জুতোর আয়ু বাড়াতে পানি ছাড়াই পরিষ্কারের পদ্ধতিগুলো জানুন

এই বৃষ্টির মধ্যে জুতো পরিষ্কার রাখতে বারবার পানি দিয়ে ধোয়া সব সময় ভালো সিদ্ধান্ত নয়। এতে অনেক সময় জুতোর কাপড়, চামড়া, আঠা ও সেলাইয়ের ক্ষতি হয়ে এর স্থায়িত্ব কমে যেতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, জুতোর ধরন অনুযায়ী পানি ছাড়াই পরিষ্কার করার কিছু সহজ পদ্ধতি জানা থাকলে বর্ষাতেও জুতো পরিষ্কার, দুর্গন্ধমুক্ত এবং দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।
নরম ব্রাশ দিয়ে ধুলা ও কাদা ঝেড়ে ফেলুন
জুতো শুকিয়ে গেলে প্রথমে একটি নরম ব্রাশ বা পুরোনো টুথব্রাশ দিয়ে শুকনো কাদা, ধুলাবালি ও ময়লা পরিষ্কার করুন। এতে জুতোর ওপর জমে থাকা ময়লা সহজেই উঠে যাবে এবং পরে পরিষ্কার করাও সহজ হবে।
বেকিং সোডা ব্যবহার করুন
জুতোর ভেতরে দুর্গন্ধ হলে সামান্য বেকিং সোডা ছিটিয়ে সারা রাত রেখে দিন। এটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে এবং দুর্গন্ধ কমাতে সাহায্য করে। পরদিন জুতো ব্যবহারের আগে বেকিং সোডা ঝেড়ে ফেলুন।
ভেজা কাপড় দিয়ে দাগ মুছে ফেলুন
পুরো জুতো ভেজানোর বদলে একটি পরিষ্কার কাপড় সামান্য ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিন। এরপর দাগযুক্ত জায়গাগুলো আলতোভাবে মুছে ফেলুন। এতে জুতোর অতিরিক্ত ভেজার ঝুঁকি কম থাকে।
ট্যালকম বা বেবি পাউডার ব্যবহার করতে পারেন
যদি জুতোর ভেতর ঘাম ও দুর্গন্ধের সমস্যা বেশি হয়, তাহলে অল্প পরিমাণ বেবি পাউডার বা ট্যালকম পাউডার ব্যবহার করা যেতে পারে। এটি আর্দ্রতা শোষণ করে এবং দুর্গন্ধ কমাতে সাহায্য করে। জুতো পরার আগে পায়েও সামান্য পাউডার লাগানো যেতে পারে।
জুতো ভালোভাবে বাতাসে শুকান
জুতো ভিজে গেলে সরাসরি রোদে বা হেয়ার ড্রায়ারের তীব্র গরম বাতাসে শুকানো ঠিক নয়। এতে জুতোর আঠা আলগা হয়ে যেতে পারে, চামড়া ফেটে যেতে পারে বা জুতোর আকৃতি নষ্ট হতে পারে। এর বদলে বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। প্রয়োজনে জুতোর ভেতরে খবরের কাগজ ভরে দিলে তা আর্দ্রতা শুষে নিতে সাহায্য করবে।
বর্ষাকালে জুতোর দুর্গন্ধ এড়াতে যা করবেন
- একই জুতো প্রতিদিন না পরে পালা করে ব্যবহার করুন।
- ভেজা মোজা কখনোই আবার পরবেন না।
- ব্যবহারের পর জুতো কিছুক্ষণ খোলা জায়গায় রাখুন।
- সম্ভব হলে ইনসোল খুলে আলাদা করে শুকিয়ে নিন।
- জুতো পুরোপুরি শুকানোর আগে ব্যবহার করবেন না।
- কোন বিষয়গুলো এড়িয়ে চলবেন?
- ভেজা জুতো সরাসরি রোদে শুকাবেন না।
- হেয়ার ড্রায়ারের অতিরিক্ত গরম বাতাস ব্যবহার করবেন না।
- শক্ত ব্রাশ দিয়ে বেশি ঘষাঘষি করবেন না।
- জুতো দীর্ঘ সময় ভেজা অবস্থায় বন্ধ আলমারিতে রাখবেন না।
বর্ষাকালে জুতো পরিষ্কার রাখতে সবসময় পানি ব্যবহার করার প্রয়োজন হয় না। নিয়মিত শুকনো ব্রাশ দিয়ে পরিষ্কার করা, বেকিং সোডা দিয়ে দুর্গন্ধ দূর করা এবং জুতো ভালোভাবে শুকিয়ে রাখা অনেক ক্ষেত্রেই যথেষ্ট। তবে যদি জুতোর ভেতরে ছত্রাক, তীব্র দুর্গন্ধ বা স্থায়ী দাগ তৈরি হয়, তাহলে জুতোর উপাদান অনুযায়ী বিশেষ ক্লিনার ব্যবহার করা বা পেশাদার পরিষ্কার করার কথা বিবেচনা করতে পারেন।
সূত্র: টিভি ৯





