বারবার ক্ষুধা লাগে কেন, জেনে নিন কিছু সম্ভাব্য কারণ

খাওয়ার কিছুক্ষণ পরই আবার ক্ষুধা লাগছে? এমনকি পেট ভরে খাওয়ার পরও খাবার খেতে ইচ্ছা করে? এর কারণ কী? সবসময় কি শুধু বেশি খাওয়ার অভ্যাসই দায়ী?
ক্ষুধা লাগা স্বাভাবিক বিষয়। কিন্তু দুপুরে বা রাতে পেট ভরে খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই যদি আবার খেতে ইচ্ছে করে তখন সেটা আর স্বাভাবিক থাকে না। খাদ্যাভ্যাস, ঘুমের অভাব, মানসিক চাপ থেকে শুরু করে কিছু শারীরিক সমস্যাও অতিরিক্ত ক্ষুধার কারণ হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক বারবার ক্ষুধা লাগার কিছু সম্ভাব্য কারণ।
খাবারে প্রোটিনের অভাব
শরীরে ক্ষুধা নিয়ন্ত্রণে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পর্যাপ্ত প্রোটিন খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। ক্ষুধা নিয়ন্ত্রণেও সাহায্য করে। খাবারে প্রোটিনের ঘাটতি থাকলে বারবার ক্ষুধা লাগতে পারে।
পর্যাপ্ত ঘুম না হওয়া
ঘুমের সঙ্গে ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের সম্পর্ক আছে। পর্যাপ্ত ঘুম না হলে লেপটিন হরমোনের মাত্রা কমতে পারে। এই হরমোন তৃপ্তির অনুভূতি তৈরি করে। অন্যদিকে, ক্ষুধা বাড়ায় এমন ঘ্রেলিন হরমোনের মাত্রা বেড়ে যেতে পারে। ফলাফল, বারবার ক্ষুধা লাগা।
অতিরিক্ত পরিশোধিত কার্বোহাইড্রেট খাওয়া
সাদা পাউরুটি, মিষ্টি খাবার, পেস্ট্রি ও বিভিন্ন প্রক্রিয়াজাত খাবারে পরিশোধিত কার্বোহাইড্রেট বেশি থাকে। এসব খাবার দ্রুত হজম হয়ে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। পরে শর্করার মাত্রা কমে গেলে আবার ক্ষুধা লাগতে পারে।
স্বাস্থ্যকর ফ্যাটের অভাব
দীর্ঘ সময় পেট ভরা রাখতে স্বাস্থ্যকর ফ্যাট বিশেষ ভূমিকা রাখে। এটি হজম হতে তুলনামূলক বেশি সময় নেয়। খাদ্যতালিকায় স্বাস্থ্যকর ফ্যাটের অভাব থাকলে ঘন ঘন ক্ষুধা লাগতে পারে। বাদাম, অলিভ অয়েল, ডিম, অ্যাভোকাডো ও সামুদ্রিক মাছে স্বাস্থ্যকর ফ্যাট থাকে।
পর্যাপ্ত পানি পান না করা
পর্যাপ্ত পানি পানের অভাবেও বারবার ক্ষুধা লাগতে পারে। এক্ষেত্রে শরীরের তৃষ্ণাকে ক্ষুধা বলে ভুল করতে পারেন। তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি।
খাবারে ফাইবারের ঘাটতি
ফাইবার বা আঁশযুক্ত খাবার হজম হতে বেশি সময় নেয়। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে বারবার ক্ষুধা লাগে না। ফলমূল, শাকসবজি, ডাল, ওটস, বাদাম ও বীজে প্রচুর ফাইবার পাওয়া যায়।
অন্য কাজে ব্যস্ত থেকে খাবার খাওয়া
মোবাইল দেখা, টেলিভিশন দেখা বা অন্য কোনো কাজ করতে করতে খাবার খেলে অনেক সময় কতটুকু খাওয়া হচ্ছে, তা খেয়াল থাকে না। এতে মস্তিষ্ক ঠিকভাবে পেট ভরে যাওয়ার সংকেত বুঝতে পারে না। ফলে প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া হয়ে যায়। এমনকি বারবার ক্ষুধা লাগার প্রবণতাও তৈরি হতে পারে।
অতিরিক্ত ব্যায়াম করা
নিয়মিত ব্যায়াম করলে শরীর বেশি ক্যালরি খরচ করে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে বা বেশি পরিশ্রমের ব্যায়াম করলে শরীরের শক্তির চাহিদা বেড়ে যায়। ফলে ক্ষুধাও বাড়তে পারে।
অতিরিক্ত অ্যালকোহল
অ্যালকোহল ক্ষুধা বাড়াতে পারে। এটি মস্তিষ্কের এমন কিছু অংশকে প্রভাবিত করে, যা খাবারের প্রতি আগ্রহ ও খাওয়ার ইচ্ছা নিয়ন্ত্রণ করে। অ্যালকোহল পানের পর স্বাভাবিকের তুলনায় বেশি খাবার খাওয়ার ইচ্ছা দেখা দিতে পারে।
তরল খাবার বেশি খাওয়া
স্মুদি, জুস বা বিভিন্ন ধরনের পানীয় পান করলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে না। কারণ, তরল খাবার সাধারণত কঠিন খাবারের তুলনায় দ্রুত হজম হয়। কিছুক্ষণ পরই আবার ক্ষুধা লাগতে পারে।
অতিরিক্ত মানসিক চাপ
দীর্ঘদিন মানসিক চাপে থাকলে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়তে পারে। এই হরমোন ক্ষুধা ও খাবারের প্রতি আকাঙ্ক্ষা বাড়াতে ভূমিকা রাখে। ফলে মানসিক চাপের সময় অনেকেরই বারবার খেতে ইচ্ছা করে।
কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
কিছু ওষুধের কারণে ক্ষুধা বেড়ে যেতে পারে। যেমন- নির্দিষ্ট কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক, কর্টিকোস্টেরয়েড, খিঁচুনির ওষুধ ও হরমোনাল জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। কোনো ওষুধ খাওয়ার পর অতিরিক্ত ক্ষুধা লাগলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
খুব দ্রুত খাবার খাওয়া
দ্রুত খাবার খেলেও এই সমস্যা হতে পারে। ধীরে ধীরে খাবার খেলে মস্তিষ্ক তৃপ্তির অনুভূতি বুঝতে পর্যাপ্ত সময় পায়। তাই ভালোভাবে চিবিয়ে ধীরে খাবার খেলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমতে পারে।
কিছু শারীরিক সমস্যা
বারবার ক্ষুধা লাগার পেছনে কিছু শারীরিক সমস্যাও থাকতে পারে। যেমন-
• ডায়াবেটিস
• হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড গ্রন্থির বেশি সক্রিয়তা
• হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করার মাত্রা কমে যাওয়া
• মাসিকের আগে হরমোনের পরিবর্তন
• বিষণ্নতার মতো কিছু মানসিক স্বাস্থ্য সমস্যা
তাই খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনার পরও অতিরিক্ত ক্ষুধা না কমলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

