যে ১০ শিষ্টাচার প্রতিটি নারীর জানা উচিত

শিষ্টাচার মানে শুধু কিছু কঠোর নিয়ম মেনে চলা নয়। বরং এটি এমন কিছু অভ্যাস, যা আমাদের ব্যক্তিত্বকে আরও সুন্দর করে তোলে এবং অন্যদের প্রতি সম্মান ও সৌজন্য প্রকাশ করতে শেখায়।
একজন ভদ্র ও আত্মবিশ্বাসী নারী হিসেবে নিজেকে উপস্থাপন করতে কিছু ছোট ছোট অভ্যাস অনেক বড় ভূমিকা রাখতে পারে। আপনিও যদি নিজেকে আরও পরিণত, ভদ্র ও রুচিশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে নিচের নিয়মগুলো আয়ত্ত করে নিন।
ভদ্রতা ও সম্মান দেখান
সবসময় অন্যদের সঙ্গে সদয় ও সম্মানজনক আচরণ করুন। সামনের মানুষটা যেই হোক না কেন, ভদ্র ব্যবহার আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে।
ভালো যোগাযোগের অভ্যাস গড়ে তুলুন
কথা বলার সময় মনোযোগ দিয়ে অন্যের কথা শুনুন। কারও কথা মাঝপথে কেটে দেবেন না। শান্ত ও সম্মানজনক ভঙ্গিতে কথা বলুন।
ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন
পরিচ্ছন্নতা একজন মানুষের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং পরিবেশ অনুযায়ী পোশাক পরা সবার মাঝে আপনার ভালো ইমপ্রেশন তৈরি করে।
টেবিল ম্যানার শিখুন
খাওয়ার সময় কিছু সাধারণ ভদ্রতা মেনে চলা খুব গুরুত্বপূর্ণ। যেমন - মুখ বন্ধ রেখে খাবার চিবানো, মুখে খাবার নিয়ে কথা না বলা, সঠিকভাবে চামচ-কাঁটা ব্যবহার করা ও সবাই খাবার পাওয়ার পর খাওয়া শুরু করা।
‘দয়া করে’ ও ‘ধন্যবাদ’ বলার অভ্যাসও সুন্দর আচরণের অংশ।

সময়নিষ্ঠ হোন
মিটিং, দাওয়াত বা যেকোনো অনুষ্ঠানে সময়মতো পৌঁছানো অন্যের সময়ের প্রতি সম্মান দেখায়। এটি আপনার দায়িত্ববোধও প্রকাশ করে।
কৃতজ্ঞতা প্রকাশ করুন
কেউ আপনার জন্য ভালো কিছু করলে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। ছোট ছোট প্রশংসা ও কৃতজ্ঞতা সম্পর্ককে আরও সুন্দর করে তোলে।
অন্যের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন
অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখাবেন না। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত তথ্য অন্যদের সঙ্গে শেয়ার করাও উচিত নয়।
ধন্যবাদ বার্তা পাঠানোর অভ্যাস করুন
কেউ উপহার দিলে বা বিশেষভাবে আপ্যায়ন করলে একটি ছোট ধন্যবাদ বার্তা বা নোট পাঠানো খুব সুন্দর একটি ভদ্রতা।
আত্মবিশ্বাস ও স্থিরতা বজায় রাখুন
সোজা হয়ে দাঁড়ান, চোখে চোখ রেখে কথা বলুন এবং পরিষ্কারভাবে নিজের কথা প্রকাশ করুন। আত্মবিশ্বাসী আচরণ মানুষকে সহজেই আকৃষ্ট করে।
পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিন
সব পরিবেশ এক রকম নয়। কোথায় কেমন আচরণ করা উচিত, তা বুঝে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাও একজন মার্জিত নারীর গুরুত্বপূর্ণ গুণ।
শেষ কথা হলো, শিষ্টাচার মানে নিখুঁত হওয়া নয়। বরং এটি অন্যদের প্রতি সম্মান, সৌজন্য এবং যত্নশীল মনোভাব প্রকাশের একটি সুন্দর উপায়।
সূত্র: ম্যানার্স টু গো
