গরমে কোন ধরনের পোশাক পরলে শরীর বেশি ঠান্ডা থাকে

গরম পড়লেই আমাদের প্রথম চিন্তা হয়, কী পোশাক পরলে একটু আরাম পাওয়া যাবে। অনেকেই মনে করেন, সাদা রঙের পাতলা টি-শার্ট পরলেই গরম থেকে রক্ষা পাওয়া যায়। আবার কেউ বলেন, শুধু সুতির কাপড়ই সবচেয়ে ভালো। কিন্তু বিজ্ঞান বলছে, শুধু কাপড়ের রঙ নয়, কাপড়ের ধরন, বুনন এবং পোশাকের নকশাও শরীর ঠান্ডা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষজ্ঞদের মতে, গরমে এমন পোশাক পরা উচিত যা শরীরের তাপ সহজে বের হতে দেয়, বাতাস চলাচল করতে দেয় এবং ঘাম দ্রুত শুকাতে সাহায্য করে। এতে শরীর স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকতে পারে।
ঢিলেঢালা পোশাক কেন ভালো?
অনেকেই মনে করেন, কম কাপড় পরলেই বেশি ঠান্ডা লাগবে। বাস্তবে ঢিলেঢালা পোশাক অনেক সময় আরও বেশি আরাম দেয়।
ঢিলেঢালা পোশাকের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে। এতে ঘাম দ্রুত শুকায় এবং শরীরের তাপও সহজে বেরিয়ে যায়। অন্যদিকে খুব আঁটসাঁট পোশাক তাপ ও ঘাম আটকে রাখে, ফলে অস্বস্তি বাড়তে পারে।
কোন কাপড় সবচেয়ে ভালো?
সুতি: গরমের জন্য সবচেয়ে জনপ্রিয় কাপড় হলো সুতি। এটি নরম, বাতাস চলাচল করতে দেয় এবং ঘাম শোষণ করতে পারে। দৈনন্দিন ব্যবহারের জন্য এটি খুবই আরামদায়ক।
লিনেন: প্রচণ্ড গরমে লিনেন অনেক সময় সুতির চেয়েও বেশি আরামদায়ক হতে পারে। এই কাপড় দ্রুত শুকিয়ে যায় এবং বাতাস চলাচলের সুযোগ বেশি দেয়। তাই দীর্ঘ সময় বাইরে থাকলে লিনেন ভালো বিকল্প হতে পারে।
ব্যায়ামের পোশাক আলাদা: হাঁটা, দৌড় বা ব্যায়ামের সময় সাধারণ সুতি পোশাকের বদলে ময়েশ্চার উইকিং বা ঘাম দ্রুত বাইরে বের করে দেয় এমন কাপড়ের পোশাক বেশি উপকারী। এগুলো শরীরকে তুলনামূলক শুষ্ক রাখতে সাহায্য করে।
পোশাকের রঙ কি সত্যিই গুরুত্বপূর্ণ?
হ্যাঁ, তবে এটিই একমাত্র বিষয় নয়।
হালকা রঙের পোশাক যেমন সাদা, ক্রিম বা হালকা ধূসর সূর্যের আলো তুলনামূলক বেশি প্রতিফলিত করে। ফলে কাপড় কম গরম হয়।
তবে গবেষকরা বলছেন, পোশাক যদি খুব আঁটসাঁট হয় বা বাতাস চলাচল না করে, তাহলে শুধু হালকা রঙের কারণে খুব বেশি সুবিধা পাওয়া যাবে না। ঢিলেঢালা ও বায়ু চলাচলকারী পোশাকই বেশি গুরুত্বপূর্ণ।
সিনথেটিক কাপড় কি এড়িয়ে চলবেন?
সব সিনথেটিক কাপড় এক রকম নয়।
সাধারণ পলিয়েস্টার বা নাইলনের পোশাক অনেক সময় তাপ ও ঘাম আটকে রাখতে পারে। তবে খেলাধুলার জন্য তৈরি আধুনিক সিনথেটিক কাপড়ে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়, যা ঘাম দ্রুত শুকাতে সাহায্য করে। তাই পোশাক কেনার সময় সেটি কী উদ্দেশ্যে তৈরি, সেটিও দেখা জরুরি।
রোদে বের হলে কী পরবেন?
প্রচণ্ড রোদে শুধু ছোট হাতার পোশাক পরাই সব সময় সবচেয়ে ভালো সমাধান নয়।
হালকা রঙের, পাতলা ও ঢিলেঢালা ফুলহাতা জামা অনেক সময় ত্বককে সূর্যের তাপ থেকে রক্ষা করে এবং অতিরিক্ত গরমও লাগতে দেয় না। সঙ্গে চওড়া কিনারার টুপি ও সানগ্লাস ব্যবহার করলে আরও সুরক্ষা পাওয়া যায়।
গরমে আরামদায়ক পোশাক বেছে নেওয়ার সহজ পরামর্শ
- ঢিলেঢালা পোশাক পরুন।
- সুতি বা লিনেনের কাপড় বেছে নিন।
- হালকা রঙের পোশাক ব্যবহার করুন।
- দীর্ঘ সময় রোদে থাকলে পাতলা ফুলহাতা পোশাক পরুন।
- ব্যায়ামের সময় ময়েশ্চার উইকিং কাপড় ব্যবহার করুন।
- খুব মোটা ও বাতাস চলাচল করতে পারে না এমন কাপড় এড়িয়ে চলুন।
গরমে আরাম পাওয়ার জন্য শুধু সাদা পোশাক পরলেই হবে না। পোশাকের কাপড়, নকশা, বুনন এবং কতটা ঢিলেঢালা, সবকিছুই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান বলছে, বাতাস চলাচল করতে পারে এমন সুতি বা লিনেনের ঢিলেঢালা পোশাক সাধারণত সবচেয়ে আরামদায়ক। আর যদি দীর্ঘ সময় বাইরে থাকতে হয়, তাহলে এমন পোশাক বেছে নিন যা শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও সুরক্ষা দেয়।
সূত্র: বিবিসি





