শিশুদের আত্মবিশ্বাস না ভেঙে ভুল শুধরে দেবেন যেভাবে

শিশুরা ভুল করতে করতে শেখে। এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু ভুল থেকে তারা কীভাবে শিক্ষা নেবে এটা অনেকটাই নির্ভর করে অভিভাবকরা কীভাবে তাদের ভুলগুলো শুধরে দিচ্ছেন তার ওপর। ভুল শোধরাতে গিয়ে বাচ্চাকে কখনোই অন্যের সামনে ছোট করা উচিত না। এতে তারা অপমানিত বোধ করে ও আত্মবিশ্বাস একদম কমে যায়।
অনেক অভিভাবকই শিশুর ভুল শুধরে দিতে গিয়ে অনেক সময় নিজের অজান্তেই তার আত্মবিশ্বাসে আঘাত করেন। ইচ্ছাকৃতভাবে হয়তো তারা এ রকম করেন না, কিন্তু সন্তানের ভালো করতে গিয়ে অতিরিক্ত সমালোচনা করে ফেলেন।
পরীক্ষায় খারাপ ফল করলে বকাঝকা করা, কোনো কাজ ঠিকমতো না পারলে অযোগ্য বলা বা অন্যের সামনে ভুল নিয়ে কথা শোনানো শিশুর মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বকাঝকা বা অপমান না করে কীভাবে গঠনমূলকভাবে ভুল ধরিয়ে দিতে হয়, তা জানা জরুরি।
শিশুকে নয়, তার ভুল আচরণকে সংশোধন করুন
শিশুর কোনো কাজে ভুল হলে তাকে অলস, অমনোযোগী বা দায়িত্বজ্ঞানহীন বলে অপমান করা উচিত না। কারণ, বারবার এমন কথা শুনতে শুনতে নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়ে যেতে পারে। সে ভাবতে পারে, তাকে দিয়ে হয়তো কোনো কাজই করা সম্ভব না।
যেমন, পরীক্ষার প্রস্তুতি ভালো না থাকলে তাকে কখনও ভালো করতে পারবে না বলা ঠিক না। বরং কোন জায়গায় প্রস্তুতির ঘাটতি আছে, তা বুঝিয়ে বলা উচিত। একইভাবে, সময়মতো কাজ শেষ করতে না পারলে কেন এমন হলো আর পরেরবার কীভাবে সময় ভাগ করে কাজটি করা যায়, তা নিয়ে কথা বলতে পারেন। সুন্দরমতো বুঝিয়ে বললে শিশু আগ্রহের সঙ্গে নিজের ভুল শোধরানোর চেষ্টা করে।
সবার সামনে প্রশংসা করুন, ভুল ধরিয়ে দিন একান্তে
শিশুর ভালো কাজের প্রশংসা অন্যদের সামনে করলে সে উৎসাহ পায়। কিন্তু আত্মীয়স্বজন, বন্ধু বা সহপাঠীদের সামনে ভুলের জন্য বকাঝকা করলে সে বিব্রত হতে পারে। নিজেকে তাদের সামনে ছোট মনে করতে পারে।
এতে শিশুর মনে ক্ষোভ তৈরি হতে পারে। পাশাপাশি অভিভাবকের প্রতি বিশ্বাসও কমে যেতে পারে। তাই অন্যদের সামনে অপমান না করে নিরিবিলি সময়ে শিশুর সঙ্গে কথা বলুন। তবে শিশুর কোনো আচরণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে সঙ্গে সঙ্গে থামানো জরুরি। পরবর্তী সময়ে শান্ত পরিবেশে বিষয়টি বিস্তারিত বুঝিয়ে বলুন।
ভুল ধরিয়ে দেয়ার আগে ভালো দিকগুলো তুলে ধরুন
