কাজুবাদাম আসল নাকি নকল, বুঝবেন যেভাবে

খাবার তালিকায় স্বাস্থ্যকর খাবারের মধ্যে অনেকেই বাদামকে বেশ প্রাধান্য দিয়ে থাকেন। বিভিন্ন ধরনের বাদামের মধ্যে কাজুবাদাম খেতে পছন্দ করেন না, এমন মানুষ কমই আছেন। পুষ্টিগুণে ভরপুর এই বাদাম সরাসরি যেমন খাওয়া যায়, তেমনি বিভিন্ন রান্না বা নাশতাতেও ব্যবহার করা হয়।
তবে বাজারে ভালো মানের কাজুবাদামের পাশাপাশি নিম্নমানের বা ভেজাল কাজুবাদাম পাওয়ার আশঙ্কাও থাকে। বিশেষ করে অনলাইনে কেনার সময় এর মান নিয়ে প্রশ্ন ওঠে। অনেক সময় প্রিমিয়াম মানের প্যাকেট দেখে কিনলেও তা আসল কিনা এ নিয়ে সন্দেহ থাকে। তাই কাজুবাদাম কেনার আগে কয়েকটি বিষয় যাচাই করা জরুরি। রং, আকার, গন্ধ, স্বাদ থেকে শুরু করে প্যাকেটের উৎপাদনের তারিখ ও উপাদানের তালিকা দেখে সহজেই ভালো মানের কাজু সম্পর্কে ধারণা পেতে পারেন।
ভালো মানের কাজুবাদাম চেনার ৬টি উপায়
কাজুবাদামের রং ভালোভাবে দেখুন
ভালো মানের কাজুবাদাম সাধারণত সাদা বা হালকা ক্রিম রঙের হয়। এর রং মোটামুটি একই রকম থাকে। বাদামের গায়ে মসৃণ ভাব দেখা যায়।
কিন্তু কাজুবাদামে যদি অস্বাভাবিক হলদে ভাব, কালো দাগ, ছিদ্র বা রঙের অসামঞ্জস্য থাকে, তাহলে সতর্ক হওয়া উচিত। অতিরিক্ত বিবর্ণ বা উজ্জ্বল কাজুও ভালোভাবে যাচাই করে কেনা উচিত। তবে শুধু রং দেখেই কাজু আসল নাকি নকল, তা নিশ্চিত হওয়া যায় না।
আকার ও গঠন ভালোভাবে দেখুন
কাজুবাদামের মান বোঝার আরেকটি উপায় হলো এর আকার ও গঠন দেখা। ভালো মানের কাজু সাধারণত নির্দিষ্ট আকারের, কিছুটা মোটা ও দেখতে ফ্রেশ হয়। একই প্যাকেটে কাজুর আকার মোটামুটি একরকম থাকলে তা ভালো হওয়ার সম্ভাবনা থাকে।

কাজুর বিভিন্ন গ্রেড থাকে। যেমন W180, W240 ইত্যাদি। এই গ্রেডগুলো মূলত কাজুর আকার ও প্রতি পাউন্ডে বাদামের সংখ্যা অনুযায়ী নির্ধারিত হয়। সাধারণত W180 আকারে বড় আর W240 তুলনামূলক ছোট হয়। তাই কেনার সময় প্যাকেটে গ্রেড উল্লেখ আছে কি না, সেটিও দেখে নিতে পারেন।
তবে শুধু বড় আকারের কাজুই যে ভালো, এমন না। কাজুর আকারের পাশাপাশি এটি ফ্রেশ কি না ও সংরক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ।
পানিতে ভিজিয়ে পরীক্ষা করতে পারেন
কাজুবাদাম আসল না নকল, তা যাচাই করতে পানির পরীক্ষার কথাও বলা হয়। এ জন্য একটি পাত্রে পরিষ্কার পানি নিয়ে তাতে কয়েকটি কাজুবাদাম ছেড়ে দিন। আসল কাজুবাদাম সাধারণত পানির নিচে ডুবে যায়। অন্যদিকে ফাঁপা বা কিছু ভেজাল মেশানো থাকলে বাদাম পানিতে ভাসতে পারে।

