ঘরেই তৈরি করুন ইরানের সুস্বাদু ঐতিহ্যবাহী কাবাব

এশিয়া পোস্ট ডেস্ক
ঘরেই তৈরি করুন ইরানের সুস্বাদু ঐতিহ্যবাহী কাবাব
কোবিদেহ কাবাব। ছবি: সংগৃহীত

খাবারপ্রেমীদের কাছে পার্সিয়ান কোবিদেহ কাবাব এক অনন্য স্বাদের নাম। ইরানের ঐতিহ্যবাহী এই কাবাব তৈরি হয় মসলা মাখানো মাংসের কিমা দিয়ে, যা ধীরে ধীরে রান্না করে আনা হয় দারুণ কোমল ও রসালো স্বাদে। সঙ্গে থাকে সতেজ ইয়োগার্ট সস, যা কাবাবের স্বাদকে আরও বাড়িয়ে তোলে। সহজ কিছু উপকরণে ঘরেই তৈরি করতে পারেন রেস্তোরাঁর স্বাদের এই জনপ্রিয় ইরানি পদ।

Advertisement

চলুন জেনে নেওয়া যাক ঘরেই কীভাবে তৈরি করবেন ইরানিয়ান এই রেসিপিটি।

উপকরণ

  • মাংসের কিমা: ১ কেজি
  • পেঁয়াজ কুচি: ১/২ কাপ
  • আদা-রসুন বাটা: দেড় টেবিল চামচ
  • ভাজা ধনে গুঁড়া: ১/২ চা চামচ
  • মরিচ গুঁড়া: ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া: ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া: ১ চা চামচ
  • গরম মসলা গুঁড়া: ১ চা চামচ
  • ধনেপাতা কুচি: প্রয়োজনমতো
  • লবণ: স্বাদমতো
  • তেল: ১ চা চামচ

ইয়োগার্ট সসের জন্য

  • দই: ১ কাপ
  • শসা কুচি: পরিমাণমতো
  • গোলমরিচ গুঁড়া: সামান্য
  • বিট লবণ: স্বাদমতো
  • লবণ ও চিনি: স্বাদমতো
  • লেবু: সামান্য

যেভাবে বানাবেন

প্রথমেই একটি পাত্রে (গরু/খাসি/মুরগি) মাংসের গ্রেড করা কিমা নিতে হবে। এতে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, ভাজা ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া, ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ এবং তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।

তারপর বাইন্ডিংয়ের জন্য দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে, ঘরে থাকা ময়দাও দেওয়া যেতে পারে। তবে আপনি চাইলে কোনোকিছু না-ও ব্যবহার করতে পারেন।

সবকিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সব মসলা কিমার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এরপর পাত্রটি অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ঢেকে রেখে দিতে হবে। এতে কাবাবের স্বাদ আরও ভালো হবে।

এরপর একটি ফ্রাই প্যানে তেল বা বাটার এক চা-চামচ ব্রাশ করে নিতে হবে। প্যানে বা তাওয়ায় মাখানো কিমা হাত দিয়ে চেপে সমান করে দিতে হবে। যদি চান কাঁচা অবস্থায় লম্বা লম্বা করে কিমা ভাগ করে নিতে পারেন এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে।

এবার ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। প্রথমে চুলার আঁচ মিডিয়াম থেকে হাইয়ে রাখতে হবে। মাংস থেকে পানি বের হয়ে গেলে ঢাকনাটি সরিয়ে রাখতে হবে এবং চুলার আঁচ একেবারে কমিয়ে দিতে হবে। কোনোরকম আলাদা পানি দেওয়া যাবে না। মাঝে মাঝে কাবাবগুলো উল্টে দিতে হবে এবং বাদামি হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এভাবে প্রায় ৩০ থেকে ৪০ মিনিটে কাবাবটি তৈরি হয়ে যাবে।

ইয়োগার্ট সস

একটি পাত্রে টক দই নিয়ে নিতে হবে, যদি সম্ভব হয় পানি ছাড়ানো টক দই নিলেই ভালো। এর সঙ্গে গোলমরিচ গুঁড়া, সামান্য বিট লবণ, স্বাদমতো লবণ ও আধা চা চামচ চিনি এবং একটু লেবুর রস মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণটির সঙ্গে কুচি করা শসা দিয়ে দিতে হবে। এই ইয়োগার্ট সস কাবাবের স্বাদে আনবে আরও পূর্ণতা।

পরিবেশন

আপনি এই কাবাব বাসমতি পোলাও, জাফরানি পোলাও, নান বা তন্দুরি রুটি অথবা লুচির সঙ্গে খুব মজা করে উপভোগ করতে পারেন।