logo

বুক জ্বালাপোড়া কমানোর ঘরোয়া ৮টি উপায়

বুক জ্বালাপোড়া কমানোর ঘরোয়া ৮টি উপায়
বুক জ্বালাপোড়া করা। ছবি: ইউটিউব থেকে নেওয়া

বুক জ্বালাপোড়া করা খুবই অস্বস্তিকর একটি সমস্যা। খাওয়ার পর বুকে জ্বালাপোড়া করে, গলা পর্যন্ত টক পানি উঠে আসে- অনেকের সঙ্গেই এরকম হয়। সাধারণত পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে ফিরে এলে এমন সমস্যা হয়। অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার, একসঙ্গে অনেক বেশি খাওয়া বা খাওয়ার পরপরই শুয়ে পড়ার কারণে বুকজ্বালা বাড়তে পারে।

তবে কিছু ঘরোয়া উপায় ও প্রতিদিনের অভ্যাসে পরিবর্তন আনলে এই অস্বস্তি অনেকটাই কমাতে পারবেন।

Advertisement

বুক জ্বালাপোড়া কমানোর ঘরোয়া উপায়

পর্যাপ্ত পানি পান করুন

বুক জ্বালাপোড়া করলে ধীরে ধীরে এক গ্লাস পানি পান করুন। পানি খাদ্যনালিতে থাকা অ্যাসিড পরিষ্কার করতে পারে। অস্বস্তি কমাতেও সাহায্য করে।

আদা খেতে পারেন

আদা হজমশক্তি বাড়াতে বেশ ভালো কাজ করে। খাবারের পর সামান্য আদা চিবিয়ে খেলে বা আদা চা পান করলে গ্যাস ও পেট ফাঁপার সমস্যা কমে। তবে কারও কারও ক্ষেত্রে আদা খেলে বুকজ্বালা বাড়তেও পারে।

পাকা কলা খান

কলা একটি কম অম্লীয় ফল। এটি অনেকের ক্ষেত্রে বুকজ্বালার অস্বস্তি কমাতে পারে। খাবারের পর একটি পাকা কলা খেতে পারেন।

মৌরি খেতে পারেন

খাবারের পর অল্প মৌরি চিবিয়ে খেতে পারেন। প্রাচীনকাল থেকেই এটি হজমের অস্বস্তি কমাতে ব্যবহৃত হয়।

অল্প পরিমাণে বাদাম খান

কাঠবাদামসহ কিছু বাদামে স্বাস্থ্যকর ফ্যাট থাকে। অল্প কয়েকটি বাদাম খাওয়া যেতে পারে। তবে বেশি পরিমাণে বাদাম খেলে এর ফ্যাটের কারণে কারও কারও অ্যাসিড রিফ্লাক্স বাড়তে পারে।

খাবারের পর চুইংগাম চিবান

খাবারের পর প্রায় ৩০ মিনিট চুইংগাম চিবালে মুখে লালা তৈরি বাড়ে। এই লালা খাদ্যনালিতে ফিরে আসা অ্যাসিড পরিষ্কার করতে সাহায্য করে। তবে পিপারমিন্টযুক্ত চুইংগাম এড়িয়ে চলা ভালো।

অ্যালোভেরার জুস

অ্যালোভেরার জুস হজমতন্ত্রের অস্বস্তি কমাতে সহায়ক বলে ধারণা করা হয়। তবে বুকজ্বালা কমাতে এর কার্যকারিতা নিয়ে পর্যাপ্ত গবেষণা নেই। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত খাওয়া উচিত না।

মধু খেতে পারেন

মধুর কিছু প্রদাহবিরোধী বৈশিষ্ট্য আছে। এটি অ্যাসিড রিফ্লাক্সজনিত অস্বস্তি কমাতে সহায়তা করতে পারে।

লেবু-পানি পান করুন

এক গ্লাস কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করলে হজম ভালো হয়। এটি শরীরকে সতেজ রাখতেও সাহায্য করে।

বুকজ্বালা কমাতে দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন

  • একবারে বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে খাবার খান।
  • খাবার খাওয়ার পর অন্তত দুই থেকে তিন ঘণ্টা শুয়ে পড়বেন না।
  • অতিরিক্ত ঝাল, ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন।
  • চা, কফি, কোমল পানীয় ও চকলেট খাওয়ার পর বুকজ্বালা বাড়লে এগুলো কমিয়ে দিন।
  • ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন।
  • অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখুন।
  • রাতে বুকজ্বালা হলে ঘুমানোর সময় বিছানার মাথার দিক কিছুটা উঁচু করে রাখতে পারেন।
  • কোমরের চারপাশে বেশি চাপ পড়ে এমন আঁটসাঁট পোশাক পরবেন না।
  • মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।

ঘরোয়া উপায়ে অস্বস্তি কমতে পারে। তবে সপ্তাহে দুইবার বা তার বেশি বুক জ্বালাপোড়া হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। খাবার গিলতে অসুবিধা হওয়া, অকারণে ওজন কমে যাওয়া, দীর্ঘস্থায়ী কাশি বা তীব্র বুকব্যথা হলেও অবহেলা করা উচিত না। বিশেষ করে বুকব্যথার সঙ্গে শ্বাসকষ্ট, ঘাম বা মাথা ঘোরার মতো লক্ষণ দেখা দিলে জরুরি চিকিৎসা নিতে হবে।