কাঁচা আমের এই ৫ ডেজার্ট ট্রাই করুন

গরমকাল মানেই আমের মৌসুম। পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হলেও কাঁচা আম দিয়েও বানানো যায় দারুণ স্বাদের কিছু ডেজার্ট। টক-মিষ্টি স্বাদের এই খাবারগুলো গরমে এনে দিতে পারে আলাদা প্রশান্তি। ভরপেট খাওয়ার পর মিষ্টিমুখে চাইলে ট্রাই করতে পারেন কাঁচা আমের এই ভিন্নধর্মী পদগুলো।
কাঁচা আমের পায়েস
কাঁচা আম দিয়ে তৈরি এই পায়েসে থাকে টক আর মিষ্টির দারুণ মেলবন্ধন। প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। চাইলে এতে কেশর বা এলাচ যোগ করতে পারেন বাড়তি ঘ্রাণের জন্য। এরপর কনডেন্সড মিল্ক মিশিয়ে ঠান্ডা করে নিন।
অন্যদিকে গ্রেট করা কাঁচা আম সামান্য সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা দুধের মিশ্রণের সঙ্গে আম মিশিয়ে গোলাপজল, বাদামকুচি ও পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের পায়েস।
কাঁচা আমের ভাপা সন্দেশ
প্রথমে দুধ কেটে ছানা তৈরি করে ভালোভাবে পানি ঝরিয়ে নিন। এরপর কাঁচা আম ব্লেন্ড করে চিনি দিয়ে জ্বাল দিয়ে জেলির মতো ঘন মিশ্রণ তৈরি করুন।
এরপর ছানা, গুঁড়া দুধ ও আমের মিশ্রণ একসঙ্গে ব্লেন্ড করে একটি পাত্রে ঢেলে ভাপে রান্না করুন। ঠান্ডা হলে ফ্রিজে রেখে কেটে পরিবেশন করুন টক-মিষ্টি স্বাদের ভাপা সন্দেশ।
কাঁচা আম আর সুজির কেক

ঘিতে সুজি ভেজে তাতে কাঁচা আম কুঁচি মিশিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এরপর চিনি, গুঁড়া দুধ ও সামান্য এলাচ গুঁড়া যোগ করুন। চাইলে বাদাম কুচিও দিতে পারেন।
মিশ্রণটি ঘন হয়ে এলে একটি ট্রেতে ঢেলে ঠান্ডা করুন। এরপর পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন কাঁচা আম আর সুজির নরম কেক।
কাঁচা আমের সোর্বে
গরমে সবচেয়ে আরামদায়ক ডেজার্ট হতে পারে কাঁচা আমের সোর্বে। ব্লেন্ডারে কাঁচা আম, বরফ, চিনি, বিট লবণ ও পুদিনাপাতা একসঙ্গে ব্লেন্ড করে নিন।
এরপর উপরে সামান্য ভাজা জিরা গুঁড়া, চাট মসলা বা মরিচ গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন। এটি শরবত আর আইসক্রিমের মাঝামাঝি এক ধরনের ঠান্ডা ডেজার্ট, যা মুহূর্তেই শরীর ঠান্ডা করে দেয়।
কাঁচা আমের পুডিং
কাঁচা আম ব্লেন্ড করে ছেঁকে নিয়ে চিনি ও আগার আগার দিয়ে জ্বাল দিতে হবে। এরপর সেটি ফ্রিজে রেখে জেলির মতো জমিয়ে নিন।
অন্যদিকে দুধ ও চিনি দিয়েও একইভাবে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর একটি পাত্রে আমের জেলি টুকরো রেখে তার উপর দুধের মিশ্রণ ঢেলে ফ্রিজে রাখুন। জমে গেলে কেটে পরিবেশন করুন মজাদার কাঁচা আমের পুডিং।
কাঁচা আমের টক স্বাদ আর মিষ্টির মিশেলে তৈরি এই ডেজার্টগুলো গরমের দিনে এনে দিতে পারে ভিন্নরকম স্বাদ। পরিবারের সবাইকে চমকে দিতে চাইলে ঘরেই সহজ উপকরণে বানিয়ে ফেলতে পারেন এই মজার পদগুলো।
