রেস্তোরাঁয় সবচেয়ে বেশি জীবাণু থাকে কোন জিনিসে, জানলে অবাক হবেন

রেস্তোরাঁয় খেতে গেলে আমরা সাধারণত প্লেট, গ্লাস বা চামচ পরিষ্কার কি না, সবার আগে সেটাই খেয়াল করি। অনেকেই আবার রান্নাঘরের পরিচ্ছন্নতা নিয়েও চিন্তা করেন। কিন্তু জানেন কি, গবেষকদের মতে রেস্তোরাঁর সবচেয়ে বেশি জীবাণু থাকতে পারে এমন একটি জিনিসে, যেটি আমরা প্রায় সবাই কোনো রেস্তোরাঁয় গেলে খাবার অর্ডার দেওয়ার আগেই হাতে নিই।
বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বেশি জীবাণু যেটায় থাকে, সেটি হলো মেনু কার্ড। প্রতিদিন অসংখ্য মানুষ একই মেনু হাতে নেন, কিন্তু সেটি সব সময় যথাযথভাবে জীবাণুমুক্ত করা হয় না। ফলে সেখানে ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু জমে থাকার ঝুঁকি তৈরি হয়।
কেন মেনু কার্ডে এত জীবাণু থাকে?
রেস্তোরাঁর একটি মেনু কার্ড দিনে বহু গ্রাহকের হাতে যায়। একজন ব্যবহার করার পর সেটি আরেকজনের হাতে চলে যায়। অনেক ক্ষেত্রে টেবিল পরিষ্কার করা হলেও মেনু কার্ড আলাদাভাবে জীবাণুমুক্ত করা হয় না। তাই এটি জীবাণু ছড়ানোর একটি সাধারণ মাধ্যম হয়ে উঠতে পারে।
কানাডার অণুজীববিজ্ঞানী ও লেখক জেসন টেট্রোর পর্যবেক্ষণ অনুযায়ী, রেস্তোরাঁর টেবিলে থাকা বিভিন্ন জিনিসের মধ্যে মেনু কার্ডে সবচেয়ে বেশি জীবাণু পাওয়া যেতে পারে। বিশেষ করে ল্যামিনেট করা বা প্লাস্টিকের মেনু কার্ডে জীবাণু দীর্ঘ সময় টিকে থাকতে পারে, যদি সেগুলো নিয়মিত পরিষ্কার না করা হয়।
শুধু মেনু কার্ড নয়, আরও যেসব জিনিসে জীবাণু থাকতে পারে
মেনু কার্ডের পাশাপাশি টেবিলে রাখা কিছু জিনিসেও জীবাণু থাকার সম্ভাবনা থাকে। যেমন- সসের বোতল, লবন বা গোলমরিচদানি।
এসব জিনিস প্রতিদিন অনেক মানুষ ব্যবহার করেন। কিন্তু সব রেস্তোরাঁয় এগুলো নিয়মিত জীবাণুমুক্ত করা হয় না। অনেক সময় একই কাপড় দিয়ে একাধিক টেবিল, চেয়ার ও বোতল মুছে ফেলা হয়। এতে এক জায়গার জীবাণু অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে।
কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন
রেস্তোরাঁয় খাওয়ার সময় কয়েকটি সহজ অভ্যাস আপনাকে অনেকটাই নিরাপদ রাখতে পারে।
খেয়াল করে, খাবার খাওয়ার আগে সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেবেন। হাত ধোয়ার সুযোগ না থাকলে অ্যালকোহলভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।
এছাড়া, মেনু কার্ড বা টেবিলের বিভিন্ন জিনিস স্পর্শ করার পর হাত দিয়ে চোখ, নাক বা মুখে হাত দেওয়া এড়িয়ে চলুন এবং সম্ভব হলে ডিজিটাল বা কিউআর কোডভিত্তিক মেনু ব্যবহার করুন।
রেস্তোরাঁয় খাওয়ার মানেই অসুস্থ হয়ে পড়া নয়। তবে পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন থাকা জরুরি। শুধু প্লেট বা গ্লাস নয়, মেনু কার্ড এবং টেবিলে থাকা অন্যান্য বহুল ব্যবহৃত জিনিসেও জীবাণু থাকতে পারে। তাই খাবার উপভোগের পাশাপাশি হাত পরিষ্কার রাখার মতো ছোট ছোট অভ্যাস আপনাকে নানা ধরনের সংক্রমণের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।
সূত্র: নিউজ ১৮






