Advertisement

মানসিক চাপ কমান সহজ ৬ উপায়ে

এশিয়া পোস্ট ডেস্ক
মানসিক চাপ কমান সহজ ৬ উপায়ে
ছবি : সংগৃহীত

বর্তমান ব্যস্ত জীবনে মানসিক চাপ বা স্ট্রেস যেন অনেকের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। কাজের চাপ, ব্যক্তিগত সমস্যা, অনিশ্চয়তা কিংবা দৈনন্দিন দুশ্চিন্তা ধীরে ধীরে শরীর ও মনের ওপর প্রভাব ফেলতে শুরু করে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন অতিরিক্ত মানসিক চাপ থাকলে তা ঘুমের সমস্যা, উচ্চ রক্তচাপ, উদ্বেগ এমনকি হৃদরোগের ঝুঁকিও বাড়াতে পারে।

তবে ভালো খবর হলো, কিছু সহজ অভ্যাস দৈনন্দিন জীবনে যোগ করলে মানসিক চাপ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। চলুন জেনে নিই এমন ৬টি অভ্যাসের বিষয়।

এক কাপ চা খেতে পারেন: অনেকেই ক্লান্তি বা চাপ কমাতে বারবার কফি খান। কিন্তু অতিরিক্ত ক্যাফেইন শরীরে চাপ বাড়াতে পারে। এর বদলে গ্রিন টি বা হালকা চা পান করা ভালো। গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও থিয়ানিন নামের উপাদান স্নায়ুকে শান্ত রাখতে সাহায্য করে।

ধ্যান বা মেডিটেশন করুন: নিয়মিত মেডিটেশন মানসিক শান্তি আনতে কার্যকর ভূমিকা রাখে। কয়েক মিনিট গভীরভাবে শ্বাস নেওয়া ও মনকে স্থির রাখার অভ্যাস দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। অনেকেই যোগব্যায়াম ও ধ্যান একসঙ্গে করে ভালো ফল পান।

হাসিখুশি থাকার চেষ্টা করুন: হাসি শুধু মন ভালোই করে না, শরীরেও ইতিবাচক প্রভাব ফেলে। হাসলে শরীরে এন্ডোরফিন নামের হরমোন নিঃসৃত হয়, যা মন ভালো রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমায়।

শরীরচর্চা ও হাঁটার অভ্যাস করুন: প্রতিদিন অল্প সময় হাঁটা বা হালকা ব্যায়ামও মানসিক চাপ কমাতে সাহায্য করে। দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করলে মাঝেমধ্যে উঠে হাঁটাহাঁটি করুন। পছন্দের গান শুনে ব্যায়াম করলে মন আরও ভালো থাকে।

পর্যাপ্ত ঘুম খুব জরুরি: স্ট্রেসের কারণে অনেকের ঘুম কমে যায়। আবার ঠিকমতো ঘুম না হলে মানসিক চাপ আরও বাড়ে। তাই প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করা উচিত। ঘুমানোর আগে মোবাইল বা টিভি কম ব্যবহার করলে ভালো ঘুম হতে পারে।

ইতিবাচক চিন্তা করুন: জীবনে সমস্যা থাকবেই। তবে সব সময় নেতিবাচক চিন্তা করলে মানসিক চাপ আরও বাড়ে। নিজেকে মনে করিয়ে দিন যে খারাপ সময় একসময় কেটে যায়। ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করছে, এমন ইতিবাচক ভাবনা মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ পুরোপুরি এড়িয়ে চলা সম্ভব না হলেও তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ছোট ছোট কিছু ভালো অভ্যাসই শরীর ও মনকে সুস্থ রাখতে বড় ভূমিকা রাখতে পারে।

সূত্র: মিডিয়াম