logo
Advertisement

থালা-বাসন ধোয়ার স্পঞ্জ কতদিন পর পর বদলানো উচিত

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
থালা-বাসন ধোয়ার স্পঞ্জ কতদিন পর পর বদলানো উচিত
ছবি : সংগৃহীত

রান্নাঘরের স্পঞ্জ এমন একটি জিনিস, যা প্রায় প্রতিদিনই ব্যবহার করা হয়। থালা-বাসন ধোয়া, টেবিল পরিষ্কার করা থেকে খাবারের দাগ মুছা সব কাজেই এটি দরকার হয়। কিন্তু নিয়মিত ব্যবহারের পরও অনেকেই স্পঞ্জ বদলানোর বিষয়ে তেমন গুরুত্ব দেন না। বিশেষজ্ঞদের মতে, পুরোনো স্পঞ্জ পরিষ্কার করার বদলে উল্টো জীবাণু ছড়াতে পারে।

স্পঞ্জ সবসময় ভেজা থাকে এবং এতে খাবারের কণা, তেল ও ময়লা জমে যায়। ফলে খুব দ্রুত এতে ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে। তাই রান্নাঘর পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে নির্দিষ্ট সময় পর স্পঞ্জ বদলানো জরুরি।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত এক থেকে দুই সপ্তাহ পরপর রান্নাঘরের স্পঞ্জ বদলে ফেলা ভালো। যদি দিনে অনেকবার ব্যবহার করা হয়, তাহলে আরও দ্রুত বদলানো প্রয়োজন হতে পারে। পুরোনো স্পঞ্জ ধীরে ধীরে পরিষ্কার করার ক্ষমতাও হারিয়ে ফেলে।

স্পঞ্জ থেকে যদি টক বা দুর্গন্ধ বের হতে শুরু করে, তাহলে সেটি জীবাণুতে ভরে গেছে বলে ধরা হয়। এমন অবস্থায় শুধু পানি দিয়ে ধুলে কাজ হয় না। কারণ ভেতরে জমে থাকা ব্যাকটেরিয়া থেকে যেতে পারে। তাই দুর্গন্ধ হলে দ্রুত স্পঞ্জ ফেলে দেওয়া উচিত।

এছাড়া স্পঞ্জ যদি ছিঁড়ে যায়, পাতলা হয়ে যায় বা আকার বদলে ফেলে, তাহলে সেটিও বদলানোর সময় হয়েছে। নষ্ট হয়ে যাওয়া স্পঞ্জে ময়লা বেশি জমে এবং তা ভালোভাবে পরিষ্কার করাও কঠিন হয়ে পড়ে।

বিশেষজ্ঞরা আরও বলেন, গরম পানিতে ভিজিয়ে রাখা বা কিছু সময়ের জন্য মাইক্রোওয়েভে গরম করলে স্পঞ্জের কিছু জীবাণু কমানো যেতে পারে। তবে এটি সাময়িক সমাধান। নিয়মিত নতুন স্পঞ্জ ব্যবহার করার বিকল্প নয়।

একই স্পঞ্জ সব কাজে ব্যবহার না করাই ভালো। থালা-বাসনের জন্য আলাদা স্পঞ্জ এবং রান্নাঘরের টেবিল বা অন্য জায়গা পরিষ্কারের জন্য আলাদা স্পঞ্জ ব্যবহার করলে জীবাণু ছড়ানোর ঝুঁকি কমে।

ছোট একটি অভ্যাস হলেও নিয়মিত স্পঞ্জ বদলানো রান্নাঘরকে আরও পরিষ্কার, নিরাপদ ও স্বাস্থ্যকর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সূত্র: এনডিটিভি