এক প্লেট গরম ভেজিটেবল চাওমিন- স্বাদ, পুষ্টি আর রঙিন সবজির অনন্য সমন্বয়

ব্যস্ত জীবনে ঝটপট তৈরি করা যায়, আবার স্বাদেও থাকে অনন্য— এমন একটি জনপ্রিয় খাবার হলো ভেজিটেবল চাওমিন। কর্মজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী; অনেকেই এমন খাবার খোঁজেন— যা অল্প সময়ে তৈরি করা যায়, সুস্বাদু এবং পুষ্টিকরও। স্বাস্থ্যকর সবজি আর নুডলসের দারুণ সমন্বয়ে তৈরি এই খাবারটি ঘরেই বানানো যায় খুব সহজে।
চীনা খাবার হিসেবে পরিচিত হলেও বর্তমানে এটি বাংলাদেশের ঘরোয়া রান্নাঘরেও সমান জনপ্রিয়। তাজা সবজি, সঠিক মসলা এবং কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই মিলবে স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি খাবার। চলুন জেনে নেওয়া যাক ভেজিটেবল চাওমিন তৈরির সহজ রেসিপি।
ভেজিটেবল চাওমিন তৈরিতে যা যা উপকরণ লাগবে
- চাওমিন নুডলস- ১ প্যাকেট
- গাজর কুচি- আধা কাপ
- বাঁধাকপি কুচি- ১ কাপ
- ক্যাপসিকাম- আধা কাপ
- বিনস কুচি- আধা কাপ
- পেঁয়াজ-১টি
- কাঁচামরিচ- ৩/৪ টি
- রসুন কুচি- ১ চা চামচ
- সয়াসস- ২ টেবিল চামচ
- টমেটো সস- ১ টেবিল চামচ
- ভিনেগার- ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়ো- আধা চা চামচ
- লবণ- স্বাদমতো
- তেল- ২ টেবিল চামচ
- ডিম: ১টি (ঝুরি করে নেওয়ার জন্য) ইচ্ছামত
প্রস্তুত প্রণালি
প্রথমে নুডলস সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর সামান্য তেল মিশিয়ে আলাদা করে রাখুন, যাতে নুডলস লেগে না যায়।
কড়াইয়ে তেল গরম করে রসুন ও পেঁয়াজ হালকা ভেজে নিতে হবে। এরপর গাজর, বাঁধাকপি, বিনস ও ক্যাপসিকাম দিয়ে উচ্চ আঁচে ৩ থেকে ৪ মিনিট নেড়ে ভাজতে হবে। ভাজার সময় সবজি অতিরিক্ত সিদ্ধ না করাই ভালো।
এরপর সয়াসস, টমেটো সস, ভিনেগার, লবণ ও গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে সেদ্ধ নুডলস যোগ করে দুই থেকে তিন মিনিট দ্রুত নাড়তে হবে । তারপর কাঁচামরিচ ও ডিম (ঝুরি করা) দিয়ে আরও ২-৩ বার নেড়ে নামিয়ে ফেলুন।
ভেজিটেবল চাওমিনের পুষ্টিগুণ
পুষ্টিবিদদের মতে, বিভিন্ন ধরনের রঙিন সবজি ব্যবহারের কারণে ভেজিটেবল চাওমিনে খাদ্যআঁশ, ভিটামিন এ, ভিটামিন সি এবং কিছু প্রয়োজনীয় খনিজ পাওয়া যায়। তবে অতিরিক্ত তেল ও সস ব্যবহার না করে; রান্না করলে এটি তুলনামূলকভাবে স্বাস্থ্যকর খাবার হিসেবেও বিবেচিত হতে পারে।
কিছু টিপস্
- নুডলস বেশি সেদ্ধ করবেন না।
- সবজি উচ্চ আঁচে অল্প সময় ভাজুন।
- সয়াসস বেশি দিলে স্বাদ অতিরিক্ত লবণাক্ত হতে পারে।
- রান্নার শেষে সামান্য গোলমরিচ দিলে স্বাদ আরও বাড়ে।
- তাজা সবজি ব্যবহার করলে স্বাদ হয় দ্বিগুণ।
অল্প সময়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার হিসেবে ভেজিটেবল চাওমিন হতে পারে পরিবারের সবার পছন্দের একটি খাবার। বাড়িতে থাকা সাধারণ কিছু সবজি আর নুডলস দিয়েই সহজে তৈরি করা যায় এটি। রেস্তোরাঁর স্বাদ পেতে খুব বেশি উপকরণেরও ঝামেলা নেই। সব বয়সিদের পছন্দের এই খাবার হতে পারে সকালের নাশতা, বিকেলের নাস্তা বা রাতের খাবারের আকর্ষণীয় একটি বিকল্প।
.png)





