সপ্তাহে ১ কেজি ওজন কমাতে প্রতিদিন কত কদম হাঁটতে হবে

ওজন কমানোর জন্য হাঁটা সবচেয়ে সহজ এবং কার্যকর ব্যায়ামগুলোর একটি। জিমে যাওয়ার সুযোগ না থাকলেও নিয়মিত হাঁটার অভ্যাস শরীরকে সক্রিয় রাখে, ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে ওজন নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে।
তবে অনেকেরই প্রশ্ন, সপ্তাহে ১ কেজি ওজন কমাতে প্রতিদিন ঠিক কত কদম হাঁটতে হবে?
বিশেষজ্ঞদের মতে, এর নির্দিষ্ট কোনো একক সংখ্যা নেই। কারণ, একজন মানুষের ওজন, বয়স, উচ্চতা, হাঁটার গতি, খাদ্যাভ্যাস এবং বিপাকক্রিয়ার ওপর ক্যালোরি খরচ নির্ভর করে। তাই সবার জন্য একই পরিমাণ হাঁটা কার্যকর হবে না।
সপ্তাহে ১ কেজি ওজন কমাতে কত ক্যালোরি পোড়াতে হয়?
প্রায় ১ কেজি শরীরের চর্বি কমাতে প্রায় ৭৭০০ ক্যালোরির ঘাটতি তৈরি করতে হয়। অর্থাৎ সপ্তাহে ১ কেজি ওজন কমাতে হলে প্রতিদিন গড়ে প্রায় ১১০০ ক্যালোরির ঘাটতি প্রয়োজন।
এই ঘাটতি শুধু হাঁটার মাধ্যমে তৈরি করা কঠিন। তাই বিশেষজ্ঞরা হাঁটার পাশাপাশি নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস অনুসরণ করার পরামর্শ দেন।
তাহলে প্রতিদিন কত কদম হাঁটবেন?
এনডিটিভিতে প্রকাশিত একটি প্রতিবেদনে ওজন কমানোর বিশেষজ্ঞের ব্যাখ্যা অনুযায়ী, শুধু হাঁটার মাধ্যমে ১ কেজি চর্বি কমাতে প্রতিদিন প্রায় ১০ হাজার থেকে ১৫ হাজার কদম হাঁটার প্রয়োজন হতে পারে। তবে এটি ব্যক্তি ভেদে কম বা বেশি হতে পারে।
অন্যদিকে সামগ্রিক স্বাস্থ্য ও ধীরে ধীরে ওজন কমানোর জন্য প্রতিদিন ৮ হাজার থেকে ১০ হাজার কদম হাঁটা অধিকাংশ মানুষের জন্য একটি বাস্তবসম্মত লক্ষ্য বলে ধরা হয়।
শুধু হাঁটলেই কি ১ কেজি ওজন কমবে?
না। শুধু হাঁটার ওপর নির্ভর করলে অনেকের ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে।
কারণ, ওজন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিন কত ক্যালোরি খাচ্ছেন, কত ক্যালোরি খরচ করছেন, পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করছেন কিনা, নিয়মিত ঘুম, শক্তিবর্ধক ব্যায়াম বা রেজিস্ট্যান্স ট্রেনিং এবং দীর্ঘমেয়াদি ধারাবাহিকতা।
বিশেষজ্ঞদের মতে, হাঁটার সঙ্গে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যুক্ত করলে ফল অনেক ভালো হয়।
হাঁটার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন
- আরামদায়ক জুতা পরুন।
- ধীরে শুরু করে ধীরে ধীরে কদমের সংখ্যা বাড়ান।
- সপ্তাহে অন্তত পাঁচ দিন হাঁটার চেষ্টা করুন।
- সম্ভব হলে দ্রুত গতিতে হাঁটুন।
- দীর্ঘ সময় একটানা বসে না থেকে মাঝেমধ্যে হাঁটুন।
- পর্যাপ্ত পানি পান করুন।
- দ্রুত ওজন কমানোর চেয়ে নিরাপদ ওজন কমানো গুরুত্বপূর্ণ
চিকিৎসকরা সাধারণত সপ্তাহে প্রায় ০.৫ থেকে ১ কেজি ওজন কমাকে নিরাপদ ও টেকসই বলে মনে করেন। খুব দ্রুত ওজন কমানোর চেষ্টা করলে পেশি কমে যাওয়া, ক্লান্তি বা পুষ্টির ঘাটতির মতো সমস্যা দেখা দিতে পারে।
সপ্তাহে ১ কেজি ওজন কমাতে প্রতিদিন কত কদম হাঁটতে হবে, তার নির্দিষ্ট উত্তর নেই। তবে নিয়মিত ৮ থেকে ১০ হাজার কদম হাঁটা, প্রয়োজন অনুযায়ী তা ১০ থেকে ১৫ হাজার কদমে বাড়ানো এবং এর সঙ্গে সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ করলে ওজন কমানোর লক্ষ্য অর্জন করা সহজ হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হঠাৎ অতিরিক্ত হাঁটা নয়, বরং নিয়মিত ও ধারাবাহিকভাবে সক্রিয় থাকা।
.png)






