logo

ব্লেডের মাঝখানে ছোট ফুটা থাকে কেন?

ব্লেডের মাঝখানে ছোট ফুটা থাকে কেন?
ছবি: নিউজ১৮

ব্লেড আমাদের খুবই পরিচিত একটি জিনিস। প্রতিদিন সকালে শেভ করা, সেলাইয়ের কাজে সুতা কাটা কিংবা প্যাকেট কাটার কাজে সবসময়ই ছোট স্টিলের ব্লেড ব্যবহার করা হয়। প্রতিদিনের টুকিটাকি আরও অনেক কাজেই আমরা ব্লেড ব্যবহার করি। কিন্তু কখনও কি খেয়াল করেছেন, ধারালো এই ব্লেডগুলোর ঠিক মাঝখানে নির্দিষ্ট মাপে বিশেষ আকৃতির কাটা অংশ থাকে কেন?

এটি কি শুধুই ব্লেডের নকশা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। অনেকেই মনে করেন, এই ডিজাইন হয়তো দেখতে সুন্দর দেখানোর জন্য করা হয়। আবার অনেকের ধারণা, হয়তো উৎপাদনের সময় ধাতুর ব্যবহার কমানোর জন্য এমনটা করা হয়।

কিন্তু এই পরিচিত নকশার পিছনে রয়েছে কিছু নিরাপত্তা এবং ব্যবহারিক সুবিধা। চলুন এই নকশার পেছনের কারণ জেনে নেওয়া যাক-

ব্লেডকে একদম টাইট করে নির্দিষ্ট জায়গায় আটকে রাখা

শেভ করার সময় সামান্য এদিক-ওদিক হলেই কিন্তু বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। ব্লেড একটু নড়ে গেলেই ত্বক কেটে রক্ত বের হতে পারে। এই দুর্ঘটনা এড়াতেই মূলত ব্লেডের মাঝখানের ছিদ্রগুলো রাখা হয়।

Untitled-1

ডাবল-এজ সেফটি রেজারের ভেতরে একটি নির্দিষ্ট কাঠামো থাকে। ব্লেডকে যখন ওই রেজারের মধ্যে বসানো হয়, তখন রেজারের ভেতরের ছোট স্ক্রুগুলো ব্লেডের মাঝখানের এই ছিদ্রগুলোর ভেতরে পুরোপুরি ঢুকে যায়। এর ফলে ব্লেডটি আর নড়াচড়া করতে পারে না। একদম শক্তভাবে তার জায়গাতে স্থির হয়ে থাকে। ফলে শেভ করার সময় ব্লেড পিছলে যাওয়ার কোনো ঝুঁকি থাকে না।

গ্লোবাল স্ট্যান্ডার্ড মাপ

বাজারে বিভিন্ন কোম্পানি বা ব্রান্ডের ব্লেড পাওয়া যায়। একটু লক্ষ করলেই দেখবেন, প্রায় সব ব্র্যান্ডের ব্লেডের মাঝখানের ছিদ্র বা কাটের ডিজাইন প্রায় একই রকম। এর কারণ হলো একটি নির্দিষ্ট গ্লোবাল স্ট্যান্ডার্ড বা মান বজায় রাখা।

Untitled-1

যদি কোম্পানিগুলো নিজেদের ইচ্ছেমতো নকশা তৈরি করত, তবে একটি ব্র্যান্ডের ব্লেড অন্য কোম্পানির রেজারে আটকাত না। নির্দিষ্ট মাপের খাঁজ থাকার কারণে আপনি যেকোনো ধরনের ডাবল-এজ সেফটি রেজারে যে কোনো কোম্পানির ব্লেডই ব্যবহার করতে পারেন। এটি গ্রাহকদের জন্য ঝামেলা অনেক কমিয়ে দেয়।

রেজার এবং ব্লেডের পজিশন ঠিক রাখা

ব্লেডটিকে রেজারের মধ্যে শুধু আটকে না রেখে যেন একদম সমানভাবে বসে, তা নিশ্চিত করতেও এই ছিদ্রগুলো কাজ করে। ব্লেড যদি একটু বাঁকা হয়ে রেজারে বসে, তবে একদিকে চাপ বেশি পড়ে কেটে যাওয়ার ঝুঁকি বেড়ে যাবে। মাঝখানের এই ফাঁকা অংশগুলো ব্লেডকে নিজে থেকেই সঠিক পজিশনে বসতে সাহায্য করে।

Untitled-1

উৎপাদন ও নিরাপত্তার বিষয়

ব্লেড তৈরির সময় এর সঠিক ওজন বজায় রাখা এবং হিট ট্রিটমেন্টের সময় ধাতু যেন সঠিকভাবে প্রসারিত বা সংকুচিত হতে পারে, সে জন্য এমন ডিজাইন করা হয়। তা ছাড়া এই ফুটাগুলোর মাধ্যমে ধাতুর অতিরিক্ত ব্যবহার কমানো সম্ভব হয়।

দেখতে খুব সাধারণ মনে হলেও ব্লেডের মাঝখানের ওই ছিদ্রটি আসলে আমাদের সুরক্ষার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে।

সূত্র: নিউজ১৮ , টিভি৯ বাংলা