শিশুর কোনো কাজে প্রত্যাশিত ফল না এলেও তার চেষ্টা ও ইতিবাচক দিকগুলোর জন্য প্রশংসা করা উচিত। যেমন, পরীক্ষায় খারাপ ফল করলে শুধু নম্বর নিয়ে কথা না বলে সে কতটা সময় ধরে পড়াশোনা করেছে, কতটা চেষ্টা করেছে, সেটিও তার সামনে বলুন। এরপর কোন বিষয়ে সমস্যা হয়েছে এবং পরেরবার কীভাবে আরও ভালো ফল করতে পারবে, তা নিয়ে আলোচনা করুন।
প্রশংসা যেন বাস্তবসম্মত হয়। শিশুর চেষ্টা, উন্নতি আর শেখার আগ্রহকে গুরুত্ব দিলে সে নিজের সক্ষমতা সম্পর্কে ইতিবাচক ধারণা পায়।
বকাঝকা না করে আলোচনার মাধ্যমে ভুল বুঝিয়ে দিন
আমাদের বাঙালি বাবা-মায়েদের মধ্যে অনেকেই আছেন, যারা বাচ্চা কোনো ভুল করলেই তাকে পেটাতে শুরু করেন বা অনেক বকাঝকা করেন। এটা কখনোই করা উচিত না। শিশু কোনো ভুল করলে সঙ্গে সঙ্গে রাগ দেখানোর পরিবর্তে শান্তভাবে তার সঙ্গে কথা বলুন।
কেন ভুলটি হলো, তখন তার কী মনে হয়েছিল এবং পরেরবার কীভাবে এমন পরিস্থিতি এড়ানো যায়, এসব বিষয়ে জানতে চান।
তাকে কয়েকটি প্রশ্ন করতে পারেন। যেমন, কাজটির কোন দিকটা ভালো হয়েছে? পরেরবার কী পরিবর্তন করা যায়? আরও ভালো করতে কী ধরনের সাহায্য দরকার? এভাবে প্রশ্নের মাধ্যমে শিশুকে নিজের ভুল নিয়ে ভাবতে উৎসাহিত করা যায়।
পড়াশোনার সময়সূচি তৈরি, মোবাইল ব্যবহারের সময় কমানো বা কঠিন কোনো বিষয়ের পরিকল্পনাও তার সঙ্গে আলোচনা করে ঠিক করা ভালো। নিজের সিদ্ধান্তে তৈরি পরিকল্পনা বাস্তবায়নে শিশু সাধারণত বেশি আগ্রহী হয়।
শিশুর সঙ্গে বিশ্বাসের সম্পর্ক তৈরি করুন
শিশুকে ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকের সঙ্গে তার বিশ্বাসের সম্পর্ক গুরুত্বপূর্ণ। শিশু যদি মনে করে, ভুল করলে তাকে অপমান করা হবে না, তাহলে সে নিজের সমস্যা ও ভুলের কথা সহজে বলতে পারবে।
অভিভাবকদেরও নিজেদের আচরণে সতর্ক থাকতে হবে। কোনো ভুল করলে সন্তানের সামনে তা স্বীকার করা এবং দরকার হলে ক্ষমা চাওয়া উচিত। এতে শিশু বুঝতে পারে, বড়রাও ভুল করতে পারেন আর ভুল স্বীকার করা কোনো দুর্বলতা না।
শিশুর আত্মবিশ্বাস বাড়ানোই সংশোধনের উদ্দেশ্য হওয়া উচিত
শিশুর প্রতিটি ছোটখাটো ভুল নিয়ে সমালোচনা করা জরুরি না। বরং কোন পরিবর্তনগুলো তার জন্য গুরুত্বপূর্ণ, তা বুঝিয়ে দেওয়া দরকার। সন্তানকে বড় করার উদ্দেশ্য শুধু তাকে ভুল থেকে দূরে রাখা না, বরং এমনভাবে শেখানো, যাতে সে নিজের ভুল স্বীকার করতে পারে, নতুন কিছু শেখার সাহস পায় আর ভবিষ্যতে নিজেই ভালো সিদ্ধান্ত নিতে শেখে।
শিশুর বেড়ে ওঠার প্রতিটি ধাপেই নতুন কিছু শেখা ও ভুল করার বিষয় জড়িয়ে থাকে। পড়াশোনা, আচরণ বা দৈনন্দিন কাজ, সব ক্ষেত্রেই শিশুর ভুল হতে পারে। অভিভাবকের দায়িত্ব হলো সেই ভুল বুঝতে সাহায্য করা ও ভবিষ্যতে আরও ভালো করার পথ দেখানো।
তথ্যসূত্র: Gulf News
