logo

হাফ বয়েল নাকি ফুল বয়েল, কোন ডিমে পুষ্টি বেশি

হাফ বয়েল নাকি ফুল বয়েল, কোন ডিমে পুষ্টি বেশি
হাফ বয়েল নাকি ফুল বয়েল, কোন ডিম খাবেন। ছবি: টিভি৯ বাংলা

ডিম সহজলভ্য পুষ্টিকর একটি খাবার। প্রতিদিনের প্রোটিনের চাহিদা মেটাতে অনেকেই ডিমের ওপর নির্ভর করেন। এতে প্রোটিনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদান থাকে। একেক জনের ডিম খাওয়ার ধরন একেক রকম। কেউ নরম কুসুমের জন্য হাফ বয়েল ডিম পছন্দ করেন, আবার কেউ পুরোপুরি সেদ্ধ ডিম খেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

কিন্তু পুষ্টিগুণ ও স্বাস্থ্য সুরক্ষার দিক থেকে কোনটি বেশি ভালো তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। একটি মাঝারি আকারের ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিন থাকে। হাফ বয়েল ও ফুল বয়েল, দুই ধরনের ডিমেই প্রোটিনের পরিমাণ প্রায় সমান।

Advertisement

হাফ বয়েল নাকি ফুল বয়েল, কোনটি ভালো?

হাফ বয়েল ডিমে সাদা অংশ কিছুটা জমাট বাঁধলেও কুসুম নরম থাকে। অন্যদিকে ফুল বয়েল ডিমে সাদা অংশ ও কুসুম দুটোই পুরোপুরি সেদ্ধ হয়।

হাফ বয়েল ডিম খাওয়ার ক্ষেত্রে ‘সালমোনেলা’ নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি থাকে। ডিমের ভেতরে বা খোসায় এই জীবাণু থাকতে পারে। পর্যাপ্ত তাপে রান্না না হলে তা থেকে খাদ্যে বিষক্রিয়া হতে পারে। এর ফলে ডায়রিয়া, বমি, পেটব্যথা ও জ্বরের মতো উপসর্গ দেখা দিতে পারে।

অন্যদিকে, ডিমের সাদা অংশ ও কুসুম ভালোভাবে সেদ্ধ করলে জীবাণু সংক্রমণের ঝুঁকি কমে। তাই খাদ্যনিরাপত্তার দিক থেকে ফুল বয়েল ডিম তুলনামূলক বেশি নিরাপদ।

ডিম অন্তত ১০ মিনিট ভালোভাবে পানি ফুটিয়ে সেদ্ধ করে নিলে এই জীবাণু পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই সুস্থ থাকতে ফুল বয়েল ডিমই বেছে নিতে পারেন।

অনেকে শরীরে দ্রুত পেশি গঠনের আশায় কাঁচা ডিম খান। কিন্তু এতে বাড়তি কোনো প্রোটিন সুবিধা পাওয়া যায় না। বরং কাঁচা ডিমের প্রোটিন শরীর তুলনামূলক কম শোষণ করতে পারে।

‘দ্য জার্নাল অব নিউট্রিশন’-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, রান্না করা ডিমের প্রোটিন শরীর প্রায় ৯১ শতাংশ শোষণ করতে পারে। অন্যদিকে কাঁচা ডিমের ক্ষেত্রে এই হার প্রায় ৫১ শতাংশ। তাই প্রোটিনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ও ব্যাকটেরিয়ার ঝুঁকি কমাতে ডিম ভালো ভাবে সেদ্ধ করে খাওয়াই ভালো।

কাঁচা ডিমে ‘অ্যাভিডিন’ নামক এক ধরনের প্রোটিন থাকে। এটি শরীরের দরকারি ভিটামিন ‘বায়োটিন’-কে কাজ করতে বাধা দেয়। এর ফলে চুল ও ত্বকের ক্ষতি হয়। ডিম সেদ্ধ করলে এই ক্ষতিকর প্রভাব আর থাকে না।

সেদ্ধ ডিমের পাশাপাশি পোচ বা ভাজা ডিমও খেতে পারেন। তবে রান্নার সময় অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো।

সব মিলিয়ে, পুষ্টির পাশাপাশি খাদ্যনিরাপত্তার কথা বিবেচনা করলে ভালোভাবে সেদ্ধ ডিম খাওয়াই বেশি নিরাপদ।