শরীরে প্রোটিনের ঘাটতি পূরণে যেসব খাবার খাবেন

শরীর সুস্থ রাখতে প্রোটিন অনেক গুরুত্বপূর্ণ। পেশি গঠন ও শক্তি বাড়ানো থেকে শুরু করে কোষের বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা ও শরীরের বিভিন্ন কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় পর্যাপ্ত প্রোটিন রাখা জরুরি। মাছ-মাংসের পাশাপাশি ডিম, দুধ, ডাল, বাদাম ও বিভিন্ন বীজ থেকেও শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন পাওয়া যায়।
প্রোটিনসমৃদ্ধ খাবার যেগুলো খাবেন
ডিম
প্রোটিনের সহজলভ্য উৎস ডিম। একটি বড় সেদ্ধ ডিমে প্রায় ৬.৩ গ্রাম প্রোটিন থাকে। ডিমে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের পাশাপাশি বিভিন্ন ভিটামিন, খনিজ ও স্বাস্থ্যকর ফ্যাটও পাওয়া যায়।
মুরগির মাংস
প্রোটিনের চাহিদা পূরণে মুরগির মাংস একটি ভালো খাবার। বিশেষ করে চামড়া ছাড়া মুরগির বুকের মাংসে প্রোটিন বেশি থাকে। এতে চর্বিও তুলনামূলক কম থাকে। রান্না করা ৮৬ গ্রাম মুরগির বুকের মাংসে প্রায় ২৬.৭ গ্রাম প্রোটিন পাওয়া যায়।
মাছ
মাছ উচ্চমানের প্রোটিনের উৎস। পাশাপাশি এতে ভিটামিন বি১২, আয়োডিন ও সেলেনিয়ামের মতো পুষ্টি উপাদান থাকে। সামুদ্রিক তৈলাক্ত মাছ যেমন স্যামন ও ম্যাকারেলে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায়।
দুধ
দুধ থেকে প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন বি২ পাওয়া যায়। এক কাপ বা ২৪৬ মিলিলিটার কম চর্বিযুক্ত দুধে প্রায় ৮.৩ গ্রাম প্রোটিন থাকে। হাড় ও পেশির সুস্থতা বজায় রাখতে দুধ খুব উপকারী।
ডাল
মসুর ডাল, মুগ ডাল ও অন্যান্য ডাল উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস। রান্না করা ১০০ গ্রাম মসুর ডালে প্রায় ৯ গ্রাম প্রোটিন থাকে। ডালে ফাইবার, আয়রন, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামও থাকে।
ছোলা
ছোলা প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ খাবার। রান্না করা ১০০ গ্রাম ছোলায় প্রায় ৭ গ্রাম প্রোটিন থাকে। নিয়মিত খাদ্যতালিকায় ছোলা রাখলে প্রোটিনের পাশাপাশি ফাইবারের চাহিদা পূরণেও সহায়তা পাওয়া যায়।
সয়াবিন
উদ্ভিজ্জ প্রোটিনের অন্যতম ভালো উৎস সয়াবিন। যারা মাছ-মাংস খান না, তাদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে। সয়াবিন থেকে তৈরি টোফুতেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ১৫০ গ্রাম টোফু থেকে প্রায় ১২ গ্রাম প্রোটিন পাওয়া যায়।
টক দই
অনেকে টক দই খেতে বেশ পছন্দ করেন। টক দইয়ে প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়াম, ভিটামিন বি১২ ও জিঙ্কও রয়েছে।
চিনাবাদাম
কম খরচে প্রোটিন পাওয়ার ভালো উৎস চিনাবাদাম। ২৮ গ্রাম চিনাবাদামে প্রায় ৭.৩ গ্রাম প্রোটিন থাকে। এতে ফাইবার, ভিটামিন ই ও ম্যাগনেশিয়ামও আছে। চিনাবাদাম দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।
কাঠবাদাম
কাঠবাদামে উদ্ভিজ্জ প্রোটিনের পাশাপাশি ফাইবার, ভিটামিন ই ও ম্যাগনেশিয়াম থাকে। ২৮ গ্রাম কাঠবাদামে প্রায় ৬ গ্রাম প্রোটিন পাওয়া যায়।
কুমড়ার বীজ
কুমড়ার বীজ প্রোটিন, ফাইবার ও বিভিন্ন খনিজ উপাদানের ভালো উৎস। প্রায় ৩০ গ্রাম কুমড়ার বীজে ৮.৮ গ্রাম প্রোটিন থাকে।
ওটস
অনেকেই ওটসকে শুধু ফাইবারসমৃদ্ধ খাবার মনে করেন। কিন্তু এটি প্রোটিনেরও ভালো উৎস। ১০০ গ্রাম ওটসে প্রায় ১১ গ্রাম প্রোটিন থাকে। সকালের নাশতায় দুধের সঙ্গে ওটস খাওয়া খুব পুষ্টিকর একটি খাবার হতে পারে।
কটেজ চিজ
কটেজ চিজ বা ছানা প্রোটিনের ভালো উৎস। প্রায় ১১৩ গ্রাম কম চর্বিযুক্ত কটেজ চিজে ১৪ গ্রাম প্রোটিন থাকে। এতে ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন বি১২ আছে।
চিয়া ও অন্যান্য বীজ
চিয়া বীজ, সূর্যমুখীর বীজ ও তিসিতে প্রোটিনের পাশাপাশি ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট ও বিভিন্ন খনিজ উপাদান থাকে। নিয়মিত পরিমিত পরিমাণে এসব বীজ খেলে খাদ্যতালিকায় প্রোটিনের পরিমাণ বাড়ানো যায়।
চিংড়ি
চিংড়ি উচ্চ প্রোটিনসমৃদ্ধ খাবার। রান্না করা ৮৫ গ্রাম চিংড়িতে প্রায় ২০.৪ গ্রাম প্রোটিন পাওয়া যায়। এর পাশাপাশি অন্যান্য পুষ্টি উপাদানও পাওয়া যায়।
প্রতিদিন কতটুকু প্রোটিন প্রয়োজন?
ব্যক্তির বয়স, ওজন, লিঙ্গ, শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্যের অবস্থার ওপর প্রোটিনের চাহিদা নির্ভর করে। তাই সবার জন্য একই পরিমাণ প্রোটিন প্রযোজ্য না। বিশেষ কোনো শারীরিক সমস্যা থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী প্রোটিন গ্রহণ করা উচিত।
শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রোটিন গ্রহণও ঠিক না। বিশেষ করে কিডনির সমস্যা থাকলে প্রোটিনের পরিমাণ নির্ধারণে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


