logo

সহজ কিছু উপাদানেই ঘর থাকবে সতেজ

সহজ কিছু উপাদানেই ঘর থাকবে সতেজ
ছবি : সংগৃহীত

অনেক সময় ঘরে ঢুকেই এক ধরনের বন্ধ গন্ধ নাকে আসে। রান্নাঘরের গন্ধ, ভেজা কাপড়ের গন্ধ কিংবা দীর্ঘসময় জানালা বন্ধ থাকার কারণে পুরো ঘরটাই যেন ভারী লাগতে শুরু করে। তখন বেশির ভাগ মানুষ এয়ার ফ্রেশনার বা সুগন্ধি স্প্রে ব্যবহার করেন। কিন্তু এসব পণ্যের অনেকগুলোতেই থাকে বিভিন্ন রাসায়নিক উপাদান, যা দীর্ঘসময় ব্যবহারে স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে।

তাই এখন অনেকেই প্রাকৃতিক উপায়ে ঘরকে সুগন্ধি ও সতেজ রাখার দিকে ঝুঁকছেন। মজার বিষয় হলো, এমন অনেক উপাদান আমাদের রান্নাঘরেই থাকে, যেগুলো সহজেই ঘরের দুর্গন্ধ দূর করতে পারে।

কফি

কফি পছন্দ করেন যারা, তাদের জন্য সুখবর আছে। কফির গুঁড়া শুধু পানীয় হিসেবেই নয়, ঘরের দুর্গন্ধ দূর করতেও বেশ কার্যকর। একটি ছোট বাটিতে তাজা কফির গুঁড়া রেখে ঘরের কোণায় রাখলে এটি বাজে গন্ধ শোষণ করতে সাহায্য করে। বিশেষ করে রান্নাঘর বা বন্ধ ঘরে এটি ভালো কাজ করে।

বেকিং সোডা

বেকিং সোডা অনেক পুরোনো কিন্তু দারুণ কার্যকর একটি উপাদান। কার্পেট, সোফা বা জুতার দুর্গন্ধ দূর করতে এটি ব্যবহার করা যায়। সামান্য বেকিং সোডা ছিটিয়ে কিছুক্ষণ রেখে পরে পরিষ্কার করে ফেললেই গন্ধ অনেকটাই কমে যায়। ফ্রিজের ভেতরেও ছোট একটি খোলা পাত্রে বেকিং সোডা রেখে দিলে দুর্গন্ধ কমে।

এসেনশিয়াল অয়েল

এসেনশিয়াল অয়েলও এখন অনেক জনপ্রিয়। লেবু, ল্যাভেন্ডার, ইউক্যালিপটাস বা পুদিনার মতো সুগন্ধি তেল কয়েক ফোঁটা তুলায় দিয়ে ঘরের বিভিন্ন জায়গায় রাখলে মন ভালো করা সুগন্ধ ছড়িয়ে পড়ে। ছোট জায়গা বা ডাস্টবিনের আশপাশেও এটি কাজে দেয়।

ভিনেগার

ভিনেগারের গন্ধ শুরুতে একটু তীব্র লাগলেও এটি খুব ভালো প্রাকৃতিক ডিওডোরাইজার। রান্নাঘর বা বাথরুমের কঠিন গন্ধ দূর করতে ভিনেগার কার্যকরভাবে কাজ করে। ধোঁয়ার গন্ধ কমাতেও এটি ব্যবহার করা হয়।

অনেকেই এখন ঘরের ভেতর ছোট ছোট গাছ রাখেন। শুধু সৌন্দর্যের জন্য নয়, কিছু গাছ ঘরের বাতাসও সতেজ রাখে। মিন্ট, রোজমেরি, স্নেক প্ল্যান্ট বা স্পাইডার প্ল্যান্ট ঘরে হালকা প্রাকৃতিক সুগন্ধ ছড়ায় এবং পরিবেশকে আরামদায়ক করে তোলে।

সিমার পট

শীতের সময় অনেকের ঘরে দারুচিনি আর লেবুর মিষ্টি গন্ধ ভেসে আসে। এটি আসে সিমার পট থেকে। একটি পাত্রে পানি নিয়ে তার মধ্যে দারুচিনি, লবঙ্গ আর লেবুর টুকরা দিয়ে চুলায় হালকা আঁচে ফুটালে পুরো ঘরে আরামদায়ক সুগন্ধ ছড়িয়ে পড়ে।

লেবুর খোসা

লেবুর খোসাও দারুণ কাজ করে। বিশেষ করে রান্নাঘরের সিঙ্ক বা ডাস্টবিনের আশপাশের গন্ধ দূর করতে এটি উপকারী। গরম পানির সঙ্গে লেবুর খোসা ব্যবহার করলে রান্নাঘর অনেক বেশি ফ্রেশ লাগে।

গাছ

ঘরে তুলসী, থাইম বা ল্যাভেন্ডারের মতো গাছ থাকলে শুধু রান্নার কাজেই নয়, ঘরের পরিবেশও সতেজ থাকে। এসব গাছের হালকা সুগন্ধ স্বাভাবিকভাবেই ঘরের বাতাসকে সুন্দর করে তোলে।

ভ্যানিলা এক্সট্র্যাক্ট

ভ্যানিলা এক্সট্র্যাক্টও ব্যবহার করা যায় প্রাকৃতিক এয়ার ফ্রেশনার হিসেবে। একটি তুলায় কয়েক ফোঁটা ভ্যানিলা এক্সট্র্যাক্ট দিয়ে ছোট বাটিতে রেখে দিলে ঘরে মিষ্টি ও আরামদায়ক গন্ধ ছড়িয়ে পড়ে। বিশেষ করে শোবার ঘর বা বসার ঘরে এটি বেশ ভালো লাগে।

ঘরকে সুন্দর ও সতেজ রাখতে সবসময় দামি সুগন্ধি পণ্যের প্রয়োজন হয় না। অনেক সময় রান্নাঘরের সাধারণ কিছু উপাদানই পুরো ঘরের পরিবেশ বদলে দিতে পারে। আর প্রাকৃতিক উপায়ে ঘর সতেজ রাখলে মনও অনেক বেশি শান্ত ও স্বস্তিতে থাকে।

সূত্র: ইয়াহু