প্রতিদিন ডাল খাচ্ছেন, অথচ যেসব ভুলে পাচ্ছেন না পুরো পুষ্টি

গরম ভাতের সঙ্গে ডাল না হলে বাঙালির খাবারটা ঠিক জমে না। মসুর, মুগ, ছোলা, অড়হর বা খেসারির ডাল, সবই শরীরের জন্য পুষ্টিকর। এতে উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবারসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়।
তবে ডাল শুধু খেলেই শরীর পুষ্টি পেয়ে যায়, তা না। আপনি কীভাবে ডাল রান্না করছেন, রান্নার আগে কীভাবে রাখছেন তার ওপরও পুষ্টিগুণ পাওয়া অনেকটাই নির্ভর করে। কিছু ভুলের কারণে অজান্তেই ডালের পুষ্টিগুণ হারাতে পারে। রান্নার সময় কিছু সহজ নিয়ম মেনে চললে ডালের পুষ্টি আরও ভালোভাবে পেতে পারেন।
রান্নার আগে ডাল ভিজিয়ে রাখুন
ডাল রান্নার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখা ভালো। এতে ডালের মধ্যে থাকা ফাইটেটের মতো অ্যান্টি-নিউট্রিয়েন্টের পরিমাণ কমতে পারে। এসব উপাদান শরীরে আয়রন ও জিঙ্কের মতো খনিজ শোষণে বাধা সৃষ্টি করতে পারে।
অনেকে ডাল ধুয়েই সরাসরি রান্নায় বসিয়ে দেন। এটা করবেন না। রান্নার আগে মুগ ও মসুর ডাল প্রায় দুই ঘণ্টা ভিজিয়ে রাখতে পারেন। অড়হর ও বিউলির ডাল এক থেকে দেড় ঘণ্টা ভিজিয়ে রাখলেও উপকার পাওয়া যায়। তবে ডালের ধরন অনুযায়ী ভিজিয়ে রাখার সময় কিছুটা পরিবর্তিত হতে পারে।
ডাল ভেজানো পানি ফেলে দেবেন কি না
ডাল ভিজিয়ে রাখার পর অনেকেই সেই পানি ফেলে দিয়ে নতুন পানিতে রান্না করেন। ভেজানো পানিতে ডালের কিছু পুষ্টি উপাদান মিশে থাকে। তাই পানি ফেলে দিলে সেগুলোও চলে যায়। এক্ষেত্রে ডাল ভেজানোর সময়ই ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবেন।
তবে ডাল ভেজানো পানিতে অ্যান্টি-নিউট্রিয়েন্টের কিছু অংশও চলে আসে। তাই সব ধরনের ডালের ক্ষেত্রে ভেজানো পানি ব্যবহার করা ঠিক না। ডালের ধরন অনুযায়ী রান্নার পদ্ধতি ভিন্ন হতে পারে।
রান্নার আগে ভালোভাবে ধুয়ে নিন
ডাল রান্নার আগে পরিষ্কার পানিতে দুই থেকে তিনবার ভালো ভাবে ধুয়ে নেওয়া উচিত। এতে ধুলোবালি ও ময়লা দূর হয়। এরপর পরিষ্কার পানিতে ডাল ভিজিয়ে রাখতে হবে।
ডাল ভেজানোর জন্য সব সময় পরিষ্কার পানি ব্যবহার করা জরুরি। বিশেষ করে ডালে ময়লা বা অস্বাভাবিক গন্ধ থাকলে তা ভালোভাবে পরিষ্কার না করে রান্না করা উচিত না।
কম পালিশ করা ডাল বেছে নিন
বাজারে বিভিন্ন ধরনের পালিশ করা ও অপরিশোধিত ডাল পাওয়া যায়। ডাল কেনার সময় অতিরিক্ত চকচকে দেখেই ভালো মানের বলে ধরে নেবেন না। তুলনামূলক কম প্রক্রিয়াজাত বা আনপালিশড ডাল বেছে নেওয়া ভালো।
এর পাশাপাশি ডালের প্যাকেটের মেয়াদ, উৎপাদন ও সংরক্ষণের তথ্য যাচাই করতে হবে। বিশ্বস্ত বিক্রেতা বা পরিচিত ব্র্যান্ড থেকে ডাল কেনার চেষ্টা করুন।
এক ধরনের ডাল না খেয়ে বিভিন্ন ডাল খান
সব ডালের পুষ্টিগুণ এক রকম না। মসুর, মুগ, ছোলা, অড়হরসহ বিভিন্ন ডালে প্রোটিন, ফাইবার ও খনিজ উপাদানের পরিমাণে পার্থক্য থাকে। তাই খাবারের তালিকায় বিভিন্ন ধরনের ডাল মিক্সড করে রাখতে পারেন। এতে বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়ার সুযোগ তৈরি হয়।

