জাতীয় যুব দিবস আজ

বাংলাদেশে যথাযথ মর্যাদায় আজ (১ নভেম্বর) পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার সারা দেশে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হচ্ছে। তরুণদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা, কারিগরি শিক্ষা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই দিবসটির মূল লক্ষ্য।
প্রতি বছর এই দিনে জাতীয় যুব দিবস উদযাপনের অনুমতি প্রদানের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ বছরই সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভায় এ অনুমোদন দেওয়া হয়। আজ সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় যুব দিবসের মূল উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আমাদের মোট জনসংখ্যার একটি বড় অংশজুড়ে আছে তরুণ সমাজ। তরুণদের সক্রিয় ভূমিকা ছাড়া দেশের অর্থনীতি ও সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব না। মানসম্মত শিক্ষা, যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করা গেলে এ দেশের তরুণরা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন। যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর সর্বোচ্চ জোর দিতেই জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে।
বাংলাদেশে ১৯৮৫ সাল থেকে জাতীয় যুব দিবস পালিত হয়ে আসছে। অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালে জাতীয় যুব দিবস ও আন্তর্জাতিক যুব দিবস একসঙ্গে ১২ আগস্ট পালিত হয়েছিল। তবে ২০২৬ সালের ১৬ জুলাই মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে পালনের সিদ্ধান্ত হয়।
এবারের যুব দিবসে যুবকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মীসহ মোট ১৪ জনকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
জেলা ও উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, খাল খনন, রক্তদান কর্মসূচি, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুবঋণ বিতরণ।
