নিয়মিত কুমড়ার বীজ খেলে যেসব স্বাস্থ্য উপকারিতা পাাবেন

মিষ্টি কুমড়া আমাদের খুব পরিচিত ও পুষ্টিগুণসমৃদ্ধ একটি সবজি। আমরা অনেকে এর বীজ খেতেও বেশ পছন্দ করি। তবে কুমড়ার পাশাপাশি এর বীজের যে কত স্বাস্থ্য উপকারিতা আছে তা হয়তো অনেকেরই অজানা। ছোট এই বীজে প্রোটিন, ফাইবার, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, আয়রন, স্বাস্থ্যকর ফ্যাট ও বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
নিয়মিত পরিমিত পরিমাণে কুমড়ার বীজ খেলে শরীরের বিভিন্ন উপকার পেতে পারেন। জেনে নিন কুমড়ার বীজ খাওয়ার কিছু স্বাস্থ্য উপকারিতা।
হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী
কুমড়ার বীজে থাকা ম্যাগনেশিয়াম, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট ও অসম্পৃক্ত ফ্যাট হার্টের সুস্থতায় ভূমিকা রাখতে পারে। এসব উপাদান রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। বিশেষ করে কুমড়ার বীজের তেল নিয়ে করা কিছু গবেষণায় রক্তচাপ কমা ও ভালো কোলেস্টেরল বাড়ার সম্ভাবনা দেখা গেছে।
রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে
কুমড়ার বীজে প্রচুর ম্যাগনেশিয়াম থাকে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কিছু গবেষণায় দেখা গেছে, কুমড়ার বীজযুক্ত খাবার খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা তুলনামূলক কম বাড়ে।
হজমশক্তি ভালো রাখে
কুমড়ার বীজে থাকা ফাইবার হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে পারে। বিশেষ করে খোসাসহ বীজে ফাইবারের পরিমাণ বেশি থাকে। পর্যাপ্ত ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে পারে। এর পাশাপাশি অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমও বজায় রাখতে পারে।
ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে
ফাইবার ও প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। কুমড়ার বীজে এই দুই উপাদানই থাকে। এটি ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে এতে ক্যালরি ও ফ্যাটের পরিমাণও বেশি। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে পরিমিত পরিমাণে খেতে হবে।
হাড়ের স্বাস্থ্য ভালো রাখে
কুমড়ার বীজে থাকা ম্যাগনেশিয়াম হাড় গঠন ও হাড়ের ঘনত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম থাকলে হাড়ের স্বাভাবিক গঠন ও সুস্থতা বজায় থাকে।
রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়ক
কুমড়ার বীজে জিঙ্ক, ভিটামিন ই ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে।
ঘুমের মান ভালো করতে পারে
কুমড়ার বীজে ট্রিপটোফ্যান নামের একটি অ্যামিনো অ্যাসিড আছে। শরীর এই উপাদান থেকে সেরোটোনিন ও মেলাটোনিন তৈরি করে। এটি ঘুম ও শরীরের স্বাভাবিক বিশ্রাম প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। এ ছাড়া এতে থাকা ম্যাগনেশিয়ামও ভালো ঘুমের জন্য গুরুত্বপূর্ণ।
পুরুষের প্রজননস্বাস্থ্যে উপকারী হতে পারে
শরীরে জিঙ্কের ঘাটতি থাকলে শুক্রাণুর গুণগত মান ও পরিমাণে প্রভাব পড়তে পারে। পর্যাপ্ত জিঙ্ক গ্রহণ শুক্রাণুর স্বাভাবিক গুণমান বজায় রাখতে সহায়ক হতে পারে। একারণে কুমড়ার বীজ পুরুষের প্রজননস্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।
প্রোস্টেট ও মূত্রথলির স্বাস্থ্যে ভূমিকা রাখে
গবেষণায় দেখা গেছে যে কুমড়ার বীজের তেল পুরুষদের প্রোস্টেট স্বাস্থ্যের জন্য উপকারী। কুমড়ার বীজের তেল প্রস্রাবের সমস্যায় ভোগা ব্যক্তিদের উপসর্গ কমাতে সহায়ক হতে পারে। মূত্রথলির সমস্যাতেও কুমড়ার বীজের নির্যাসের সম্ভাব্য উপকারিতা নিয়ে গবেষণা হয়েছে। তবে এটি কোনো চিকিৎসার বিকল্প না।
কিছু ক্যানসারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে
কুমড়ার বীজে লিগন্যানসহ বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কিছু গবেষণায় স্তন ও প্রোস্টেট ক্যানসারের কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে এসব উপাদানের সম্ভাব্য ভূমিকার কথা উঠে এসেছে। তবে কুমড়ার বীজ খেলে ক্যানসার প্রতিরোধ করা যায়, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি।
কুমড়ার বীজ কীভাবে খাবেন
কুমড়ার বীজ কাঁচা অথবা হালকা ভেজে খাওয়া যায়। প্রতিদিনের খাবারে বিভিন্নভাবে এটি যোগ করতে পারেন-
- আপনি এগুলো কাঁচা বা ভাজা খাবার হিসেবে খেতে পারেন।
- বিকেলের নাশতা হিসেবে অল্প পরিমাণে খেতে পারেন।
- সালাদ বা ফলের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়।
- ওটস, গ্রানোলা বা অন্যান্য বাদাম ও বীজের সঙ্গে মিশিয়ে নিতে পারেন।
- অলিভ অয়েল ও পছন্দের মসলা দিয়ে হালকা ভেজে খেতে পারেন।
- কুমড়ার বীজ দিয়ে তৈরি বাটারও খাওয়া যায়।
- প্রোটিন পেতে বাদাম ও শুকনো ফলের সঙ্গে মিশিয়ে নাস্তা হিসেবে খান।
কুমড়ার বীজ খাওয়ার ক্ষেত্রে সতর্কতা
কুমড়ার বীজে ফাইবার ও ফ্যাটের পরিমাণ বেশি। তাই একসঙ্গে অতিরিক্ত খেলে পেট ফাঁপা, অস্বস্তি বা হজমের সমস্যা হতে পারে। যাদের খাদ্যতালিকায় ফাইবারের পরিমাণ কম, তারা অল্প পরিমাণ দিয়ে শুরু করতে পারেন।
এ ছাড়া কুমড়ার বীজে ফ্যাট থাকায় দীর্ঘদিন সঠিকভাবে সংরক্ষণ না করলে এর গুণগত মান নষ্ট হতে পারে। তাই ঠান্ডা, শুষ্ক ও আলো থেকে দূরে এমন স্থানে রাখতে পারেন। ফ্রিজে সংরক্ষণ করাও ভালো। ছোট শিশুদের বীজ খাওয়ানোর সময় শ্বাসনালিতে আটকে যাওয়ার ঝুঁকি থাকে, তাই সতর্ক থাকতে হবে।

