logo

অতিরিক্ত চুল পড়ার পেছনে থাকতে পারে যেসব কারণ

অতিরিক্ত চুল পড়ার পেছনে থাকতে পারে যেসব কারণ
ছবি: কেয়ার হসপিটাল

কমবেশি অনেকেই চুল পড়ার সমস্যায় ভুগছেন। অতিরিক্ত চুল পড়া কমাতে চেষ্টার কোনো কমতি থাকে না। কিন্তু চুল পড়া কমানোর আগে কেন চুল পড়ছে তা জানা বেশি জরুরি।

চুল ঝরে পড়া খুবই স্বাভাবিক একটি বিষয়। সাধারণত একজন সুস্থ মানুষের দিনে ১০০ থেকে ১৫০টি পর্যন্ত চুল পড়তে পারে। তবে এর চেয়ে বেশি চুল পড়লে বা মাথার চুল পাতলা হতে শুরু করলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত চুল পড়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। বংশগত বৈশিষ্ট্য, হরমোনের পরিবর্তন, মানসিক চাপ, পুষ্টির ঘাটতি থেকে শুরু করে কিছু শারীরিক অসুস্থতাও চুল পড়ার কারণ হতে পারে।

Advertisement

জেনে নিন চুল পড়ার কিছু সাধারণ কারণ।

বংশগত কারণ

পরিবারের সদস্যদের চুল পড়ার সমস্যা থাকলে পরবর্তী প্রজন্মের মধ্যেও এর প্রভাব দেখা যেতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের কপালের দুই পাশের চুল কমতে পারে। নারীদের ক্ষেত্রে মাথার চুলের ঘনত্ব কমে যেতে থাকে।

হরমোনের পরিবর্তন

গর্ভাবস্থা, সন্তান জন্মদান ও মেনোপজের সময় শরীরে হরমোনের পরিবর্তন ঘটে। এর প্রভাবে অতিরিক্ত চুল পড়তে পারে। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই হরমোনের ভারসাম্যহীনতা চুল পড়ার কারণ হতে পারে।

থাইরয়েডের সমস্যা

থাইরয়েডের সমস্যায় চুল পড়া খুবই স্বাভাবিক। থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে গেলে বা কমে গেলে চুলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। ফলে অতিরিক্ত চুল ঝরে পড়ার সমস্যা দেখা দিতে পারে।

মানসিক ও শারীরিক চাপ

দীর্ঘদিনের মানসিক চাপ, উদ্বেগ, গুরুতর অসুস্থতা, জ্বর, অস্ত্রোপচার বা সন্তান জন্মদানের পর চুল পড়তে পারে। অনেক সময় এসব ঘটনার কয়েক মাস পর হঠাৎ চুল পড়ার পরিমাণ বেড়ে যায়। একে টেলোজেন এফ্লুভিয়াম বলা হয়।

পুষ্টির ঘাটতি

শরীরে আয়রন, জিঙ্ক, ভিটামিন ডি ও প্রোটিনের ঘাটতি হলে চুলের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। দীর্ঘদিন পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খেলেও চুল পড়ার সমস্যা বাড়তে পারে। তাই দৈনিক খাদ্যতালিকায় আমিষ, শর্করা, চর্বি, খনিজ ও ভিটামিন পরিমিত পরিমাণে রাখা উচিত।

ওষুধ ও চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া

ক্যানসারের কেমোথেরাপি, রেডিয়েশনসহ কিছু চিকিৎসার কারণে চুল পড়তে পারে। এ ছাড়া বিষণ্নতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও অন্যান্য সমস্যার কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও চুল পড়তে পারে।

চুলের যত্নে অসতর্কতা ও মাথার ত্বকের সমস্যা

অতিরিক্ত টেনে চুল বাঁধা, নিয়মিত স্ট্রেইটনার. হেয়ার কালার, ব্লিচ ও রাসায়নিক উপাদান ব্যবহার চুলের ক্ষতি করতে পারে। এ ছাড়া মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ ও অন্যান্য ত্বকের সমস্যার কারণেও চুল পড়তে পারে।

বয়স ও চুলের স্বাভাবিক বৃদ্ধিচক্র

বয়স বাড়ার সঙ্গে চুলের বৃদ্ধি ধীর হতে পারে। আর চুলের ঘনত্বও কমতে পারে। চুলের স্বাভাবিক বৃদ্ধিচক্রের অংশ হিসেবেও প্রতিদিন কিছু চুল ঝরে পড়ে। তবে নতুন চুল না গজিয়ে অতিরিক্ত চুল পড়তে থাকলে সেটি চিন্তার কারণ হতে পারে।

চুল পড়ার সমস্যা বুঝবেন যেভাবে

চুল পড়ার কারণ অনুযায়ী লক্ষণ ভিন্ন হতে পারে। যেমন পুরুষদের কপালের দুই পাশ থেকে চুল কমে যাওয়া, নারীদের পুরো মাথার চুল পাতলা হয়ে যাওয়া, মাথার নির্দিষ্ট স্থানে গোলাকার ফাঁকা জায়গা তৈরি হওয়া।

প্রতিদিন অতিরিক্ত চুল পড়া, মাথার ত্বকে চুলকানি, জ্বালাপোড়া বা হঠাৎ অনেক চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে রক্ত পরীক্ষার মাধ্যমে থাইরয়েড ও আয়রনের মাত্রা পরীক্ষা করা যেতে পারে। কারণ অনুযায়ী চিকিৎসা করলে অনেক ক্ষেত্রে চুল পড়া কমানো সম্ভব হয়।