logo

হোটেলে চেক-ইনের সময় কেন দুপুর ১২টা, জানুন আসল কারণ

হোটেলে চেক-ইনের সময় কেন দুপুর ১২টা, জানুন আসল কারণ
ছবি: টিভি৯ বাংলা

ছুটি পেলেই ব্যাগপত্র গুছিয়ে ঘুরতে বের হওয়া আমাদের অনেকেরই পছন্দের কাজ। আর ঘুরতে গেলে যে কোনো জায়গায় পৌঁছে প্রথমেই যে কাজটা আমাদের করতে হয়, তা হলো হোটেলে গিয়ে চেক-ইন করা।

তবে কখনও কি খেয়াল করেছেন, পাহাড় হোক বা সমুদ্র, কিংবা কোনো নতুন শহর- প্রায় সব হোটেলেই চেক-ইন করার সময়টা থাকে দুপুর ১২টা। আর চেক আউটের সময় দেওয়া হয় বেলা ১১টার মধ্যে। কিন্তু কেন ঠিক দুপুর ১২টাকেই বেছে নেওয়া হলো? এর পেছনে কি শুধুই হোটেলের নিজস্ব নিয়ম রয়েছে, নাকি অন্য কোনো ব্যবসায়িক হিসেবও থাকতে পারে?

আসলে দুপুর ১২টার এই নিয়মের পেছনে রয়েছে বেশকিছু সুনির্দিষ্ট কারণ। চলুন সেগুলো জেনে নেওয়া যাক-

রুম পরিষ্কারের সময় বা টার্নওভার টাইম

হোটেল ইন্ডাস্ট্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টার্নওভার টাইম। একজন অতিথি বেলা ১১টার দিকে রুম ছেড়ে দেওয়ার পর সেই রুমটি কিন্তু তখনই অন্য কাউকে দিয়ে দেওয়া যায় না।

ছবি: টিভি৯ বাংলা
ছবি: টিভি৯ বাংলা

হাউসকিপিং স্টাফদের পুরো রুম নতুন করে সাজাতে হয়। বিছানার চাদর, বালিশের কভার, তোয়ালে পরিবর্তন করা থেকে শুরু করে বাথরুম পরিষ্কার ও রুম স্যানিটাইজ করা—সব মিলিয়ে অন্তত ২ থেকে ৩ ঘণ্টা সময় লেগে যায়। পরের অতিথি যেন নিখুঁত ও পরিচ্ছন্ন একটি ঘর পান, সেই কারণেই মাঝে এই সময়টুকু রাখা হয়।

বিশ্বজুড়ে একই নিয়ম

হোটেল ব্যবসা একটি বৈশ্বিক বিষয়। বিশ্বের প্রায় সব দেশেই ভ্রমণের সুবিধার্থে এই নির্দিষ্ট সময়টি মানা হয়। দুপুর ১২টা এমন একটা সময়, যা ফ্লাইট বা ট্রেনের সময়সূচির সঙ্গে বেশ সুন্দর মিলে যায়। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের যাতায়াতের হিসেব মেলাতেই আন্তর্জাতিকভাবে এই প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে।

ব্যবসার লাভ-ক্ষতির হিসেব

হোটেলের ২৪ ঘণ্টার হিসেবটি একটু অন্যরকম। আপনি যদি ভোরবেলা গিয়ে চেক ইন করতে চান, তবে হোটেল কর্তৃপক্ষ কিন্তু বাড়তি ‘আর্লি চেক-ইন’ ফি দাবি করতে পারে। কারণ, ভোরবেলায় রুম ফাঁকা থাকলেও সেটি আগের দিনের বুকিংয়ের মধ্যে পড়ে যায়। তাই দুপুর ১২টাকে ধরা হয় সময়ের একটি ভিত্তি বা ‘বেস টাইম’ হিসেবে, যাতে হোটেল ও অতিথি- কারো লোকসান না হয়।

ছবি: নিউজ১৮ বাংলা
ছবি: নিউজ১৮ বাংলা

তাছাড়া, এই নির্দিষ্ট সময়সূচী হোটেল কর্মীদের জন্য ব্যবস্থাপনা অনেক সহজ করে তোলে। যদি অতিথিরা ভিন্ন ভিন্ন সময়ে আসেন এবং চলে যান, তাহলে কোন ঘরগুলো খালি এবং কোনগুলো পরিষ্কার করা প্রয়োজন, তা নিয়ে হাউসকিপিং ও ফ্রন্ট ডেস্কের কর্মীরা বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। সবার জন্য একই সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। যাতে কর্মীরা আগে থেকেই পরিকল্পনা করতে পারেন যে কোন ঘরগুলো কখন প্রস্তুত করতে হবে।

চেক-ইন টাইমের আগে চলে গেলে কী করবেন?

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, যাতায়াতের সময়সূচির পরিবর্তনের কারণে নির্ধারিত সময়ের আগে হোটেলে পৌঁছালে কী হবে? এর উত্তরটি হলো, আপনি আপনার সুবিধামতো আগেভাগে চেক-ইন করতে পারবেন, সেক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে হবে। হোটেলে রুম খালি থাকলেই কর্তৃপক্ষ আপনাকে ভেতরে ঢুকতে দেবে। তবে কিছু হোটেল আগেভাগে চেক ইন করার জন্য অতিরিক্ত ফি নিয়ে থাকে।

ছবি: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন
ছবি: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

তবে আজকাল সময়ের সঙ্গে সঙ্গে নিয়মেও কিছুটা বদল আসছে। অনেক রিসোর্ট বা আধুনিক হোটেল এখন ফ্লেক্সিবল চেক ইন বা ২৪ ঘণ্টার চেক ইন সুবিধা দিচ্ছে। তবুও অধিকাংশ বড় হোটেলগুলো আজও দুপুর ১২টার ঐতিহ্যবাহী নিয়মটিই মেনে চলে।

তাই এরপর থেকে ঘুরতে যাওয়ার প্ল্যান করার সময় এই হিসেবটা মাথায় রেখে ফ্লাইট বা ট্রেনের টিকিট কাটলে আর অহেতুক হোটেলের লবিতে বসে অপেক্ষা করতে হবে না।

সূত্র: টিভি৯ বাংলা, নিউজ১৮ বাংলা