আজ ভাই-বোনের সম্পর্ক উদ্যাপনের দিন

ন্যাশনাল সিবলিংস ডে (National Siblings Day) এমন একটি দিন, যেদিন ভাই-বোনের বিশেষ বন্ধনকে স্মরণ ও উদ্যাপন করা হয়। কখনো ঝগড়া, কখনো হাসি, কখনো মারামারি—সবকিছুর মাঝেই ভাই-বোনের সম্পর্ক জীবনের অন্যতম দীর্ঘস্থায়ী ও গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি।
আজ সেই মধুর সম্পর্ক উদ্যাপন করার দিন। অনেকের জীবনেই ভাই-বোন এমন একজন সঙ্গী, যার সঙ্গে ছোটবেলা থেকে বড় হওয়া, বিভিন্ন স্মৃতি ভাগ করে নেওয়া এবং জীবনের নানা সময় পাশে থাকা সবকিছুই জড়িয়ে থাকে।
কেন ভাই-বোনের সম্পর্ক এত গুরুত্বপূর্ণ?
ভাই-বোনের সম্পর্ক সাধারণত জন্ম থেকে জীবনের শেষ পর্যন্ত থাকে। একই প্রজন্মে বড় হওয়ায় এই সম্পর্ক অনেক সময় বাবা-মায়ের সম্পর্কের চেয়েও দীর্ঘ হয় এ সম্পর্ক। ছোটবেলার স্মৃতি ভাগাভাগি, মানসিক সমর্থন ও জীবনের কঠিন সময়ে পাশে থাকা - এসব কারণে ভাই-বোনের বন্ধন আলাদা গুরুত্ব বহন করে আমাদের জীবনে।
কীভাবে উদ্যাপন করবেন এই দিন?
এই দিনটি উদ্যাপন করার জন্য বড় আয়োজনের প্রয়োজন নেই। ছোট ছোট উদ্যোগই যথেষ্ট।
একসঙ্গে সময় কাটান। ভাই বা বোনের সঙ্গে ফোনে কথা বলুন, একসঙ্গে একবেলা কোথাও খেতে যান বা কাছে কোথাও হাঁটতে বের হন। নিজেদের ছোটবেলার স্মৃতি মনে করুন।
যাদের ভাই-বোন আর বেঁচে নেই, তারা পুরোনো স্মৃতির জায়গায় গিয়ে সময় কাটাতে পারেন বা ছবি দেখে ভাই বা বোনকে স্মরণ করতে পারেন।
এই দিনের ইতিহাস
ক্লডিয়া এভার্ট (Claudia Evart) এই দিনের সূচনা করেন। ছোটবেলায় দুর্ঘটনায় ভাই ও বোনকে হারানোর পর তিনি এই দিনটি চালু করেন। তার বোনের জন্মদিনকে স্মরণ করে এই দিনটি নির্ধারণ করা হয়। ১৯৯৫ সালে তিনি ‘Siblings Day Foundation’ প্রতিষ্ঠা করেন, যাতে এই দিনটি বিশ্বজুড়ে পরিচিত হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে এই দিনটি পালন করা হয়।
ভাই-বোন সম্পর্ক নিয়ে কিছু তথ্য
সম্পর্ক অনেক সময় বিবাহের চেয়েও দীর্ঘস্থায়ী : গবেষণায় দেখা গেছে, ভাই-বোনের সম্পর্ক অনেক সময় বিয়ে বা বন্ধুত্বের চেয়েও দীর্ঘস্থায়ী হয়।
জন্মক্রম ব্যক্তিত্বে প্রভাব ফেলতে পারে : বড় সন্তানরা সাধারণত দায়িত্বশীল ও নেতৃত্বে এগিয়ে থাকে এবং ছোটরা তুলনামূলকভাবে ঝুঁকি নিতে বেশি আগ্রহী।
একসন্তান পরিবার বাড়ছে : বর্তমানে বিশ্বের অনেক দেশে একসন্তান পরিবার বাড়ছে, বিশেষ করে শহরাঞ্চলে।
মানসিক স্বাস্থ্যে প্রভাব
ভালো ভাইবোন সম্পর্ক সাধারণত মানসিক চাপ কমায় এবং উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে। অন্যদিকে, দীর্ঘদিনের ঝগড়া বা নির্যাতন মানসিক সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।
যমজদের ওপর গবেষণা থেকে জানা যায়, মানুষের ব্যক্তিত্ব ও আচরণে জিন এবং পরিবেশ দুটোরই বড় ভূমিকা আছে।
মনে রাখবেন, ভাইবোনের মধ্যে সহিংসতা অবহেলার বিষয় নয়। অনেক ক্ষেত্রে ভাই-বোনের ঝগড়া শুধু মজা নয়, তা গুরুতর আকার নিতে পারে এবং মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।
ন্যাশনাল সিবলিংস ডে শুধু একটি উদ্যাপনের দিন নয় বরং এটি সম্পর্ককে নতুনভাবে মূল্যায়নের সুযোগ। ভাইবোনের সঙ্গে সম্পর্ক সবসময় নিখুঁত নাও হতে পারে, কিন্তু এই সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। তাই আজকের দিনে নিজেদের একটু সময় দিন, যোগাযোগ করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন।