যে ৮ ধরনের খাবার মাইক্রোওয়েভে কখনোই গরম করবেন না

প্রতিদিনের ব্যস্ত জীবনে দ্রুত খাবার গরম করতে আমরা অনেকেই মাইক্রোওয়েভ ব্যবহার করি। ফ্রিজ থেকে খাবার বের করে সোজা ওভেনে ঢুকিয়ে দেই। কিন্তু সব ধরনের খাবার মাইক্রোওয়েভে গরম করা নিরাপদ না। কিছু খাবার গরম করলে বিস্ফোরণ, আগুনের স্ফুলিঙ্গ বা খাবার ছিটকে পড়ার মতো ঘটনা ঘটতে পারে। আবার কিছু খাবারের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে।
জেনে নিন, কোন খাবারগুলো মাইক্রোওয়েভে গরম করা উচিত না।
প্রক্রিয়াজাত মাংস
সসেজ, হট ডগসহ বিভিন্ন প্রক্রিয়াজাত মাংস মাইক্রোওয়েভে গরম করা উচিত না। মাইক্রোওয়েভে প্রক্রিয়াজাত মাংস গরম করলে তা আপনার হৃদস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
মাইক্রোওয়েভের তাপে এসব খাবারে কোলেস্টেরল অক্সিডেশন প্রোডাক্টস বা COPs তৈরি হতে পারে। এই উপাদান ধমনিতে চর্বির আস্তরণ জমা, এমনকি করোনারি হৃদরোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। তাই সতর্কতার জন্য প্রক্রিয়াজাত মাংস মাইক্রোওয়েভে গরম না করাই ভালো।
আস্ত কাঁচা ডিম
মাইক্রোওয়েভে আস্ত কাঁচা ডিম দিলে তা বিস্ফোরিত হতে পারে। মাইক্রোওয়েভে গরম করলে এর ভেতরে বাষ্প ও চাপ তৈরি হয়। ফলে ডিমটি গরম করার সময় ফেটে যেতে পারে। এমনকি মাইক্রোওয়েভ থেকে বের করার পরও প্রচণ্ড শব্দে ডিমটি ফেটে যেতে পারে। তাই মাইক্রোওয়েভে কখনোই আস্ত কাঁচা ডিম গরম করবেন না।
আঙুর
কেউ কেউ ফ্রিজে রাখা আঙুরের ঠান্ডা ভাব কমাতে মাইক্রোওয়েভে গরম করার কথা ভাবতে পারেন। কিন্তু এটা কখনোই করা যাবে না। আঙুর মাইক্রোওয়েভে গরম করলে প্লাজমা তৈরি হতে পারে, যা ছোট আগুনের শিখার মতো দেখায়। এতে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ ও বিস্ফোরণের ঝুঁকি থাকে। তাই আঙুর কখনও মাইক্রোওয়েভে গরম করা উচিত না।
গাজর
গাজরে মাটি থেকে শোষিত বিভিন্ন খনিজ উপাদান থাকতে পারে। মাইক্রোওয়েভে গরম করার সময় এসব খনিজের সঙ্গে বিক্রিয়া হয়ে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ তৈরি হতে পারে। এই ঘটনাকে আর্কিং বলা হয়।
একই ধরনের ঘটনা হট ডগের ক্ষেত্রেও ঘটতে পারে। এতে থাকা লবণ ও বিভিন্ন উপাদানের অসম বণ্টনের কারণে মাইক্রোওয়েভে স্ফুলিঙ্গ তৈরি হতে পারে। এরকম হলে সঙ্গে সঙ্গে মাইক্রোওয়েভ বন্ধ করে দিতে হবে। তাই এজাতীয় খাবার কখনও ওভেনে দেবেন না।
বুকের দুধ ও ফর্মুলা দুধ
শিশুর জন্য বুকের দুধ বা ফর্মুলা দুধ মাইক্রোওয়েভে গরম করা উচিত না। কারণ এতে তরল সমানভাবে গরম হয় না। ফলে বোতলের কিছু অংশ অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, এতে শিশুর মুখ পুড়ে যেতে পারে। তাই শিশুর নিরাপত্তার খাতিরে বুকের দুধ কখনোই মাইক্রোওয়েভে গরম করবেন না।
এর পরিবর্তে একটি পাত্রে পানি গরম করে চুলা থেকে নামিয়ে তাতে দুধের বোতলটি কিছুক্ষণ রেখেও উষ্ণ করতে পারেন।
কাঁচা মাংস
মাইক্রোওয়েভে কাঁচা মাংস রান্না করলে সব অংশ সমানভাবে সেদ্ধ বা রান্না নাও হতে পারে। বিশেষ করে মুরগির মাংসের ভেতরের কিছু অংশ কাঁচা থেকে যেতে পারে। এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা জীবাণু থেকে যাওয়ার ঝুঁকি থাকে।
তাই মাইক্রোওয়েভে কাঁচা মাংস রান্না করলে ফুড থার্মোমিটার দিয়ে মাংসের কয়েকটি অংশের তাপমাত্রা পরীক্ষা করা জরুরি। মুরগির মাংসের ভেতরের তাপমাত্রা অন্তত ১৬৫ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৭৪ ডিগ্রি সেলসিয়াস হতে হবে।
সাধারণ পানি
মাইক্রোওয়েভে পানি গরম করার সময় সুপারহিটিংয়ের ঘটনা ঘটতে পারে। অর্থাৎ পানির ফুটন্ত তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলেও বাইরে থেকে ফুটতে দেখা যায় না।
এ অবস্থায় কাপটি মাইক্রোওয়েভ থেকে বের করলে পানি হঠাৎ ফুটে ছিটকে পড়তে পারে। এতে হাত বা শরীরের অন্য অংশ পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
বিভিন্ন ধরনের সস
পানির মতোই, মাইক্রোওয়েভে গরম করা সসের ভেতরেও ‘হট স্পট’ তৈরি হতে পারে। এগুলো হঠাৎ ফেটে গেলে গরম সস চারদিকে ছড়িয়ে পড়তে পারে। তাই সস মাইক্রোওয়েভের পরিবর্তে চুলায় গরম করা ভালো। এতে গরম করার সময় সহজেই নাড়াচাড়া করা যায়, আর তাপও চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়তে পারে।


