logo

প্রতিদিন সকালে চা-বিস্কুট খাচ্ছেন, অজান্তেই ডেকে আনছেন যে বিপদ

প্রতিদিন সকালে চা-বিস্কুট খাচ্ছেন, অজান্তেই ডেকে আনছেন যে বিপদ
সকালবেলা চায়ে বিস্কুট ডুবিয়ে খেতে পছন্দ করেন অনেকেই। ছবি: এই সময়

প্রতিদিনের ব্যস্ত জীবনে সকালবেলা নাশতা বানানোর সময় পাচ্ছেন না। এক কাপ চা, আর এর সঙ্গে এক প্যাকেট বিস্কুট নিয়েই খাওয়া শুরু করছেন। এই কাজ আমরা অনেকেই করে থাকি। কিন্তু সকালে পুষ্টিকর নাশতার পরিবর্তে চা-বিস্কুট খাওয়া শরীরের জন্য অনেক বড় বিপদ ডেকে আনতে পারে।

সারা দিনের কাজের এনার্জি পাওয়া অনেকটাই নির্ভর করে সকালের পুষ্টিকর খাবারের ওপর। প্রতিদিন সকালের নাশতায় শুধু চা ও বিস্কুট খেলে শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি হতে পারে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা, ক্ষুধা ও হজমের ওপরও প্রভাব পড়তে পারে।

Advertisement

রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে

বেশির ভাগ বিস্কুটই ময়দা, চিনি ও বিভিন্ন ধরনের তেল দিয়ে তৈরি করা হয়। আর চায়ে চিনি মেশালে শরীরে অতিরিক্ত শর্করা প্রবেশ করে। চা-বিস্কুটের এই কম্বোতে রিফাইন্ড কার্বোহাইড্রেট ছাড়া আর কিছুই নেই। প্রোটিন প্রায় নেই বললেই চলে।

ফলে এগুলো খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে পারে। বিশেষ করে যাদের ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস আছে, তাদের জন্য এমন নাশতা নিয়মিত খাওয়া একদমই ভালো অভ্যাস না।

দ্রুত ক্ষুধা ও ক্লান্তি আসতে পারে

সকালের নাশতায় পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার না থাকলে দীর্ঘ সময় পেট ভরা থাকে না। চা-বিস্কুট খাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই আবার ক্ষুধা লাগতে পারে। পর্যাপ্ত পুষ্টি না পাওয়ার কারণে দিনের মাঝামাঝি সময়ে ক্লান্তি অনুভব করতে পারেন। কারও কারও মনোযোগ ধরে রাখতেও সমস্যা হতে পারে।

পুষ্টির ঘাটতি হতে পারে

চা ও বিস্কুটে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় না। বিশেষ করে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজের মতো উপাদান পাওয়া যায় না।

নিয়মিত এই দুই খাবারকে সকালের একমাত্র নাশতা হিসেবে রাখলে ডিম, ডাল, দুধ, মাছ-মাংস, ফলমূল ও শাকসবজির মতো পুষ্টিকর খাবার খাওয়ার সুযোগ কমে যায়। ফলে দীর্ঘদিনের খাদ্যাভ্যাসে প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার ঘাটতি তৈরি হয়।

কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে

বিস্কুটে খাদ্য আঁশ বা ফাইবার থাকে না বললেই চলে। ফাইবার হজমপ্রক্রিয়া স্বাভাবিক রেখে মলত্যাগ সহজ করতে সাহায্য করে।

তাই প্রতিদিনের নাশতায় ফাইবারসমৃদ্ধ খাবার না থাকলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে বা আগে থেকে থাকলে আরও বাড়তে পারে।

চা আয়রন শোষণে বাধা দিতে পারে

চায়ে থাকা পলিফেনল ও ট্যানিন উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণ কমাতে পারে। বিশেষ করে খাবার খাওয়ার পরপরই চা পান করলে এই প্রভাব দেখা যায়।

যাদের শরীরে আগে থেকেই আয়রনের ঘাটতি আছে, তাদের এই বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাই আয়রনসমৃদ্ধ খাবার খাওয়ার সময় চা পান এড়িয়ে চলুন।

খারাপ কোলেস্টেরল ও ওজন বাড়তে পারে

চা-বিস্কুটে থাকা চিনি ও ফ্যাটের কারণে ওজন এবং রক্তে খারাপ কোলেস্টেরল দুটোই বাড়তে পারে। বিস্কুটে থাকা অতিরিক্ত চিনি, ময়দা ও ফ্যাট শরীরে বাড়তি ক্যালরি যোগ করতে পারে।

বিশেষ করে চিনি দেওয়া দুধ চা ও বেশি পরিমাণে প্যাকেটজাত বিস্কুট খাওয়ার অভ্যাস থাকলে সতর্ক থাকা উচিত।

তাই সকালে শুধু চা-বিস্কুটের ওপর নির্ভর না করে নাশতায় পুষ্টিকর খাবার রাখা জরুরি। সকালের নাশতায় প্রোটিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার রাখা উচিত। এসব খাবার দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদাও মেটায়। চা পানের অভ্যাস থাকলে দিনের অন্যান্য সময় খেতে পারেন।