ঘুম ভেঙে উঠতে মন চায় না, সকালের ডিপ্রেশন কাটানোর ৪ উপায়

সকালে ঘুম ভেঙে উঠতে মন না চাওয়া বা ভারী লাগা অনেক মানুষেরই হয়। এটি কোনো আলাদা চিকিৎসা-নির্ণীত রোগ নয়, তবে বাস্তব একটি মানসিক অবস্থা, যা দিন শুরু করাকে কঠিন করে তোলে।
বিশেষজ্ঞদের মতে, সকালের নীরবতা অনেক সময় নেতিবাচক চিন্তাকে বাড়িয়ে দেয়। ফলে কিছু মানুষের ক্ষেত্রে দিনের শুরুতেই দুঃখ, ক্লান্তি বা অনীহা বেশি অনুভূত হয়। এটাকেই সাধারণভাবে সকালের ডিপ্রেশন বলা হয়।
সকালের ডিপ্রেশন কী
সকালের ডিপ্রেশন বলতে বোঝানো হয় এমন একটি মানসিক অবস্থা, যেখানে দিনের প্রথম ভাগে দুঃখ, হতাশা, ক্লান্তি বা অনুপ্রেরণার অভাব বেশি থাকে। সময় এগোলে অনেকের ক্ষেত্রে এই অনুভূতি কিছুটা কমে আসে।
এর লক্ষণগুলোর মধ্যে থাকতে পারে
- ঘুম থেকে উঠতে কষ্ট হওয়া
- শক্তি কমে যাওয়া
- মনোযোগ দিতে সমস্যা হওয়া
- দিনের কাজ শুরু করতে অনীহা
- ঘুম ও খাওয়ার স্বাভাবিক ছন্দে পরিবর্তন
কিছু ক্ষেত্রে মানুষ আগ্রহ হারিয়ে ফেলে, এমনকি সামাজিকভাবে দূরত্বও তৈরি করতে পারে।
কেন সকালে উপসর্গ বেশি খারাপ লাগে
শরীরের ঘুম ও জাগরণের ছন্দে সমস্যা
মানুষের শরীরের একটি প্রাকৃতিক ঘুম ও জাগরণের চক্র আছে। এটি ঠিক না থাকলে সকালে মন খারাপ, ক্লান্তি ও হতাশা বেশি অনুভূত হতে পারে। খারাপ ঘুম বা মাঝেমধ্যে ঘুম ভেঙে যাওয়াও সকালে মানসিক দুর্বলতা বাড়ায়।
রাতে মোবাইল ব্যবহার বা অতিরিক্ত স্ক্রলিং ঘুমের মান নষ্ট করতে পারে, ফলে সকালটা আরও কঠিন হয়ে ওঠে।
হরমোনের পরিবর্তন
ঘুম থেকে ওঠার পর শরীরে স্ট্রেস হরমোন স্বাভাবিকভাবেই বেড়ে যায়। ডিপ্রেশন থাকলে এটি আরও বেশি চাপ হিসেবে অনুভূত হতে পারে। অন্যদিকে আনন্দ ও অনুপ্রেরণার সঙ্গে সম্পর্কিত কিছু হরমোন সকালে কম থাকতে পারে।
দিন শুরু করাই কঠিন মনে হওয়া
ডিপ্রেশন থাকলে দৈনন্দিন কাজগুলোও ভারী মনে হয়। তাই সকালবেলা বিছানা ছাড়াই সবচেয়ে কঠিন কাজ বলে মনে হতে পারে।
এটি ক্লিনিক্যাল ডিপ্রেশন থেকে আলাদা কীভাবে
অনেক সময় মানুষ সাময়িক মন খারাপকে ডিপ্রেশন ভেবে ফেলে। কিন্তু যদি দুই সপ্তাহের বেশি সময় ধরে এই অবস্থা থাকে, দৈনন্দিন জীবন প্রভাবিত হয়, বা গভীর হতাশা তৈরি হয়, তাহলে এটি ক্লিনিক্যাল ডিপ্রেশনের লক্ষণ হতে পারে।
বিশেষজ্ঞরা বলেন, এমন অবস্থায় দেরি না করে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া জরুরি।
মনের অবস্থা ভালো করার সহজ কিছু অভ্যাস
ঘুমানোর আগে শান্ত পরিবেশ তৈরি করুন
রাতের ঘুম ভালো হলে সকালের অনুভূতিও ভালো থাকে। ঘর ঠান্ডা, অন্ধকার ও শান্ত রাখা উপকারী। একই সময়ে ঘুমাতে যাওয়া অভ্যাস তৈরি করতে হবে। ঘুমানোর আগে মোবাইল ব্যবহার কমানোও জরুরি।
হালকা মেডিটেশন, শ্বাস-প্রশ্বাস ব্যায়াম বা কৃতজ্ঞতার চিন্তা ঘুমের মান উন্নত করতে সাহায্য করে।
নিয়মিত সকাল রুটিন তৈরি করুন
ঘুম থেকে উঠে প্রথমেই মোবাইল না দেখে ধীরে ধীরে দিন শুরু করা ভালো। পানি পান করা, হালকা নাশতা করা এবং প্রিয় কোনো কাজ দিয়ে সকাল শুরু করা মনকে স্থির করে।
বন্ধু বা পরিবারের কারও সঙ্গে কিছুক্ষণ কথা বলাও ইতিবাচক প্রভাব ফেলে।
লিখে নিজের অনুভূতি প্রকাশ করুন
সকালে কিছুক্ষণ নিজের চিন্তা লিখে রাখলে মন হালকা হয়। এতে বোঝা যায়, কোন বিষয়গুলো মানসিক চাপ তৈরি করছে। সময়ের সঙ্গে এটি নিজের আবেগ বুঝতেও সাহায্য করে।
সূর্যের আলো ও শরীরচর্চা
সকালে সূর্যের আলো শরীরের জৈবিক ঘড়িকে ঠিক রাখতে সাহায্য করে। জানালা খুলে আলো নেওয়া বা বাইরে কিছুক্ষণ হাঁটাও উপকারী। হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করলে শরীরে ভালো লাগার হরমোন বাড়ে, যা মন ভালো করতে সাহায্য করে।
সকালের ডিপ্রেশন অনেকেরই হয়, এবং এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। ছোট ছোট দৈনন্দিন অভ্যাস বদলালে ধীরে ধীরে মানসিক অবস্থার উন্নতি আসে। নিয়মিত ঘুম, স্বাস্থ্যকর সকাল রুটিন এবং মানসিক যত্ন এই অবস্থাকে অনেকটাই সহজ করতে পারে।
সূত্র: রিয়েল সিম্পেল



