মচমচে, টক-ঝাল স্বাদের জনপ্রিয় স্ট্রিট ফুড ভেলপুরি বানাবেন যেভাবে

হালকা ক্ষুধা মেটাতে বা বিকেলের আড্ডায় মুখরোচক কিছু খেতে চাইলে ভেলপুরির জুড়ি নেই। মুচমুচে মুড়ি, তাজা সবজি, টক তেঁতুলের চাটনি আর ঝাল মসলার মিশেলে তৈরি এই খাবারটি ভারতীয় উপমহাদেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড। স্বাদের পাশাপাশি এটি খুব অল্প সময়েই তৈরি করা যায়, তাই ঘরেও সহজে বানিয়ে নেওয়া সম্ভব।
ভেলপুরির জন্ম ভারতের পশ্চিমাঞ্চলের শহর মুম্বাইয়ে বলে মনে করা হয়। সমুদ্রসৈকত, রাস্তার খাবারের দোকান এবং ব্যস্ত শহুরে জীবনের সঙ্গে ভেলপুরির সম্পর্ক বহু দিনের। ধীরে ধীরে এর জনপ্রিয়তা ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে অঞ্চলভেদে উপকরণে কিছুটা ভিন্নতা থাকলেও ভেলপুরির মূল আকর্ষণ রয়ে গেছে এর মুচমুচে, টক, ঝাল ও মিষ্টি স্বাদের অনন্য সমন্বয়।
তবে মজার বিষয় হলো আমরা বাংলাদেশে যেটাকে ভেলপুরি বলে চিনি, আসলে মূল ভেলপুরি তা না। মূলত ভেলপুরি অনেকটা আমাদের দেশীয় ঝালমুড়ির মতো। চলুন ভেলপুরির রেসিপি জেনে নিই আজকে।
চলুন জেনে নেওয়া যাক ঘরেই কীভাবে তৈরি করবেন সুস্বাদু ভেলপুরি।
যা যা লাগবে
- মুড়ি ৪ কাপ
- সেদ্ধ আলু ১টি, ছোট কিউব করে কাটা
- পেঁয়াজ কুচি ১টি মাঝারি
- টমেটো কুচি ১টি
- শসা কুচি আধা কাপ
- ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
- কাঁচামরিচ কুচি ২টি
- ভাজা চিনাবাদাম আধা কাপ
- চানাচুর বা সেভ (আলুর ঝুরি ভাজা) ১ কাপ
- তেঁতুলের চাটনি ৩ টেবিল চামচ
- ধনেপাতার চাটনি ২ টেবিল চামচ
- চাট মসলা ১ চা চামচ
- ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ
- লাল মরিচ গুঁড়া বা মরিচের গুঁড়া স্বাদমতো
- লবণ স্বাদমতো
- লেবুর রস ১ টেবিল চামচ
যেভাবে বানাবেন
প্রথমে একটি বড় বাটিতে মুড়ি নিন। এরপর এতে সেদ্ধ আলু, পেঁয়াজ, টমেটো, শসা, ধনেপাতা, কাঁচামরিচ এবং ভাজা চিনাবাদাম যোগ করুন। এরপর তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, চাট মসলা, ভাজা জিরার গুঁড়া, লবণ এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
সবশেষে চানাচুর বা সেভ যোগ করে দ্রুত আলতোভাবে মিশিয়ে নিন। খুব বেশি সময় রেখে দিলে মুড়ি নরম হয়ে যাবে এবং মুচমুচে ভাব নষ্ট হবে।
পরিবেশন: ভেলপুরি তৈরি করার সঙ্গে সঙ্গেই পরিবেশন করুন। ওপরে আরও কিছু সেভ, ধনেপাতা কুচি এবং সামান্য চাট মসলা ছড়িয়ে দিলে দেখতে ও খেতে আরও ভালো লাগবে। চাইলে সঙ্গে একটি লেবুর টুকরাও পরিবেশন করতে পারেন।
টিপস
- একেবারে শুকনো ও মুচমুচে মুড়ি ব্যবহার করুন।
- পরিবেশনের ঠিক আগে সব উপকরণ মিশিয়ে নিন, তাহলে ভেলপুরি মচমচে থাকবে।
- ঘরে সেভ না থাকলে ভালো মানের ঝুরো চানাচুর ব্যবহার করতে পারেন।
- তেঁতুলের চাটনি ও ধনেপাতার চাটনির পরিমাণ নিজের স্বাদ অনুযায়ী কমবেশি করতে পারেন।
- চাইলে সেদ্ধ ছোলা, ডালিমের দানা বা কাঁচা আম কুচি যোগ করে স্বাদে ভিন্নতা আনতে পারেন।
সহজ কিছু উপকরণ দিয়ে অল্প সময়েই তৈরি করা যায় সুস্বাদু ভেলপুরি। টক, ঝাল, মিষ্টি আর মুচমুচে স্বাদের এই স্ট্রিট ফুড বিকেলের নাস্তা, পারিবারিক আড্ডা বা অতিথি আপ্যায়নের জন্য হতে পারে দারুণ একটি পছন্দ।





