Advertisement

দুপুরে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন, শরীরে কী কী ঘটে জানুন

এশিয়া পোস্ট ডেস্ক
দুপুরে খাওয়ার পর ঘুমিয়ে পড়েন, শরীরে কী কী ঘটে জানুন
ছবি : সংগৃহীত

দুপুরে খাবারের পর ‘ভাতঘুম’ বা ছোট্ট বিশ্রাম নেওয়া অনেকের কাছেই স্বাভাবিক অভ্যাস। কেউ বলেন এতে শরীর রিফ্রেশ হয়, আবার কেউ মনে করেন এটি ওজন বাড়ানোর কারণ হতে পারে। চিকিৎসকদের মতে, সমস্যা ঘুম নয়, সমস্যা হলো ঘুমের সময়সীমা ও অভ্যাস।

ভাতঘুম (Afternoon Nap) বাঙালির দৈনন্দিন জীবনের পরিচিত একটি অংশ। ভারী খাবারের পর কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকা অনেকের কাছে আরামদায়ক মনে হলেও, এটি কি শরীরের জন্য সবসময় উপকারী? বিশেষজ্ঞদের মতে, সঠিক নিয়মে নিলে এটি উপকারী; কিন্তু অতিরিক্ত হলে তা উল্টো প্রভাব ফেলতে পারে।

২০১৯ সালে British Medical Journal (BMJ)-এর অধীনস্থ জার্নাল হার্টে (Heart) প্রকাশিত গবেষণা অনুযায়ী, দুপুরের স্বল্প সময়ের ঘুম শরীরের জন্য ক্ষতিকর নয় বরং উপকারী হতে পারে। তবে এখানে মূল বিষয় হলো সময়সীমা। ১৫ থেকে ২০ মিনিটের ‘পাওয়ার ন্যাপ’ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ক্লান্তি কমায়।

তাহলে সমস্যা কোথায়?

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে দুপুরে ঘুমানোই সমস্যা তৈরি করে। কারণ এতে রাতের ঘুমের স্বাভাবিক চক্র (sleep cycle) ব্যাহত হয়। ফলে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে।

দীর্ঘ সময় ঘুমের কারণে শরীরে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। যেমন— খিদে বাড়াতে পারে ঘ্রেলিন হরমোন, তৃপ্তির অনুভূতি কমাতে পারে লেপটিন হরমোন ও স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে গিয়ে মেটাবলিজম ধীর করতে পারে।

এর ফলে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস তৈরি হয় এবং ধীরে ধীরে ওজন বাড়ার ঝুঁকি তৈরি

ওজন কি সত্যিই বাড়ে?

চিকিৎসকদের মতে, সরাসরি ঘুমানোর কারণে ওজন বাড়ে না। কিন্তু অতিরিক্ত ঘুম রাতের ঘুম নষ্ট করলে যে হরমোনাল পরিবর্তন হয়, সেটাই পরোক্ষভাবে ওজন বৃদ্ধির ঝুঁকি তৈরি করে।

কী করা উচিত?

বিশেষজ্ঞরা কিছু সহজ পরামর্শ দিচ্ছেন-

  • খাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট হালকা হাঁটাচলা করুন
  • ঘুমালে ২০ থেকে ৩০ মিনিটের বেশি নয়
  • দিনে খুব ভারী ঘুম এড়িয়ে চলুন
  • রাতের ঘুম ঠিক রাখুন

দুপুরের ভাতঘুম পুরোপুরি খারাপ অভ্যাস নয়। বরং সীমিত সময়ের স্বল্প ঘুম শরীর ও মস্তিষ্ককে সতেজ রাখে। সমস্যা তৈরি হয় তখনই, যখন এটি দীর্ঘ ও অনিয়ন্ত্রিত হয়ে যায়। তাই শরীরকে সুস্থ রাখতে ঘুম নয়, ঘুমের সময়ের উপরই রাখতে হবে নিয়ন্ত্রণ।

সূত্র: টিভি ৯