logo

খাওয়ার পর এই ৮ অভ্যাস ক্ষতি করছে শরীরের

খাওয়ার পর এই ৮ অভ্যাস ক্ষতি করছে শরীরের

অনেকেই মনে করেন, ভালো খাবার খেলেই শরীর সুস্থ থাকবে। কিন্তু বিষয়টি শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয়। খাওয়ার পর আপনি কী করছেন, সেটিও সমান গুরুত্বপূর্ণ। কিছু সাধারণ অভ্যাস অজান্তেই হজমের সমস্যা, পুষ্টির ঘাটতি এমনকি দীর্ঘমেয়াদে নানা শারীরিক জটিলতার কারণ হতে পারে। তাই খাওয়ার পর কী করা উচিত আর কী নয়, তা জানা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, খাওয়ার পর নিচের অভ্যাসগুলো এড়িয়ে চলা উচিত - 

খাওয়ার পর ফল খাওয়া

ফল স্বাস্থ্যকর হলেও খাওয়ার পরপর খেলে হজমে সমস্যা হতে পারে। এটি খাবারের সঙ্গে মিশে হজম ধীর করে দেয়। ফল খাওয়ার ভালো সময় হলো খাওয়ার অন্তত ১ ঘণ্টা পরে।

ধূমপান করা

খাওয়ার পর ধূমপান শরীরের জন্য আরও ক্ষতিকর। এটি হজমে সমস্যা তৈরি করে এবং অন্ত্রে প্রদাহ বা আলসারের ঝুঁকি বাড়ায়।

খেয়েই ঘুমিয়ে পড়া

খাওয়ার পরপর ঘুমালে গ্যাস্ট্রিক, বুক জ্বালা বা এসিডিটির সমস্যা হতে পারে। অন্তত ১ ঘণ্টা বিরতি রাখা ভালো।

খাওয়ার পর গোসল করা

এই সময়ে গোসল করলে রক্ত সঞ্চালন ত্বকের দিকে বেশি চলে যায়, ফলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে।

ভারী ব্যায়াম করা

খাওয়ার পর ভারী ব্যায়াম করলে বমি, পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। তবে হালকা হাঁটা বা বজ্রাসন করা যেতে পারে।

চা বা কফি পান করা

খাওয়ার পরপর চা বা কফি খেলে আয়রন শোষণে বাধা দেয়। তাই অন্তত ১ ঘণ্টা পরে পান করা ভালো।

বেল্ট ঢিলা করা

খাওয়ার পর বেল্ট ঢিলা করা অনেকের অভ্যাস। এটি হজমে চাপ সৃষ্টি করে এবং অতিরিক্ত খাওয়ার লক্ষণ হতে পারে।

সঙ্গে সঙ্গে পানি পান করা

খাওয়ার পরপর পানি খেলে পাকস্থলীর হজমরস পাতলা হয়ে যায়, ফলে হজমে সমস্যা হতে পারে। পানি খাওয়ার ভালো সময় হলো খাওয়ার ৩০ মিনিট আগে বা ১ ঘণ্টা পরে।

এই অভ্যাসগুলোর অনেকগুলোই আমাদের দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু একটু সচেতন হলেই এগুলো এড়িয়ে চলা সম্ভব। সুস্থ থাকতে হলে শুধু কী খাচ্ছেন তা নয়, কীভাবে খাচ্ছেন এবং খাওয়ার পর কী করছেন - সেদিকেও সমান নজর দেওয়া জরুরি।

সূত্র: হেল্থ শট