তবে পানিতে ডোবা বা ভাসা দিয়ে কাজুর আসল-নকল নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না। এটি কোনো বৈজ্ঞানিক পরীক্ষা না। তাই শুধু এই পদ্ধতির ওপর নির্ভর না করে অন্যান্য বিষয়ও যাচাই করুন।
স্বাদ ও গঠন খেয়াল করুন
ভালো মানের কাজুবাদামের স্বাদ সাধারণত হালকা মিষ্টি ও বাদামের নিজস্ব স্বাদের মতো হয়। এটি খেতে মচমচে ও চিবাতে সুবিধা হয়। অন্যদিকে, নিম্নমানের বা বাসি কাজুবাদাম খাওয়ার সময় অতিরিক্ত নরম বা অস্বাভাবিক লাগতে পারে। চিবানোর সময় আঠালোও মনে হতে পারে।
কাজুবাদাম খাওয়ার সময় এর স্বাদ অস্বাভাবিক মনে হলে সেটি না খাওয়াই ভালো।
গন্ধ পরীক্ষা করুন
কাজুবাদাম ভালো কিনা তা বোঝার জন্য এর গন্ধও গুরুত্বপূর্ণ। ভালো কাজুতে সাধারণত হালকা বাদামের স্বাভাবিক ঘ্রাণ থাকে। কিন্তু কেনার সময় যদি তেলচিটে, বাসি বা অস্বাভাবিক গন্ধ পান, তা হলে সেই কাজুবাদাম না কেনাই ভালো।
বিশেষ করে দীর্ঘদিন সংরক্ষণের কারণে কাজুর তেল নষ্ট হয়ে গেলে তাতে বাসি বা তীব্র গন্ধ তৈরি হতে পারে।
প্যাকেটের উৎপাদনের তারিখ ও উপাদানের তালিকা দেখুন
অনলাইনে বা দোকান থেকে কাজুবাদাম কেনার সময় শুধু প্রিমিয়াম প্যাকেট দেখে কিনবেন না। প্যাকেটের উৎপাদনের তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ ও সংরক্ষণের নির্দেশনা ভালোভাবে দেখে নিন।
পাশাপাশি উপাদানের তালিকাও লক্ষ্য করুন। বিশেষ করে ফ্লেভারযুক্ত কাজু কিনলে তাতে কী ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে, তা জেনে নিন। অতিরিক্ত কৃত্রিম ফ্লেভার বা অপ্রয়োজনীয় উপাদান থাকলে তা না কেনাই ভালো।

মধু মেশানো কাজু কিনলে তাতে খাঁটি মধু ব্যবহার করা হয়েছে, নাকি শুধু সিরাপ বা অন্য কোনো মিষ্টি উপাদান আছে, সেটিও দেখে নেওয়া ভালো।
অনলাইনে কাজুবাদাম কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
- বিক্রেতা বা প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা যাচাই করুন।
- প্যাকেটের উৎপাদনের তারিখ ও মেয়াদ দেখুন।
- কাজুর গ্রেড ও আকার সম্পর্কে তথ্য জেনে নিন।
- সাম্প্রতিক ক্রেতাদের রিভিউ পড়ুন।
- ক্রেতারা কাজুর স্বাদ, গন্ধ, মচমচে ভাব ও সতেজতা নিয়ে কী বলেছেন, তা খেয়াল করুন।
- প্যাকেটের উপাদান ও সংরক্ষণের তথ্য স্পষ্টভাবে দেওয়া আছে কি না দেখুন।
বিশেষ করে শুধু ভালো রেটিং দেখে পণ্য কিনবেন না। অনেক সময় বিস্তারিত রিভিউ থেকে পণ্যের প্রকৃত মান সম্পর্কে বেশি ধারণা পাওয়া যায়।
কাজুবাদাম পুষ্টিকর খাবার হলেও নিম্নমানের বা বাসি বাদাম খেলে হজমের সমস্যা হতে পারে। আবার ভালোভাবে সংরক্ষণ করা না হলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই কাজুবাদাম কেনার সময় ভালোভাবে দেখে নেওয়া উচিত।
তথ্যসূত্র: Valency Agro , The Times of India


