বাস-ট্রেনে জানালার পাশের আসন পছন্দ করেন? এই অভ্যাস আপনার সম্পর্কে কী বলে

বাস, ট্রেন অথবা বিমানে উঠলে জানালার পাশের বসা অনেকেরই পছন্দ করেন। সুযোগ পেলে বাড়তি টাকা খরচ করেও কেউ কেউ এই আসনটিই বেছে নেন। বাইরে তাকিয়ে প্রকৃতি দেখা, আকাশের মেঘ উপভোগ করা বা রাস্তার পাশের দৃশ্য দেখতে দেখতে সময় কাটানো, সব মিলিয়ে জানালার পাশের আসনের প্রতি অনেকেরই আলাদা টান আছে।
তবে জানালার পাশের আসন পছন্দ করার পেছনে শুধু বাইরের দৃশ্য উপভোগ করার বিষয়টি কাজ করে না। ব্যক্তিগত পরিসর, নিজের মতো করে সময় কাটানো এবং ভ্রমণের সময় স্বস্তি পাওয়ার বিষয়গুলোও এর সঙ্গে জড়িত থাকতে পারে।
মনোবিজ্ঞানীদের কিছু পর্যবেক্ষণ থেকে ধারণা পাওয়া যায়, আসন বেছে নেওয়ার অভ্যাস মানুষের পছন্দ ও স্বভাবের কিছু দিক তুলে ধরতে পারে। তাহলে যারা জানালার পাশের আসন পছন্দ করেন, তাদের ব্যক্তিত্ব সম্পর্কে কী ধারণা পাওয়া যায়? চলুন দেরি না করে জেনে নিই।
নিজের মতো সময় কাটাতে ভালোবাসেন
যারা জানালার পাশের আসন পছন্দ করেন, তাদের কেউ কেউ নিজের মতো করে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভ্রমণের সময় পাশের যাত্রীর সঙ্গে অনবরত কথা বলার পরিবর্তে বাইরে তাকিয়ে থাকা, গান শোনা অথবা নিজের চিন্তায় ডুবে থাকতেই তারা বেশি পছন্দ করতে পারেন।
জানালার পাশের আসনে বসলে একদিকে যেমন বাইরের দৃশ্য উপভোগ করা যায়, অন্যদিকে নিজের জন্যও কিছুটা ব্যক্তিগত পরিসর তৈরি হয়। বিশেষ করে ভিড়ের মধ্যে যারা কিছুটা নিরিবিলি সময় চান, তাদের কাছে এই আসনটি বেশ আরামদায়ক মনে হয়।
তবে জানালার পাশের আসন পছন্দ করলেই কেউ অন্তর্মুখী, এমনটা ভাবার কোনো কারণ নেই। অনেক মিশুক মানুষও শুধুমাত্র দৃশ্য উপভোগ করার জন্য এই আসন বেছে নেন।
চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে ভালোবাসেন
জানালার পাশের আসনে বসলে বাইরের জগৎকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায়। ট্রেন বা বাসের জানালা দিয়ে ছুটে চলা গ্রাম, নদী, মাঠ বা শহুরে ব্যস্ত রাস্তা দেখতে দেখতে অনেকেই সময় কাটাতে পছন্দ করেন। বিমানে থাকলে আকাশের মেঘ, সূর্যাস্ত বা ওপর থেকে দেখা শহরের দৃশ্যও তাদের আকর্ষণ করে।
এ ধরনের মানুষের মধ্যে চারপাশের পরিবেশের প্রতি কৌতূহল থাকতে পারে। তারা হয়তো ছোট ছোট বিষয় খেয়াল করেন, নতুন জায়গা দেখতে ভালোবাসেন বা পরিচিত দৃশ্যের মধ্যেও নতুন কিছু খুঁজে পান।
ভ্রমণের সময় শুধু গন্তব্যে পৌঁছানো না, পথের অভিজ্ঞতাও এমন মানুষদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে।
চিন্তা করার জন্য নিরিবিলি সময় পছন্দ করেন
জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে কখনো কি পুরোনো কোনো স্মৃতি মনে পড়ে? বা ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে কখন যে অনেকটা পথ পেরিয়ে গেছেন, তা খেয়ালই করেননি?
