logo

ফ্রিজে রাখলেও ধনেপাতা নষ্ট হচ্ছে, দীর্ঘদিন টাটকা রাখবেন যেভাবে

ফ্রিজে রাখলেও ধনেপাতা নষ্ট হচ্ছে, দীর্ঘদিন টাটকা রাখবেন যেভাবে
ছবি: টিভি৯ বাংলা

রান্নায় ধনেপাতার ব্যবহার খাবারের স্বাদ ও গন্ধ দুটোই বাড়িয়ে দেয়। শীতকালীন তরকারিতে ধনেপাতা পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। ডাল, তরকারি, ভর্তা, চাটনি বা সালাদ, প্রায় সব ধরনের খাবারেই ধনেপাতা ব্যবহার করা যায়। কিন্তু বাজার থেকে ধনেপাতা কিনে আনার দুদিনের মধ্যেই দেখা যায় তা নেতিয়ে পড়েছে বা পচে গেছে। ফ্রিজে রাখার পরও অনেক সময় এই সমস্যা এড়ানো যায় না।

তবে কিছু সহজ কৌশল মেনে চললে ধনেপাতা তুলনামূলক বেশি দিন সতেজ রাখা সম্ভব। ধনেপাতা কেনা থেকে শুরু করে ফ্রিজে সংরক্ষণ পর্যন্ত কয়েকটি বিষয় খেয়াল রাখলেই অপচয় কমাতে পারবেন।

কেনার সময় সতেজ ধনেপাতা বেছে নিন

ধনেপাতা দীর্ঘদিন ভালো রাখার প্রথম শর্ত হলো বাজার থেকে সতেজ দেখে কিনে আনতে হবে। কেনার সময় উজ্জ্বল সবুজ রঙের পাতা আর শক্ত ও সতেজ ডাঁটাযুক্ত ধনেপাতা বেছে নিন।

যেসব পাতায় হলুদ বা কালচে দাগ আছে, সেগুলো এড়িয়ে চলুন। পচে যাওয়া বা নেতিয়ে পড়া পাতাও কিনবেন না। বাড়িতে আনার পর পুরো গোছাটি খুলে শুকনো, বিবর্ণ ও নষ্ট পাতাগুলো আলাদা করে ফেলুন। ধনেপাতায় পানি লেগে থাকলে পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে আলতোভাবে মুছে শুকিয়ে নিন।

পানিভর্তি পাত্রে ফুলের মতো করে রাখুন

ধনেপাতা সতেজ রাখার একটি সহজ উপায় হলো ফুলদানিতে ফুল রাখার মতো করে সংরক্ষণ করা।

প্রথমে ধনেপাতার ডাঁটার নিচের অংশ সামান্য কেটে নিন। এরপর একটি পরিষ্কার কাচের পাত্র বা গ্লাসে অল্প পানি নিয়ে ডাঁটার নিচের অংশ পানিতে ডুবিয়ে রাখুন। তবে পাতাগুলো যেন পানির মধ্যে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।

এবার পাত্রের ওপর একটি পরিষ্কার খাবার রাখার উপযোগী ব্যাগ আলগাভাবে দিয়ে ঢেকে ফ্রিজে রাখুন। এতে ধনেপাতা সহজে নেতিয়ে পড়বে না। পাত্রের পানি ঘোলা বা নোংরা হয়ে গেলে বদলে দিন। পাতাগুলোর দিকে নিয়মিত খেয়াল রাখতে হবে।

পেপার টাওয়েল বা টিস্যু ব্যবহার করুন

পানিতে ডুবিয়ে রাখতে না চাইলে ধনেপাতা সংরক্ষণে পেপার টাওয়েল বা রান্নাঘরের টিস্যু ব্যবহার করতে পারেন।

প্রথমে ধনেপাতা ভালোভাবে শুকিয়ে নিন। এরপর শুকনো টিস্যু দিয়ে পাতাগুলো আলতোভাবে মুড়িয়ে একটি পরিষ্কার পাত্র বা ব্যাগে ভরে ফ্রিজে রাখুন। টিস্যু পাতার বাড়তি আর্দ্রতা শুষে নেয়। ফলে অতিরিক্ত পানির কারণে পাতা পচে যাওয়ার আশঙ্কা কমে। তবে টিস্যু ভিজে গেলে সেটি ফেলে নতুন শুকনো টিস্যু ব্যবহার করুন।

ফ্রিজে রাখার আগে ধনেপাতা ধোয়া যাবে না

অনেকেই বাজার থেকে ধনেপাতা কিনে আনার পরপরই ধুয়ে ফ্রিজে রেখে দেন। কিন্তু পাতার গায়ে পানি লেগে থাকলে সেগুলো দ্রুত নষ্ট হতে পারে। তাই দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে ব্যবহারের ঠিক আগে ধনেপাতা ধুয়ে নিতে পারেন।

তবে আগে ধুয়ে রাখতে চাইলে প্রতিটি পাতা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। কোনো অংশে পানি জমে থাকলে সেটিও মুছে ফেলুন। এরপর টিস্যুতে মুড়িয়ে ফ্রিজে সংরক্ষণ করুন।

নিয়মিত নষ্ট পাতা সরিয়ে ফেলুন

ধনেপাতা যে পদ্ধতিতেই সংরক্ষণ করুন না কেন, মাঝেমধ্যে পরীক্ষা করা জরুরি। কোনো পাতা হলুদ হয়ে গেলে, কালচে দাগ দেখা দিলে বা পচন ধরলে দ্রুত সেটি আলাদা করে ফেলুন। কারণ একটি পচা পাতা থেকে অন্য পাতাতেও পচন ছড়িয়ে পড়তে পারে।

এ ছাড়া ধনেপাতায় অতিরিক্ত পিচ্ছিল ভাব বা দুর্গন্ধ দেখা দিলে সেটি আর খাবারে ব্যবহার করবেন না।

ধনেপাতা ভালো রাখার মূল কৌশল আসলে কী?

ধনেপাতা দ্রুত নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো অতিরিক্ত আর্দ্রতা ও উপযুক্ত সংরক্ষণের অভাব। তাই ফ্রিজে রাখার আগে পাতাগুলো শুকনো রাখা, নষ্ট পাতা বেছে ফেলে দেওয়া ও সঠিক পাত্রে সংরক্ষণ করা জরুরি।

এই পাঁচটি নিয়ম মেনে চললে ধনেপাতা তুলনামূলক বেশি দিন সতেজ রাখা সম্ভব। এতে বারবার বাজার থেকে ধনেপাতা কিনতে হবে না আর অপচয়ও রোধ করা যাবে।

সূত্র: টিভি৯ বাংলা