logo

আজ বিশ্ব গণমাধ্যম দিবস

আজ বিশ্ব গণমাধ্যম দিবস

প্রতিদিন আমরা টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে খবর দেখি, পড়ি, শুনি। এই খবরগুলোই চারপাশের পৃথিবী সম্পর্কে আমাদের জানায়, সচেতন করে এবং অনেক সময় আমাদেরকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়াতেও সাহায্য করে। তাই গণমাধ্যম শুধু তথ্য দেওয়ার মাধ্যম নয়, এটি সমাজের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই গুরুত্বকে স্মরণ করতেই প্রতি বছর ৩ মে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব গণমাধ্যম দিবস।

বিশ্ব গণমাধ্যম দিবসের মূল উদ্দেশ্য হলো সংবাদমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিয়ে সচেতনতা তৈরি করা। একটি স্বাধীন গণমাধ্যম মানে এমন একটি সমাজ, যেখানে মানুষ সত্য জানার অধিকার পায় এবং মত প্রকাশের স্বাধীনতা থাকে।

এই দিবসের ইতিহাস শুরু হয় ১৯৯১ সালে। সে বছর আফ্রিকার নামিবিয়ার উইন্ডহোক শহরে এক সম্মেলনে সাংবাদিকরা একত্রিত হন। সেখানে তারা একটি ঘোষণা দেন, যা ‘উইন্ডহোক ঘোষণা’ নামে পরিচিত। এই ঘোষণায় বলা হয়, গণমাধ্যমকে স্বাধীন, বহুমুখী এবং নিরপেক্ষ হতে হবে।

পরবর্তীতে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে ৩ মে-কে বিশ্ব গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর এই দিনে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের ভূমিকা এবং তাদের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়।

বর্তমান সময়ে গণমাধ্যমের ভূমিকা আরও বেড়েছে। ডিজিটাল যুগে তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু এর সঙ্গে ভুয়া খবর বা ভুল তথ্য ছড়ানোর ঝুঁকিও থাকে। তাই দায়িত্বশীল সাংবাদিকতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

একটি সচেতন ও উন্নত সমাজ গড়ে তুলতে স্বাধীন গণমাধ্যমের কোনো বিকল্প নেই। বিশ্ব গণমাধ্যম দিবস আমাদের মনে করিয়ে দেয় - সত্য জানার অধিকার সবার, আর সেই সত্য তুলে ধরার দায়িত্ব গণমাধ্যমের।

এশিয়া পোস্টের পক্ষো থেকে সবাইকে বিশ্ব গণমাধ্যম দিবসের শুভেচ্ছা।