logo

সুস্থ নখ পেতে যে কাজগুলো করবেন না

সুস্থ নখ পেতে যে কাজগুলো করবেন না

নখ শুধু সৌন্দর্যের অংশ নয়, এটি আমাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতারও একটি গুরুত্বপূর্ণ দিক। কিন্তু প্রতিদিনের কিছু ভুল অভ্যাসের কারণে নখ হয়ে উঠতে পারে দুর্বল, হলদে বা সংক্রমিত। অনেকেই বিষয়টি অবহেলা করেন, যতক্ষণ না ফাঙ্গাল ইনফেকশন বা ব্যথার মতো সমস্যা দেখা দেয়। তাই সময় থাকতে সচেতন হওয়া জরুরি। সঠিক যত্ন আর কিছু নিয়ম মেনে চললেই নখ রাখা সম্ভব স্বাস্থ্যকর ও সুন্দর।

নখ ভালো রাখতে যা করবেন

নখ পরিষ্কার রাখুন : হাত ধোয়ার পর ভালোভাবে শুকিয়ে নিন। ভেজা থাকলে নখের নিচে ব্যাকটেরিয়া জমতে পারে। ঘরের কাজের সময় গ্লাভস ব্যবহার করলে নখ সুরক্ষিত থাকে।

কিউটিকলের যত্ন নিন : নখের কিউটিকল নিয়মিত ট্রিম করুন এবং ময়েশ্চারাইজড রাখুন। কিউটিকল অয়েল, অলিভ অয়েল বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।

প্রোটিনসমৃদ্ধ খাবার খান : নখের গঠন কেরাটিন দিয়ে তৈরি। মাছ, ডাল, বাদামসহ প্রোটিনসমৃদ্ধ খাবার নখ শক্ত রাখতে সাহায্য করে।

বেইজ কোট ব্যবহার করুন : নেইল পলিশ ব্যবহারের আগে বেইজ কোট দিলে নখ সুরক্ষিত থাকে এবং রঙের কারণে ক্ষতি কম হয়।

নিয়মিত ট্রিম করুন : নখ বড় রাখলেও নির্দিষ্ট সময় পর ট্রিম করা জরুরি। এতে নখ ভাঙার ঝুঁকি কমে।

যা করবেন না

নখ কামড়ানোর অভ্যাস বাদ দিন : দাঁত দিয়ে নখ কাটলে কিউটিকল ক্ষতিগ্রস্ত হয় এবং জীবাণু সহজেই ঢুকে পড়ে।

নেইল টুলস শেয়ার করবেন না : একই টুলস ব্যবহার করলে ফাঙ্গাল ইনফেকশন ছড়াতে পারে। তাই নিজের টুলস আলাদা রাখুন।

ইনফেকশন অবহেলা করবেন না : নখে সাদা বা হলুদ দাগ, ব্যথা বা ফাটা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

নখকে টুলস হিসেবে ব্যবহার করবেন না : ক্যান খোলা বা শক্ত কিছু তুলতে নখ ব্যবহার করলে সহজেই ভেঙে যেতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ে।

নখ ভেঙে যাওয়ার কারণ

  • বারবার পানি ব্যবহার
  • ডিটারজেন্টের সংস্পর্শ
  • অতিরিক্ত নেইল পলিশ ব্যবহার
  • শরীরে পুষ্টির ঘাটতি
  • ফাঙ্গাল ইনফেকশন

নখ ভাঙা রোধে যা করবেন

  • পানি ব্যবহারের সময় গ্লাভস ব্যবহার করুন
  • নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন
  • সময়মতো নখ ট্রিম করুন

নখের হলদে ভাব দূর করার উপায়

খাওয়ার পর নখে লেবুর টুকরো দিয়ে হালকা ঘষে নিলে দাগ ও হলদে ভাব কমে।

নেইল টুলস পরিষ্কার রাখুন

নিয়মিত টুলস পরিষ্কার না করলে সেখানে ব্যাকটেরিয়া জমে। তাই কয়েক মাস পরপর টুলস পরিবর্তন করাও জরুরি।

নখের যত্ন নিতে খুব বেশি কিছু দরকার হয় না। শুধু কিছু ভালো অভ্যাস গড়ে তুললেই নখ থাকবে সুস্থ, পরিষ্কার ও সুন্দর। নিয়মিত যত্নই পারে ফাঙ্গাল ইনফেকশনসহ নানা সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে।

সূত্র : সাজগোজ