প্রতিদিন দুইবার দাঁত না মাজলে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

প্রতিদিন অন্তত দুইবার দাঁত না মাজলে হৃদরোগ বা হার্টের সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যেতে পারে। সাড়ে ১১ হাজারের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের ওপর চালানো একটি স্কটিশ গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। বিখ্যাত ব্রিটিশ মেডিকেল জার্নালে এ গবেষণা তথ্য প্রকাশিত হয়।
গবেষণায় অংশগ্রহণকারীদের কাছে ডেন্টিস্টের কাছে যাওয়ার হার এবং প্রতিদিন দাঁত মাজার সংখ্যা সম্পর্কে জানতে চাওয়া হয়। পাশাপাশি, নার্সরা তাদের চিকিৎসা ও পারিবারিক হৃদরোগের ইতিহাস, রক্তচাপের পরিমাপ এবং রক্তের নমুনা সংগ্রহ করেন।
প্রতি ১০ জনের মধ্যে ৬ জন ব্যক্তি প্রতি ৬ মাসে অন্তত একবার ডেন্টিস্টের কাছে যান বলে জানান। অন্যদিকে, ১০ জনের মধ্যে ৭ জন ব্যক্তি প্রতিদিন দু’বার দাঁত ব্রাশ করার কথা নিশ্চিত করেন।
৮ বছরব্যাপী চালানো এই গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে মোট ৫৫৫টি কার্ডিওভাসকুলার ইভেন্ট (যেমন: হার্ট অ্যাটাক) রেকর্ড করা হয়, যার মধ্যে ১৭০টি ঘটনাই ছিল প্রাণঘাতী।
স্থূলতা, ধূমপান ও পারিবারিক ইতিহাসের মতো প্রভাবকগুলো হিসাব করার পরও দেখা গেছে, যারা দিনে দু’বার দাঁত মাজেন তাদের তুলনায় যাদের মুখের স্বাস্থ্য সবচেয়ে খারাপ ছিল, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭০ শতাংশ বেশি।
বাজে ওরাল হাইজিন বা মুখের পরিচ্ছন্নতা বজায় না রাখা ব্যক্তিদের রক্তের নমুনায় প্রদাহ নির্দেশক বিশেষ প্রোটিনের উপস্থিতি পাওয়া গেছে।
গবেষকরা জানান, মুখ ও মাড়ির ভেতরের যেকোনো ধরনের ইনফেকশন বা প্রদাহ রক্তনালীতে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বাড়িয়ে দেয়, যা পরবর্তীতে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। রক্ত পরীক্ষার মাধ্যমে দেখা গেছে, যাদের ওরাল হাইজিন বা মুখের পরিচ্ছন্নতা দুর্বল, তাদের রক্তে প্রদাহ সৃষ্টিকারী প্রোটিনের মাত্রাও বেশি।
তবে মুখের স্বাস্থ্য সচেতনতা হৃদরোগের সরাসরি কারণ নাকি এটি ঝুঁকির একটি সাধারণ লক্ষণ, তা নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন এই গবেষণা দলের প্রধান ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক রিচার্ড ওয়াট।
এ বিষয়ে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের জ্যেষ্ঠ নার্স জুডি ও সুলিভান বলেন, নিয়মিত দাঁত পরিষ্কার না করলে মুখে ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে প্রদাহ তৈরি হতে পারে। তবে ধূমপান বা অনিয়মিত খাদ্যাভ্যাসের মতো অভ্যাসের কারণেও এটি জটিল হতে পারে। তাই হার্ট ভালো রাখতে সুষম খাদ্যগ্রহণ, ধূমপান না করা এবং নিয়মিত ব্যায়ামের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা জরুরি।
ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক ডেমিয়েন ওয়ালমসলে বলেন, হৃদরোগের সঙ্গে সরাসরি কার্যকারণ সম্পর্ক যেটাই হোক না কেন, ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দিনে দু’বার দাঁত মাজা, নিয়মিত ডেন্টিস্ট দেখানো এবং অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চললে দাঁত ও মাড়ি সুস্থ রাখা সম্ভব।
সূত্র: বিবিসি
.png)





