পার্লারের কেরাটিন ট্রিটমেন্ট এবার বাড়িতেই

সামনে ঈদ। তাই এখনই নিজের যত্ন নেওয়া শুরু করার ভালো সময়। আর সৌন্দর্যচর্চার কথা বললে চুলের যত্নের কথা তো আসবেই। সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পুরো লুকটাই বদলে দিতে পারে।
কিন্তু রোদ, ধুলাবালু আর দূষণের কারণে অনেকের চুলই হয়ে পড়ে শুষ্ক ও রুক্ষ। আগা ফেটে যায়, সহজেই জট লেগে যায়, আর চুলের স্বাভাবিক উজ্জ্বলতাও ধীরে ধীরে কমে যায়। তখন শুধু শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করলেও সবসময় ভালো ফল পাওয়া যায় না।
ভালো খবর হলো, ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে চুলের যত্ন নেওয়া সম্ভব। পাকা কলা ও টক দই দিয়ে বানানো একটি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহার করলে চুল পেতে পারে প্রয়োজনীয় পুষ্টি।
বিশেষজ্ঞদের মতে, চুল ভালো রাখতে প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাকা কলা ও টক দই এই দুই উপাদানের ভালো উৎস। কলায় থাকা সিলিকা চুলে কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা চুলকে নরম ও নমনীয় করে। অন্যদিকে টক দই স্ক্যাল্পের পিএইচ ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এবং প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করে। এই দুই উপাদানের মিশ্রণ চুলের শুষ্কতা কমাতে এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করতে পারে।
যা যা লাগবে
- পাকা কলা ১টি
- টক দই ২ থেকে ৩ চামচ
- মধু ১ চামচ
- অলিভ অয়েল বা বাদাম তেল ১ চামচ
পাকা কলাটি ভালোভাবে চটকে বা ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। টক দই ব্যবহার করার আগে অতিরিক্ত পানি ঝরিয়ে নেওয়া ভালো। মধু চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং তেলে থাকা ভিটামিন ‘ই’ চুলকে পুষ্টি দেয়।
যেভাবে বানাবেন
একটি ব্লেন্ডারে কলা, দই, মধু ও তেল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। মিশ্রণটি যেন একেবারে মসৃণ পেস্টের মতো হয়। কলার ছোট টুকরো থাকলে পরে চুল থেকে ধুয়ে ফেলতে সমস্যা হতে পারে, তাই মিশ্রণটি ভালোভাবে ব্লেন্ড করা জরুরি।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে চুল সামান্য ভিজিয়ে নিন। হালকা ভেজা চুলে এই প্যাকটি ভালো কাজ করে। এরপর চিরুনি দিয়ে চুল ভাগ করে স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত প্যাকটি লাগান।
একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিন। তারপর সেই গরম তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। এতে ভাপের কারণে চুলের লোমকূপ খুলে যায় এবং পুষ্টি সহজে ভেতরে পৌঁছাতে পারে।
প্রায় ৩০ মিনিট পর একটি মাইল্ড, সালফেটমুক্ত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। আলাদা করে কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন নেই। কারণ, টক দই নিজেই কন্ডিশনারের কাজ করে।
সপ্তাহে একদিন এই প্যাক ব্যবহার করলে ধীরে ধীরে চুল নরম, মসৃণ ও উজ্জ্বল হয়ে উঠতে পারে।
সূত্র : টিভি নাইন