্গে সঙ্গে কুকুরের শরীরের মাপ মিলিয়ে নিন।
কুকুরের জন্য কেমন সোয়েটার কিনবেন?
কুকুরের জন্য সোয়েটার কেনার ক্ষেত্রে আবহাওয়া এবং ব্যবহারের উদ্দেশ্য বিবেচনা করা জরুরি। শীত বেশি হলে মোটা ও উষ্ণ সোয়েটার বেছে নিতে পারেন। তবে শীত কিছুটা কম হলে হালকা সোয়েটারই যথেষ্ট।

যেসব কুকুরের শরীর থেকে বেশি লোম ঝরে, তাদের জন্য পুরো শরীর ঢাকা পোশাক বেছে নিতে পারেন। আঘাত লাগা বা ত্বকে চুলকানির সমস্যা থাকা কুকুরের ক্ষেত্রেও এ ধরনের পোশাক কাজে আসতে পারে। তবে ক্ষতস্থানে পোশাক ব্যবহারের আগে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
কুকুরের সোয়েটার পরিষ্কার রাখবেন যেভাবে
পোষা কুকুর ঘরের সব জায়গায় চলফেরা করে, সোফা, টেবিল এমনকি বিছানাতেও। তাই এর সোয়েটার নিয়মিত পরিষ্কার করা খুবই জরুরি। কারণ পোশাকে কুকুরের শরীরের তেল, লোম, ধুলাবালি ও কাদামাটি জমতে পারে। দীর্ঘদিন অপরিষ্কার পোশাক ব্যবহার করলে দুর্গন্ধ হওয়ার পাশাপাশি ত্বকে অস্বস্তি বা জ্বালাপোড়াও দেখা দিতে পারে।
এ জন্য প্রতিবার ব্যবহারের পর প্রয়োজন অনুযায়ী সোয়েটার পরিষ্কার করা ভালো। তবে সব সোয়েটার একইভাবে পরিষ্কার করা যায় না। কিছু পোশাক ওয়াশিং মেশিনে ধোয়া যায়, আবার কিছু পোশাক হাতে ধুতে হয়। আবার কোনো কোনো পোশাক রোদে বা বাতাসে শুকাতে হয়। তাই কেনার পর পোশাকের গায়ে থাকা পরিষ্কার ও শুকানোর নির্দেশনা মেনে চলুন। এতে সোয়েটার সহজে নষ্ট হবে না বা সংকুচিত হয়ে যাবে না।
পোষা কুকুরকে সোয়েটার পরানো শুধু সৌন্দর্য বাড়ানোর বিষয় না। অনেক ক্ষেত্রে এটি তাদের সুস্থতা ও আরামের জন্য খুব দরকারি হতে পারে। তবে সব কুকুরের জন্য একই ধরনের পোশাক উপযুক্ত না। কুকুরের জাত, বয়স, শরীরের গঠন ও আবহাওয়া বিবেচনা করে সোয়েটার নির্বাচন করতে হবে।
তথসূত্র: অ্যামেরিকান কেনেল ক্লাব