অনেকের কাছে ভ্রমণ নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ। জানালার বাইরে ছুটে চলা দৃশ্য তাদের ভাবনার জগতে ডুব দিতে সাহায্য করে। কাজের চাপ, দৈনন্দিন ব্যস্ততা বা নানা দুশ্চিন্তা থেকে সাময়িক বিরতি নিতেও এই সময়টি কাজে লাগতে পারে।
এ কারণে যারা জানালার পাশের আসন পছন্দ করেন, তাদের কেউ কেউ ভ্রমণের সময়টিকে বিশ্রাম ও নিজের ভাবনাগুলো গুছিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখেন।
ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেন
ভ্রমণের সময় অপরিচিত মানুষের সঙ্গে পাশাপাশি বসে থাকতে হয়। কখনো সহযাত্রীর ওঠানামা, কখনো কথাবার্তা, আবার কখনো অন্যের নড়াচড়ার কারণে অস্বস্তি হতে পারে।
জানালার পাশের আসনে বসলে অন্তত একদিকে জানালা থাকায় নিজের জন্য কিছুটা নির্দিষ্ট জায়গা পাওয়া যায়। অনেকে এই আসনে বসে বই পড়তে, গান শুনতে অথবা ঘুমাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন।
এ থেকে ধারণা করা যায়, তাদের কাছে ব্যক্তিগত পরিসর ও নিজের সুবিধামতো সময় কাটানোর বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে এর অর্থ এই না যে তারা অন্য মানুষের সঙ্গ পছন্দ করেন না। বরং সামাজিকতা ও একান্তে থাকার মধ্যে ভারসাম্য বজায় রাখতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন।
ভ্রমণের ছোট ছোট আনন্দ উপভোগ করেন
অনেকের কাছে ভ্রমণের আনন্দ শুধু গন্তব্যে পৌঁছানোর মধ্যে সীমাবদ্ধ না। যাত্রাপথে নতুন জায়গা দেখা, প্রকৃতির পরিবর্তন লক্ষ করা অথবা আকাশের রং বদলে যেতে দেখার মধ্যেও এ ধরনের মানুষ আনন্দ খুঁজে পান।
বিশেষ করে বিমানে জানালার পাশে বসে মেঘের ওপর দিয়ে উড়ে যাওয়ার অভিজ্ঞতা অনেকের কাছেই বিশেষ। আবার ট্রেনের জানালা দিয়ে গ্রামের দৃশ্য দেখতে দেখতে সময় কাটানোও কারও কারও কাছে ভ্রমণের অন্যতম আকর্ষণ।
যারা জানালার পাশের আসন পছন্দ করেন, তাদের কাছে যাত্রাপথের এসব ছোট অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে। তারা হয়তো ছবি তুলতে, নতুন দৃশ্য দেখতে বা সাধারণ মুহূর্তগুলো মনে রাখতে ভালোবাসেন।
নিজের স্বস্তি ও সুবিধাকে গুরুত্ব দেন
জানালার পাশের আসন বেছে নেওয়ার পেছনে বাস্তব কিছু কারণও আছে। যেমন, বিমানে ঘুমানোর সময় জানালার পাশে মাথা ঠেকিয়ে রাখা যায়। আবার বারবার অন্য যাত্রীদের ওঠানামার জন্য জায়গা ছেড়ে দেওয়ার প্রয়োজনও হয় না।
কেউ কেউ জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে পছন্দ করেন। আবার কেউ শুধু আরামে ঘুমানোর জন্য এই আসন বেছে নেন। অর্থাৎ, সব সময় ব্যক্তিত্বের বিশেষ বৈশিষ্ট্যই আসন পছন্দের কারণ না। নিজের সুবিধা ও আরামও এখানে বড় ভূমিকা রাখে।
তাই জানালার পাশের আসন পছন্দ করার অভ্যাস থেকে কারও স্বভাব সম্পর্কে কিছু ধারণা পাওয়া গেলেও, এর পেছনে সাধারণ ও ব্যবহারিক কারণ থাকতে পারে।
জানালার পাশের আসন পছন্দ করলেই কি আপনি অন্তর্মুখী?
এর সহজ উত্তর হলো, না। শুধু জানালার পাশের আসন পছন্দ করেন বলে কাউকে অন্তর্মুখী, একাকী থাকতে ভালোবাসেন কিংবা নির্দিষ্ট ধরনের ব্যক্তিত্বের মানুষ বলে ধরে নেওয়া ঠিক না।
মানুষের ব্যক্তিত্ব অনেক বিষয় দিয়ে গড়ে ওঠে। তার অভিজ্ঞতা, পরিবেশ, চিন্তাভাবনা, সামাজিক আচরণ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ধরনও এতে ভূমিকা রাখে। আসন বেছে নেওয়ার মতো একটি অভ্যাস দিয়ে এসব বৈশিষ্ট্য নির্ভুলভাবে নির্ধারণ করা যায় না।
এ ছাড়া ভ্রমণের ধরনও আসন পছন্দের ওপর প্রভাব ফেলতে পারে। ছোট যাত্রায় কেউ জানালার পাশের আসন চাইতে পারেন, অথচ দীর্ঘ বিমানের যাত্রায় সহজে ওঠানামা করার সুবিধার জন্য আইলের পাশের আসন বেছে নিতে পারেন।
সব মিলিয়ে, জানালার পাশের আসন পছন্দ করার অভ্যাস আপনার ব্যক্তিগত পছন্দ, স্বস্তির ধরন এবং ভ্রমণ উপভোগ করার পদ্ধতি সম্পর্কে কিছু ইঙ্গিত দিতে পারে। তবে এটিকে ব্যক্তিত্ব বোঝার নির্ভরযোগ্য পরীক্ষা হিসেবে দেখা ঠিক না। বরং ভ্রমণের সময় কোন আসনে বসলে আপনার ভালো লাগে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র
Ei Samay: জানলার ধারের সিট পছন্দ? এই অভ্যাসই বলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব কেমন
Business Daily Africa: Window or aisle? What your plane seat preference says about power
Travel + Leisure: This Is What Flight Attendants Can Tell About You Based on Your Seat Choice
The Kitchn: Here's What Your Airplane Seat Choice Says About You
সম্পাদনায় সারিকা সাইয়ারা।
