logo

আজ বিশ্ব হাত ধোয়া দিবস

আজ বিশ্ব হাত ধোয়া দিবস
বিশ্ব হাত ধোয়া দিবস আজ। ছবি: দৈনিক শিক্ষা

আজ ১৫ অক্টোবর, বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’। নিয়মিত হাত ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সুস্থ থাকার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যেই এই দিবসটি পালিত হয়ে থাকে। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’।

হাত ধোয়া দিবস উদযাপনের সূচনা হয় ২০০৮ সালে সুইডেনের স্টকহোমে। সে বছরই প্রথমবার বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সর্বপ্রথম এই দিবসটি উদযাপন করে সুইডেন। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতি বছর এই দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি করে জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য এটি একটি প্রচারণামূলক দিবস। বিশ্ব হাতধোয়া দিবসের মূল লক্ষ্য হলো সমাজের সব স্তরের মানুষের মধ্যে দিয়ে সাবান দিয়ে হা করা, হাত পরিষ্কার রাখার বিষয়ে নজর দেওয়া ও সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

গবেষণায় দেখা গেছে যে, পাঁচ বছরের কম বয়সি শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া উভয় প্রবণতা ৩০ শতাংশ পর্যন্ত কমাতে সাবান দিয়ে হাত ধোয়ার বিকল্প নেই। কিছু নির্দিষ্ট সময়, বিশেষ করে খাবার গ্রহণের পূর্বে বা খাবার প্রস্তুতের পূর্বে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে দুই হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়ার হার প্রায় ৪০ শতাংশের বেশি কমানো যায়। পাশাপাশি তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রায় ২৩ শতাংশ কমানো সম্ভব।

সুস্বাস্থ্যের লক্ষ্যে জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা ও প্রচারের উদ্দেশ্যে সারা বিশ্বে একযোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়। শুধু হাত ধোয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাড়ি, স্কুল, কর্মক্ষেত্র কিংবা খাবারের দোকান সব জায়গায় সাবান ও নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি শিশুদের ছোটবেলা থেকেই সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস শেখাতে হবে।