logo

চুলের স্বাস্থ্য বজায় রাখতে যা করবেন, যা করবেন না 

চুলের স্বাস্থ্য বজায় রাখতে যা করবেন, যা করবেন না 

আমাদের সবারই চুলের যত্ন নিতে হয়। চুলের যত্ন নিতে আমরা নানা ধরনের টোটকা ব্যবহার করি। এই টোটকার কিছু কাজ করে, কিছু আবার করে না। চুলের যত্ন নিয়ে ভুল তথ্যেরও শেষ নেই। ভুল তথ্য প্রয়োগে নষ্ট হতে পারে চুলের স্বাস্থ্য। আবার হরমোনের পরিবর্তন এবং স্ট্রেসের কারণে অনেকেরই চুল পড়া বেড়ে যায়। তাই চুলের সঠিক যত্ন নিতে কিছু সাধারণ বিষয় জানা থাকা জরুরি। চলুন জেনে নিই, চুলের স্বাস্থ্য বজায় রাখতে কী করা যাবে, কী করা যাবে না। 

চুলের স্বাস্থ্য বজায় রাখতে যা করবেন

সঠিক শ্যাম্পু নির্বাচন: মাথার চুল তৈলাক্ত হলে ক্লারিফায়িং শ্যাম্পু ব্যবহার করুন। শুষ্ক হলে ব্যবহার করুন ময়েশ্চারাইজিং শ্যাম্পু। সপ্তাহে দুই থেকে তিনবারের বেশি শ্যাম্পু ব্যবহার না করাই ভালো। তবে যারা প্রতিদিন বাইরে বের হন, তাদের প্রতিদিনই শ্যাম্পু করা উচিত। 

কন্ডিশনার ব্যবহার: শ্যাম্পু করার পর চুলের গোড়ায় নয়, চুলের আগায় সামান্য কন্ডিশনার ব্যবহার করুন। শুষ্ক চুলের জন্য নিয়মিত কন্ডিশনিং করা প্রয়োজন। চুল বেশি শুষ্ক হলে প্রতিবার শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা উচিত। চুল তেলতেলে হলে কন্ডিশনিং না করলেও চলে। মিশ্র ধরনের চুলে এক দিন পরপর কন্ডিশনার ব্যবহার করা যায়। এটি চুলকে মসৃণ রাখে এবং বাইরের ধুলাবালু থেকে রক্ষা করে। 

মাথার ত্বকে ম্যাসাজ: প্রতি সপ্তাহে কমপক্ষে দুবার নারকেল তেল বা ক্যাস্টর তেল দিয়ে হালকা হাতে ১০-১৫ মিনিট ম্যাসাজ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে। শক্ত হয় চুলের গোড়া।  

প্রোটিন সমৃদ্ধ খাবার: চুলে ‘কেরাটিন’ নামক এক ধরনের প্রোটিন থাকে। তাই ডায়েটে ডিম, মাছ, পনির এবং বাদাম রাখুন। জিংক ও বায়োটিন সমৃদ্ধ খাবার চুল পড়া রোধে বেশ কাজ করে। 

ভিটামিন-ডি ও রোদ: হরমোনের ভারসাম্য ঠিক রাখতে শরীরে রোদ লাগান। এটি পরোক্ষভাবে চুলের স্বাস্থ্য ভালো রাখে। 

যা করবেন না 

ভেজা চুল আঁচড়ানো: ভেজা চুলের গোড়া সবচেয়ে নরম থাকে। তাই গোসলের পরপরই চুলে চিরুনি চালানো যাবে না। শুরুতে প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিতে হবে। 

অতিরিক্ত জেল বা ওয়াক্স: নিয়মিত স্টাইলিং জেল বা ওয়াক্স ব্যবহার করা যাবে না। এর ক্ষতিকর রাসায়নিক লোমকূপ বন্ধ করে দেয়। এতে চুল পাতলা হয়ে যায়। 

গরম পানি ব্যবহার:  সবসময় সাধারণ তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে। খুব গরম পানি দিয়ে মাথা ধোয়া যাবে না। এটি চুলের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। রুক্ষ করে ফেলে চুলকে।

চুল শুকনো: গোসল বা মাথা ধোয়ার পর নরম টি-শার্ট বা তোয়ালে দিয়ে চেপে চেপে পানি শুকিয়ে নিতে হবে। চুল মোছার সময় গামছা বা তোয়ালে দিয়ে খুব জোরে ঘষা যাবে না। এতে চুল ছিঁড়ে যায়।  

টাইট টুপি বা হেলমেট: দীর্ঘক্ষণ খুব টাইট টুপি বা হেলমেট পরে থাকা যাবে না। এতে মাথায় ঘাম জমে সংক্রমণ হতে পারে। চুলের গোড়ায় চাপ পড়ে ঝরে যেতে পারে চুল।