logo

আজ বিশ্ব টেলিভিশন দিবস, যে যন্ত্রটির সামনে কেটেছে শৈশবের সন্ধ্যা

আজ বিশ্ব টেলিভিশন দিবস, যে যন্ত্রটির সামনে কেটেছে শৈশবের সন্ধ্যা
বিশ্ব টেলিভিশন দিবস আজ। ছবি: ভেকটিজি

আজ ২১ নভেম্বর, বিশ্ব টেলিভিশন দিবস। একটা সময় ছিল যখন হাতে স্মার্টফোন ছিল না। বিকেল হলেই পাড়ার মাঠে খেলাধুলা আর সন্ধ্যা নামলেই বাড়ি ফিরে টিভি দেখার তাড়া। বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল টিভিতে নাটক-সিনেমা দেখা।

সেই ছোট্ট বাক্সটাই ছিল একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার অন্যতম প্রধান মাধ্যম। সাদাকালো ঝিরঝির করা টেলিভিশনের পর্দা আর এন্টেনা; এগুলোর সঙ্গে জড়িয়ে আছে আমাদের শৈশবের স্মৃতি।

Advertisement

কালের বিবর্তনে বদলে গেছে টেলিভিশনের রূপ। প্রযুক্তির উন্নতির সঙ্গে সাদাকালো পর্দা থেকে টেলিভিশন পৌঁছেছে রঙিন ছবি, ডিজিটাল সম্প্রচার ও ইন্টারনেট সংযোগের যুগে।

ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম
ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম

তথ্য, শিক্ষা ও বিনোদনের অন্যতম জনপ্রিয় এই মাধ্যমের গুরুত্ব তুলে ধরতেই প্রতিবছর বিশ্বজুড়ে ‘বিশ্ব টেলিভিশন দিবস’ পালন করা হয়। মানুষের কাছে বিশ্বের নানা প্রান্তের খবর, ঘটনা ও সংস্কৃতি পৌঁছে দিতে টেলিভিশনের ভূমিকা স্মরণ করাই এই দিবসের মূল উদ্দেশ্য।

প্রতিষ্ঠার পর থেকেই টেলিভিশন অনেক উন্নয়ন ও পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। একসময় সাদা-কালো থেকে রঙিন, তারপর এইচডি ও স্মার্ট প্রযুক্তির আগমন ঘটেছে।

ডিজিটাল প্ল্যাটফর্ম ও স্মার্টফোনের প্রভাব থাকলেও বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটি এখনো বিনোদনের অন্যতম প্রধান উৎস।

টেলিভিশনের আবিষ্কার কোনো একজনের একক কৃতিত্ব না। উনিশ শতকের শেষ ভাগ থেকেই চলন্ত ছবি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছিল। ১৯২৬ সালের ২৬ জানুয়ারি স্কটিশ বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড লন্ডনে প্রথমবার প্রকাশ্যে চলন্ত ছবি সম্প্রচার করে দেখান।

পরবর্তী সময়ে ফিলো ফার্নসওয়ার্থের মতো আবিষ্কারকদের হাত ধরে ইলেকট্রনিক টেলিভিশনের প্রযুক্তিও উন্নত হয়। এই যুগান্তকারী আবিষ্কারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই দিনটি বেছে নেওয়া হয়।

১৯৯৬ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে ঘোষণা করে। একই বছর অনুষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্ব টেলিভিশন ফোরাম। সেখানে বিশ্বজুড়ে মানুষের মতামত, সিদ্ধান্ত গ্রহণ ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরিতে টেলিভিশনের প্রভাব নিয়ে আলোচনা হয়।

ছবি: এই সময়
ছবি: এই সময়

একসময় তথ্য জানার প্রধান মাধ্যম ছিল সংবাদপত্র ও রেডিও। টেলিভিশন সেই যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ করে। এর মাধ্যমে মানুষ ঘরে বসেই দেশ-বিদেশের ঘটনা, গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার, শিক্ষামূলক অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন দেখতে পারে।

বিশ্ব টেলিভিশন দিবস মূলত গণমাধ্যমের স্বাধীনতা, স্বচ্ছতা ও বিশ্বজুড়ে মানুষের মধ্যে যোগাযোগ ও সচেতনতা তৈরিতে টেলিভিশনের ভূমিকার কথা মনে করিয়ে দেয়। সাদা-কালো পর্দা থেকে স্মার্ট স্ক্রিন, প্রযুক্তি বদলেছে, বদলেছে দেখার অভ্যাস। কিন্তু মানুষের জীবনে আজও বিশেষ জায়গা জুড়ে আছে টেলিভিশন।